
বইছে বসন্ত বাতাস। কিন্তু সবাই যে বসন্ত বাতাসে খুশিতে ভাসছেন তা নয়। অনেকের ঠান্ডা লেগে হাঁচি-কাশি শুরু হয়ে গেছে। কারণ, ঋতুর পরিবর্তন। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে না পারলে সমস্যা হয়। কিছু বিষয় মাথায় রাখা দরকার। সেগুলো হচ্ছে:
১. আমাদের দেশে সাধারণত শীতের পর বসন্তের শুরুটা হয় আনন্দের। কারণ, শীতের সময় দিন ছোট হয়ে আসে। সূর্যের আলো থাকে না। দেশের উত্তরাঞ্চলে অনেক সময় সারা দিন কুয়াশায় ঢাকা থাকে। আকাশটা মেঘাচ্ছন্ন। মনটাও বিষণ্ন হয়ে পড়ে। সে তুলনায় বসন্তের আকাশ অনেক ঝকঝকে। চারদিক আলোয় আলোকিত। এ রকম উজ্জ্বল পরিবেশ বিষণ্নতা কাটায়।
২. শীতের সময় সূর্যালোকের অভাব ও প্রচণ্ড ঠান্ডার জন্য গাছের পাতা ঝরে যায়। কারণ, সূর্যের আলো না পেলে গাছের সবুজ পাতার ক্লোরোফিল সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করতে পারে না। ফলে সে তার পাতাগুলো ঝেড়ে ফেলে খাদ্য ঘাটতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করে। পাতাবিহীন গাছগুলো শুকনো ডালপালা নিয়ে দাঁড়িয়ে থাকে। প্রকৃতি রুক্ষ রূপ নেয়। কিন্তু যেই না শীত চলে যায়, অমনি গাছে গাছে নতুন পাতা আসে। ডালে ডালে কোকিল। রঙিন ফুলে প্রকৃতি সুশোভিত হয়ে ওঠে। তবে এই সময়ে আবার বাতাসে ফুলের রেণু ছড়ায়। সে জন্য অ্যালার্জি থেকে সামান্য হাঁচি-কাশি-জ্বর হতে পারে। একে বলা হয় ‘পোলেন-অ্যালার্জি’ (ফুলের রেণু থেকে সৃষ্ট প্রতিক্রিয়া)। এই অস্বস্তিকর অবস্থা খুব বেশি দিন চলে না। আপনাআপনি ভালো হয়ে যায়। প্রয়োজনে অ্যালার্জি-রোধক সাধারণ ওষুধ খাওয়া যেতে পারে।
৩. ঋতুর পরিবর্তনের সময়টায় একটু সাবধানে থাকলে সমস্যা হয় না। আবহাওয়ার পরিবর্তন শরীরে সইয়ে নিতে কিছু ব্যবস্থা নেওয়া যেতে পারে। যেমন দুপুরে কিছুটা গরম লাগলেও সকাল ও সন্ধ্যায় সামান্য শীত থাকে। তাই সকাল-সন্ধ্যায় ঠান্ডা যেন না লাগে, সেদিকে খেয়াল রাখতে হবে। আবার গরমে ঘামের কারণেও ঠান্ডা লেগে যেতে পারে। এ সময়টা বেশ হিসাব করে চলতে হয়।