এই মুহূর্তের প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩০তম বিসিএসের মাধ্যমে সরকারের প্রথম শ্রেণীর ক্যাডার চাকরির নিয়োগ-প্রক্রিয়া শুরু হয়েছে। সামনেই বিসিএসের প্রথম ধাপ প্রিলিমিনারি পরীক্ষা। এ সময় প্রস্তুতিটা কেমন হবে, তা জানিয়েছেন ২৭তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে প্রথম স্থান অধিকারী মো. রেজাউল করিমবাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার মাধ্যমে দেশের প্রথম শ্রেণীর সরকারি চাকরি পাওয়ার স্বপ্ন অনেকেই দেখেন। বিসিএস পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে নিয়োগ পাওয়ার আগে বেশ কয়েকটি ধাপ পেরোতে হয়। এর একেবারে প্রথম ধাপটি হলো প্রিলিমিনারি পরীক্ষা। এ পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই লিখিত পরীক্ষায় অংশ নেওয়া যাবে। তাই বিসিএস পরীক্ষায় ভালো করতে চাইলে প্রিলিমিনারির চৌকাঠ পেরোতে প্রস্তুতি নিতে হবে অনেক ভালোভাবে। প্রস্তুতির আগে এ পরীক্ষার সিলেবাস সম্পর্কে খুবই পরিষ্কার ধারণা থাকতে হবে।প্রশ্নের ধারা ও মানবণ্টনপরীক্ষার্থীরা নিশ্চয়ই জানেন, তার পরও বলছি, প্রিলিমিনারি পরীক্ষা মোট ১০০ নম্বরের হয়ে থাকে। প্রশ্ন থাকবে নৈর্ব্যক্তিক ধরনের (এমসিকিউ)। প্রশ্ন করা হবে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি), সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি এবং মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি—এসব বিষয়ের ওপর। এ পরীক্ষায় প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য ১ নম্বর দেওয়া হবে। তবে প্রশ্নের উত্তর ভুল হওয়ার কারণে প্রতিটির জন্য ০.৫০ নম্বর কাটা যাবে। পরীক্ষার জন্য সময় থাকবে এক ঘণ্টা। যেমন হবে প্রস্তুতিবিসিএস প্রিলিমিনারি পরীক্ষাকে নিতে হবে গুরুত্বের সঙ্গে। এ ধাপ উত্তীর্ণ হতে না পারলে বিসিএসের স্বপ্ন কখনোই পূরণ হবে না। কেননা, পরবর্তী ধাপে যেতে হলে অবশ্যই এ ধাপটিতে উত্তীর্ণ হতেই হবে। তাই এর জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। এ জন্য ভালো ভালো বই পড়তে হবে। ভালো বই পড়াও ভালো প্রস্তুতির একটা অংশ।বাংলা বিষয়ের প্রস্তুতিপ্রিলিমিনারি পরীক্ষায় সাধারণত বাংলা সাহিত্য ও ব্যাকরণের ওপর প্রশ্ন হয়ে থাকে। বাংলা বিষয়ে ভালোমতো প্রস্তুতির জন্য শিক্ষা বোর্ডের নবম-দশম শ্রেণীর বইটি বেশ কাজে দেয়। এ ছাড়া হুমায়ুন আজাদের কত নদী সরোবর, লাল নীল দীপাবলী, সৌমিত্র শেখরের বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এসব বই পড়া যেতে পারে। সাহিত্যের বিষয়গুলো গল্পের আকারে পড়লে বেশি মনে থাকে। এ ছাড়া বিগত বছরের প্রশ্নগুলো দেখলে এ সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে।ইংরেজিইংরেজির প্রশ্নগুলো করা হয় ইংরেজিতে ভালো দখল আছে কি না তা পরীক্ষা করার জন্য। এ পরীক্ষায় ভালো করার জন্য ইংরেজি শব্দসম্ভার বাড়াতে হবে। নিয়মিত চর্চা করতে হবে। প্রতিদিন ইংরেজি পত্রিকা পড়তে পারলে ভালো হয়। এতে এক দিক থেকে নতুন নতুন শব্দ জানা যায়, সঙ্গে সঙ্গে এর মাধ্যমে ইংরেজির দক্ষতা বৃদ্ধি পায়। এ ছাড়া বিবিসি, সিএনএনসহ অন্যান্য খবরভিত্তিক ইংরেজি অনুষ্ঠান শুনলেও বেশ কাজে দেবে।