এই বসন্তে ফুল ফোটার কথা
পরবাসে একজন প্রবাসী যুবক যখন জখমী হতে থাকে প্রেমের প্রহারে, তাঁর মনের মধ্যে ব্যাপক পরিবর্তন হবারই কথা। সে তখন কথা বলে কম। ঘুমোয় দেরিতে। খাবে কি খবর থাকে না। অবসরে বসে থাকে পারস্য উপসাগরকে সামনে রেখে। তাঁর যেন কোথাও যাবার থাকে না আকাশের মতো। সমুদ্রসংগীতের সুর প্ররোচিত করার পাশাপাশি ভেতরের রোদন একাকীত্বকে আরও গাঢ় করে। মরুফেরত বাতাসের তাপ লাগে মনের জানালায়। রোদপোড়া দুপুর, ধোঁয়াশা আকাশ, ধূসর পাহাড় ভিন্ন এক রঙ ঢেলে তাঁর জীবনের রঙের একই সঙ্গে তিন রকমের ভালোবাসায় দিনরাত কাটে। এই ভালোবাসার মধ্যে রয়েছে মা, মাতৃভূমি ও প্রেয়সী।
দূরত্বের কারণে বুঝি নৈকট্যের আকাঙ্খা বাড়ে। টেকনোলজিকে ধন্যবাদ দিতেই হয়। এর কল্যাণে মার সঙ্গে মোবাইলে কথা ও দেখা হয় ফেস-টাইমে। মাতৃভূমি হয়তো আড়ালে থেকে যায়। প্রেয়সীর কথা উঠতেই বদরুল হাসান ওরফে অমিত অনেক আবেগের পরিচিত এক কষ্টকে সামাল দিতে থাকে। সে বলে, ভালোবাসাকে ছুঁয়ে ওয়াদা করেছিলাম, বিরহকে দুই বছরের বেশি বাড়াবো না। নানান প্রবাসজাত ঝামেলায় তিন বছর পেরিয়ে গেল বলে রাগে ও অনুরাগে তাঁর প্রেয়সী ‘মানসী’ এখন অন্যরকম মানুষ।
অমিত নামটা মানসীর দেওয়া। বোঝা যায় সে ‘শেষের কবিতা’ পড়ে শেষ করেছে। দিলরুবা হুছনে আরাকে বদরুল ‘মানসী’ বলে ডাকে। সেটা জানলাম দুবাইয়ের এক পাঁচতারকা হোটেলের বৈঠকখানায় বসে। সেখানে বসেই দেখা যায় ফেনার ফণা তুলে ঢেউগুলো নিজেই মিশে যায় নিজের তরলে। মহাকালের সাগরে বুঝি মানুষেরা তাই। পারস্য উপসাগরের নীলের ছাপ বদরুলের গৌর চেহারায়। তাঁর শঙ্কা ও সন্দেহ আরও যন্ত্রণা বাড়ে। মা প্রায়ই বলেন, বদু, আমার শরীরটা ভালো যাচ্ছে না বাবা। তোকে দেখি না কতদিন হলো। তোর সংসারটা যদি দেখে যেতে পারতাম। মার মমতা অজুহাত বোঝে না। মানসীর অপেক্ষা কারণ শোনে না। জীবন আরও নির্মম, নিজকে ছাড়া কাউকে চেনে না।
বদরুলের কথার মধ্যে শিল্প থাকে। মানুষের যাবতীয় শিল্পে দুঃখের রঙ লেগে আছে বলে ‘শিল্প’ দীর্ঘজীবী হয়। আমার বিশ্বাস মানসী কোথাও যাবে না। আসলে বদরুলের বিশ্বাসটাকেই আমি সমর্থন দিয়ে সামর্থ করে তুলি। তাঁর চোখে-মুখে আলো ভাসে। আমি বললাম, বদরুল ভাই, স্রষ্টার শ্রেষ্ঠতম সৃষ্টি মা। প্রেমের শুরুও সেখান থেকে। মার কাছে যাও। ভালোবাসার অভাব হবে না।
এক ক্ষুদে বার্তায় মানসী লিখেছে অমিতকে, জীবন সংক্ষিপ্ত, যৌবন তার চেয়েও কম। সকল স্বপ্ন এখানে। চলে এসো। লক্ষ লক্ষ প্রবাসীর লক্ষ্য ভিন্ন হতে পারে, কিন্তু আমার স্বপ্ন বুঝি একটাই। আরও ভালো জীবন। সুইজারল্যান্ড থেকে হোটেল বিদ্যায় উচ্চশিক্ষিত বদরুলের পদটা দুর্লভ, বেতন-ভাতা অনেক ভালো। প্রবাসে বিলাসী জীবন। তাঁর পরবাস ভরে আছে প্রাচুর্যে। নেই শুধু মানসী।
গত জুনে তাঁর সঙ্গে আবার দেখা প্রায় ছমাস পর। অনেক বদলে গেছে বদরুল। মরুনগরীর সিজনিং গ্রীষ্মেও সে ছিল এক ঠান্ডা দমকা হাওয়া। আনন্দেরা তাঁকে ছুঁয়েই যেন আনন্দিত। দিলরুবার সঙ্গে সেই সিনেমাটিক পরিচয়ের প্রসঙ্গটা উঠল। সুনসান রাস্তার মোড়, রাত ৯টা, লোডশেডিং। পাঁচজন রিকশাঅলা, এক রিকশায় একলা দিলরুবা। আরেক রিকশায় বদরুল। দুই রিকশায় দুজন চেপে দিলরুবাকে বাড়িতক পৌঁছে দিয়েছিল বদরুল।
মানসী বদরুলকে লিখেছে, তুমি আস বা না আস এই বসন্তে আমার বিয়ে। আগামি ১ ফাগুন, ১৪ ফেব্রুয়ারি রোজ শনিবার। বর: বদরুল হাসান অমিত...।
সব শুনে আমি টিপ্পনী কাটলাম, যাবে নাকি।
‘ইস যাব না আবার। আমরাই তো বিয়ে।’ হাসি তাঁর থামে না।
ফুয়াদ হাসান
দুবাই, আরব আমিরাত
<[email protected]>