ঢাকার টঙ্গীতে তুরাগ নদের তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমায় নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিনি। সে দায়িত্ব শেষ করে ১৭ জানুয়ারি বিকেলে নিজ কর্মস্থল মহেশখালীতে ফিরে আসেন সাহসী পুলিশ কর্মকর্তা (এসআই) পরেশ কুমার কার্বারি (৫০)। কিন্তু কে জানত পরের দিন সকালেই সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে মৃত্যু হবে তাঁর? দুই বছর আগে কনস্টেবল পদ থেকে পরেশ কুমারের অবসরে যাওয়ার কথা ছিল। কিন্তু মুক্তিযোদ্ধা হিসেবে তাঁর চাকরির মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়। পদোন্নতিও পান তিনি। সহকর্মীদের আক্ষেপ, চাকরির মেয়াদ না বাড়ালে এখন হয়তো ঘরে বসেই অবসর জীবন কাটাতেন। সন্ত্রাসীদের গুলিতেও তাঁর মৃত্যু হতো না। কদিন পরই ছিল বড় ছেলের বিয়ে। তাই ঢাকা থেকে ফিরে দু-এক দিনের মধ্যে তাঁর গ্রামের বাড়ি খাগড়াছড়ির রামগড় উপজেলার অংজয় কার্বারি গ্রামে যাওয়ার কথা ছিল। ছেলের জন্য কনেও ঠিক করা ছিল। বিয়ের ধর্মীয় আনুষ্ঠানিকতাও প্রায় সম্পন্ন হয়েছে। কিন্তু পরেশের মৃত্যু সব আয়োজন থামিয়ে দিয়েছে। উৎসবের প্রাঙ্গণে এখন কেবলই হাহাকার। চোখের জলে ভাসছেন পরেশ কুমারের পরিবারের সদস্যরা। মুক্তিযোদ্ধা এই পুলিশ কর্মকর্তার মৃত্যু মেনে নিতে পারছেন না তাঁর সহকর্মী পুলিশ সদস্যরা। গতকাল মহেশখালী থানায় ফোন করে পুলিশ সদস্যদের প্রতিক্রিয়া জানতে চাইলে কান্নায় ভেঙে পড়েন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত কুমার বড়ুয়া। তিনি বলেন, ‘পরেশ আমাদের মাঝে নেই এটা বিশ্বাস হচ্ছে না। আমরা কেউই এটা মানতে পারছি না।’ ১৮ জানুয়ারি দুপুরে কক্সবাজার সদর হাসপাতালে পরেশের মরদেহ আনা হলে ছুটে আসেন পুলিশ কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও সুধিজনেরা। এসেছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডিপুটি কমান্ডার জওহর লাল পাল চৌধুরী। তিনি বলেন, ‘অন্য রকম মানুষ ছিলেন পরেশ। এমন সাহসী মানুষটিকে আমরা হারালাম!’ পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর বলেন, ‘পরেশের মতো সাহসী পুলিশ কমই দেখা যায়। জীবনবাজি রেখে সন্ত্রাসীদের ধরতে যেতেন তিনি।’ পারিবারিক সূত্রে জানা যায়, ১৯৫৬ সালের ২৭ মে খাগড়াছড়ির কারবারি পরিবারে পরেশের জন্ম। বাবার নাম সুমা চন্দ্র কারবারি। ১৯৭৫ সালের ২৭ মে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে তিনি যোগদান করেন। এরপর টানা দীর্ঘ ৩৬ বছর সাত মাস ২১ দিন তিনি এ দায়িত্ব পালন করেন। স্ত্রী রুমা পাল, তিন ছেলে বিশ্ব কুমার কারবারি, মিঠু কুমার কারবারি ও সুমন কুমার কারবারি এবং একমাত্র মেয়ে রূপা কুমার কারবারি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। উল্লেখ্য, ১৮ জানুয়ারি সকালে মহেশখালীতে একটি মামলার তালিকাভুক্ত আসামিদের ধরতে গিয়ে গুলিবিদ্ধ হন তিনি। সকাল সাড়ে ১০টায় মহেশখালী উপজেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মাহফুজুল হক জানান, পরেশ কুমার কারবারির শরীরে ২২টি ছড়রা গুলির দাগ ছিল। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মহেশখালীবাসী। এলাকাবাসী জানান, গত কয়েক বছরে সন্ত্রাসীদের গুলিতে মহেশখালীতে বিদ্যালয় ছাত্র, গৃহবধূসহ আট-নয়জন মানুষ প্রাণ হারিয়েছেন। মহেশখালী পাহাড়ে রয়েছে অর্ধশতাধিক অস্ত্র তৈরির কারখানা। এসব কারখানা এবং সন্ত্রাসীদের আস্তানায় কঠোর অভিযান চালাবে পুলিশ এটাই চান তাঁরা।