সাধারণ জ্ঞানসাধারণ জ্ঞান অংশে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ের ওপর প্রশ্ন থাকে। প্রিলিমিনারি পরীক্ষায় সাধারণত দুটি বিষয়ই সমানসংখ্যক প্রশ্ন থাকে। সাধারণ জ্ঞানে ভালো করার জন্য নির্দিষ্ট বিষয়গুলো সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। গল্পচ্ছলে পড়লে এসব বিষয় ভালো মনে থাকে। আবার কয়েকজন মিলে আলোচনা করে পড়লে এসব বিষয় সহজেই মনে থাকে। সাধারণ জ্ঞানে ভালো করতে হলে নিয়মিত খবরের কাগজ পড়তে হবে। বাংলাদেশ বিষয়ে জানতে ইন্টারনেটে গিয়ে বাংলাপিডিয়া ও অন্যান্য বিষয় জানতে উইকিপিডিয়ায় খোঁজ করা যেতে পারে। বাজারে অনেক সাধারণ জ্ঞানের বই পাওয়া যায়, তবে এসব তথ্য অবশ্যই যাচাই করে পড়তে হবে।সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তিযাঁরা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, তাঁদের জন্য এ বিষয়টি অত্যন্ত সহজ। তবে অন্যান্য বিভাগের শিক্ষার্থীদেরও এ বিষয়ে ঘাবড়ানোর কিছু নেই। সিলেবাসে যা যা দেওয়া আছে, তা সম্পর্কে পরিষ্কার ধারণা থাকলে এ বিষয়ের প্রশ্নের উত্তর করা সহজ হবে। সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ের প্রস্তুতির জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রণীত সপ্তম, অষ্টম ও নবম-দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বই পড়া যেতে পারে। এসব বই পড়লেই এ বিষয়ে দারুণ সহায়তা পাওয়া যাবে। এ ছাড়া দৈনন্দিন বিজ্ঞান সম্পর্কে ধারণা থাকতে হবে। কম্পিউটার ও সাধারণ প্রযুক্তি বিষয়গুলো সম্পর্কে ধারণা থাকলে প্রযুক্তি বিষয়ে উত্তর করা যাবে।মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তিগাণিতিক বিভিন্ন প্রশ্ন হয় এসএসসি পর্যায়ের বই থেকে। এগুলো সবাই একসময় করে এসেছেন। তাই এসব অঙ্ক যত বেশি চর্চা করবেন, ততই ভালো ফল পাওয়া যাবে। এমনভাবে চর্চা করতে হবে, যেন অন্য প্রশ্নের মতোই এর উত্তরও দ্রুত গতিতে করা সম্ভব হয়। কেননা, সময় নষ্ট করা যাবে না। এর প্রস্তুতির জন্যও সহায়ক হতে পারে বোর্ড প্রণীত সপ্তম, অষ্টম ও নবম-দশম শ্রেণীর গণিত বই। মানসিক দক্ষতার জন্য সিলেবাসে নির্ধারিত বিষয়গুলো সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে।পরীক্ষার আগে কী করবেনঅনেকে পরীক্ষার আগে খুব চিন্তিত হয়ে পড়েন। অহেতুক দুশ্চিন্তা করবেন না। এ সময় চাপ নেওয়া যাবে না। প্রয়োজনে পরীক্ষার দু-এক দিন আগে পড়া শেষ করে ফেলুন। আমি আমার পরীক্ষার আগে তা-ই করেছিলাম। আত্মবিশ্বাস রাখুন। নিজের ওপর আস্থা রাখতে হবে। মনোবল আরও শক্ত করতে হবে। এ পরীক্ষায় যাঁরা সফল হয়েছেন, এমন কারও সঙ্গে কথা বললে মনে সাহস আসে, ভুলভ্রান্তি কেটে যায়। তাই পরীক্ষার আগে এমন কারও সঙ্গে কথা বলুন।পরীক্ষার সময় যা করবেনপরীক্ষার খাতা কেমন হবে, এ বিষয়ে ধারণা থাকা জরুরি। এখন বিভিন্ন সহায়ক বইয়ের পেছনে এসব নিয়মকানুন লেখা থাকে। সে আদলে প্রশ্ন ও করণীয় লেখা থাকে। এসব বিষয় সম্পর্কে সেখান থেকে ধারণা নিন। পরীক্ষার সময় এক নম্বর থেকে উত্তর দেওয়া শুরু করাই ভালো। এরপর একাধারে যেগুলো পারা যায়, তা এক এক করে উত্তর দিয়ে ফেলুন। উত্তরের জন্য চিন্তা করে কোনোভাবেই সময় নষ্ট করা যাবে না। ভুল উত্তরের জন্য নম্বর কাটা যাবে—এ বিষয়টি মনে রাখতে হবে।লিখিত পরীক্ষার প্রস্তুতিও একসঙ্গেপ্রিলিমিনারি পরীক্ষার পর লিখিত পরীক্ষার জন্য বেশি সময় থাকে না। প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি এমনভাবে নিতে হবে, যেন সঙ্গে সঙ্গে লিখিত পরীক্ষারও পড়া হয়ে যায়। এটিই বুদ্ধিমানের কাজ। তাই বিসিএস পরীক্ষার প্রস্তুতি নেওয়ার শুরু থেকেই এ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। ভালো প্রস্তুতি আর আত্মবিশ্বাস আপনাকে এগিয়ে নিয়ে যাবে সামনের দিকে।অনুলিখন: মোছাব্বের হোসেন