এই বৃষ্টি সেই বৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হারমোনিয়ামের টেবিলটা নাগাল পাচ্ছিল না ছোট্ট শিল্পী। তবলাবাদক কোলে করে বসিয়ে দিলেন টেবিলের ওপরেই। গেয়ে শোনালেন নজরুলের ‘খোলো খোলো খোলো গো দুয়ার খোলো...’। বিচারক ফাতেমাতুজ জোহরা ও ফেরদৌস আরা কিছুটা অবাকই হয়েছিলেন, এত ছোট মেয়ে নজরুলের গানটা একদম ঠিকঠাক মতো গেয়ে দিল! অবশেষে সেই খুদে শিল্পী সেরা হলো জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতায়। নাম তার বৃষ্টি মুত্সুদ্দি। এটা ছয় বছর বয়সে প্রথম সাফল্য ও আনন্দের ঘটনা। এরপর আর পেছন ফেরা নয়, শুধুই এগিয়ে যাওয়া। একে একে অংশ নেন জাতীয় শিক্ষা সপ্তাহ, কমলকুঁড়ি, পদ্মকুঁড়ির মতো আরও কয়েকটি জাতীয় প্রতিযোগিতায়। সর্বশেষ ২০১১ সালে অংশ নেন ‘গাও বাংলার গান’-এ। সেখানে অনলাইনে বিচারক ছিলেন হৈমন্তী শুক্লা ও মিতালী মুখার্জি। গাও বাংলার গানে বৃষ্টি ছিলেন চতুর্থ স্থানে।বৃষ্টি বলেন, ‘আমার মা-বাবা আমাদের গান, নাচ ও পড়াশোনাকে সমান গুরুত্ব দিয়েছেন। তবে আমি ছোটবেলা থেকেই ফাঁকিবাজ ছিলাম, আমার বড় বোন নির্বাচিতা (চ্যানেল আই সেরা কণ্ঠ তারকা) একটা গান খুঁটিয়ে খুঁটিয়ে তুলতো। কিন্তু আমি সে রকম না, কোনোভাবে গেয়ে দিতে পারলেই হলো। কিন্তু বাবার কাছে ধরা পড়লে শাস্তি তো দিতেনই, ঠিক না হওয়া পর্যন্ত উঠতে দিতেন না। আগে এগুলো খুব অত্যাচার মনে হলেও,বিভিন্ন প্রতিযোগিতায় বিচারকেরা যখন বলেন, ‘‘কাজগুলো ঠিকমতো দিতে পেরেছ’’—তখন খুব ভালো লাগে। আর ভাবি, ছোটবেলা থেকে এভাবে না শিখলে হয়তো পারতাম না।’ গান আর পড়াশোনা—এই দুই নিয়েই বৃষ্টির দুনিয়া। গানের ঝুলিতে যেমন জমা হয়েছে ২৫টির মতো স্বর্ণপদক, তেমনি এসএসসি ও এইচএসসিতেও পেয়েছিলেন গোল্ডেন জিপিএ-৫। এখন পড়ছেন আইইউবিসির বিবিএতে। পড়াশোনা শেষে শিক্ষকতা করার ইচ্ছে তাঁর। তবে গানেই থাকবে তাঁর ধ্যান—এমনটা জানলেন বৃষ্টি। তিনি বলেন, ‘এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত আছি, পাশাপাশি মঞ্চেও গান করছি। সামনের মাসেই গানের জন্য মালদ্বীপ যাব। আর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানগুলোতেও নিয়মিত অংশ নিই। একটা অনুষ্ঠানের পর আমার গাওয়া গানটা যখন বিশ্ববিদ্যালয়ের অনেকের মুখে মুখে শুনি তখন খুব ভালো লাগে। আমি স্বপ্ন দেখি নিজেকে একজন ক্লাসিক্যাল শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করার।’ বৃষ্টি এখন প্রস্তুত হচ্ছেন আবারও চ্যানেল আই সেরা কণ্ঠ প্রতিযোগিতায় অংশ নিতে। তিন বছর আগে প্রথম যখন অংশ নেন, তখন ৪০ নম্বরে ছিলেন। অবশ্য তখন বয়স ছিল কম। সদ্য এইচএসসি করা। সংগীতে এখন তিনি অনেক পরিপক্ব—তাই আরেক বারের অপেক্ষায় আছেন।