এই বিচ্ছেদের দায় কে নেবে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রশিদ মামুন (ছদ্মনাম) ও শায়লা ফেরদৌস (ছদ্মনাম) উচ্চশিক্ষিত তরুণ-তরুণী। দুজনের একই পেশা—শিক্ষকতা। আবার বিশ্বের নামকরা দুই বিশ্ববিদ্যালয়ে দুজনেই পিএইচডি করছেন। তাঁদের দাম্পত্য জীবনের শুরুটাও হয় সুন্দরভাবে। ভালোই চলছিল সংসার। কিন্তু সামান্য কথা-কাটাকাটি থেকে শুরু হয় অবিশ্বাস-দ্বন্দ্ব। যার শেষ পরিণতি—বিচ্ছেদ। এই বিচ্ছেদ ঘটান চট্টগ্রাম মহানগর হাকিম ও সালিসি পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মাহাবুবুর রহমান। আদেশের চুম্বক অংশ নিচে তুলে ধরা হলো : নথি পর্যালোচনায় দেখা যায়, প্রথম পক্ষ রশিদ মামুন অস্ট্রেলিয়ার সুনামি গবেষণাকেন্দ্রের পিএইচডির ছাত্র এবং দ্বিতীয় পক্ষ শায়লা ফেরদৌস অন্য একটি বিদেশি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ও বায়ো-মলিকিউলার ইঞ্জিনিয়ারিং বিভাগের পিএইচডির ছাত্রী। পারিবারিক ভুল বোঝাবুঝি ও মনোমালিন্যের কারণে একটি দাম্পত্য জীবন করুণ পরিণতির দিকে এগিয়ে গেছে।উভয়পক্ষকে চিঠি দেওয়া হয় সালিসি পরিষদে হাজির হতে। কোনো পক্ষই হাজির হয়নি। ফলে গত ১৯ সেপ্টেম্বর তালাক কার্যক্রম স্থগিত রাখা হয়। পরে প্রথম পক্ষের প্রতিনিধি আবু হাসান (ছদ্মনাম) তালাক কার্যকর করার জন্য আবেদন করেন। দ্বিতীয় পক্ষ হাজির না হওয়ায় তালাক নোটিশের বিষয়বস্তু আপাতত সত্য বলে ধরে নেওয়া যায়। দ্বিতীয় পক্ষ হাজির হলে এই সংক্রান্ত পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যেত। সালিসি পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান এই বিচ্ছেদ নিয়ে মন্তব্যে বলেন, এই বিচ্ছেদ পানে চলা কি সব সময়ই আলোর দিকে? নাকি দিন শেষে তিমির রাত্রির অন্ধকার? কবি জীবনানন্দ দাশের একটি কবিতার উদ্ধৃতি দেন হাকিম। এতে বলা হয়, ‘এ কি আলো! এ কি আঁধার/ সৃষ্টি ধারার অলখ থেকে আসে!/ কোথাও তুমি নেই তবুও...তবু সিন্ধুর দুই তীরেতে দুজন একাকী,? অঙ্গ কেঁদে ওঠে দূরে অঙ্গ ভালোবেসে।’ আদেশে আরও বলা হয়, ‘এক পক্ষের বক্তব্য শুনে বোঝা মুশকিল-এই ভাঙনের দায়ভার কার? প্রতিটি সংসারের ভাঙন যেন পৃথিবীরই ভাঙন। এই ভাঙন যেন সমস্ত পৃথিবীর অস্থিরতার প্রতিরূপ। কারণ পৃথিবী দুজন, তিনজন কিংবা আরও বেশি সংখ্যক মানুষ নিয়ে অসংখ্য পরিবারের সমন্বয়ে গড়ে ওঠা একটা বৃহৎ পরিবার ছাড়া কিছুই নয়। তালাক নোটিশে উভয়পক্ষের স্থায়ী ঠিকানা লেখা আছে দেশের মূল ভূখণ্ড থেকে বাইরে একটি দ্বীপে। কাজেই সালিসি পরিষদ ধরে নিতে পারে, প্রকৃতির ভাঙনের ভয়াবহতা সম্পর্কে উভয়পক্ষই অবগত আছেন। কিন্তু মানবিক ভাঙনের ভয়াবহতা তার চেয়েও অনেক বেশি। এই ভাঙনে হূদয় ভেঙে যায়। মন কাঁদে। অশ্রু হয় প্রবাহিত। শ্বাস হয় দীর্ঘ। হূদয়ের ক্ষত থেকে যায় সারা জীবন। তালাক কার্যকরসংক্রান্ত দরখাস্ত ও নোটিশ পুঙ্খানুপুঙ্খভাবে পড়া হলো। উভয়পক্ষ হাজির হয়ে সালিসি পরিষদের কাঠামোর মধ্যে আলাপ-আলোচনা করলে অনেক ভালো কিছু বের হয়ে আসতে পারত।আজ যাকে খুব ঘৃণা হচ্ছে কোনো এক মধুময় আলোকোজ্জ্বল চমৎকার ভোরে তাকেই আবার অসম্ভব রকম ভালো লেগে যায়। বিধিবদ্ধ ৯০ দিন সময় পার হয়েছে। ‘দি মুসলিম ফ্যামিলি লজ অর্ডিন্যান্স, ১৯৬১ এর ৭(৩) ধারায়’ বর্ণিত বিধান অনুসারে তালাক কার্যকর হয়ে গেছে।