এই মেলা ডিজিটাল
সূর্য তখন মধ্য আকাশে। প্রচণ্ড গরম আর যানজট সঙ্গী করেই মানুষ ছুটছে গন্তব্যে। এর মাঝেই কিছুটা সময় বের করে অনেকে চলে এসেছে মেলায়। কেউ এসেছে বাবার হাত ধরে, আবার কেউ বন্ধুদের সঙ্গে। বয়স্ক মানুষেরাও পিছিয়ে নেই। বয়সের ও কাজের ব্যবধান থাকলেও তাঁদের চাহিদার জায়গাটা একই। এঁদের সবারই কিন্তু ভারি আগ্রহ তথ্যপ্রযুক্তির নতুন বিষয়ে। দেখতে দেখতে মেলার আঙিনা ততক্ষণে ভরে গেছে। ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ‘টুওয়ার্ডস ডিজিটাল বাংলাদেশ’ স্লোগান নিয়ে ৩১ মার্চ থেকে ঢাকার শেরাটন হোটেলে ‘বিসিএস ডিজিটাল এক্সপো ২০১০’ শিরোনামে শুরু হয়েছে চার দিনের এই মেলা। বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর আয়োজক।এ মেলায় মানুষের ডিজিটাল জীবনধারার বিভিন্ন অনুষঙ্গ তুলে ধরা হয়েছে।ডিজিটাল বাংলাদেশের পথে ‘আমাদের জীবনধারার সঙ্গে তথ্যপ্রযুক্তি নিবিড়ভাবে জড়িত। সমাজ ও নিজেকে বদলে দিতে ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে ধারণা ও সচেতনতা সৃষ্টি করতেই এই মেলা’—বলছিলেন বিসিএসের সভাপতি মোস্তাফা জব্বার। তিনি বলেন, ‘বাংলাদেশ একটি নতুন রূপরেখার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। এই ১৫ মাসের অগ্রগতি দেখে মনে হচ্ছে, ২০২১ সালের আগেই বাংলাদেশ ডিজিটাল দেশ হিসেবে সবার কাছে পরিচিতি পাবে। আর দেশকে এগিয়ে নিতে হলে তথ্যপ্রযুক্তি তথা কম্পিউটারের বিকল্প নেই। বর্তমানে ডিজিটাল প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে সারা দেশে অনেক মেলা হয়। এই মেলার মাধ্যমে সমন্বিতভাবে পূর্ণাঙ্গ ডিজিটাল জীবনধারা তুলে ধরা হবে।’ বদলে দেওয়ার ডিজিটাল মেলা মেলা বলতেই চোখে ভাসে অনেক মানুষের মুখ। তারা মেলায় ঘুরে ঘুরে বিভিন্ন পণ্য দেখে এবং পছন্দ হলে কিনে নিয়ে যায়। ডিজিটাল মেলাও এর ব্যতিক্রম নয়। মেলায় আসা বিপুলসংখ্যক মানুষ ঘুরে ঘুরে দেখছে ডিজিটাল তথ্যপ্রযুক্তির পণ্য আর সেবা। এবারের এই মেলায় প্রয়োজনীয় কম্পিউটার তো বটেই, সেই সঙ্গে মোবাইল ফোন, পিডিএ থেকে শুরু করে কম্পিউটার নিয়ন্ত্রিত বা স্বয়ংক্রিয় বিভিন্ন যন্ত্রপাতি, বিনোদনের নানা উপকরণ দেখা যাচ্ছে। তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা নিয়েই আমাদের ডিজিটাল জীবনধারা। আর প্রতিনিয়ত বদলে যেতে থাকা এই জীবনধারার একটি চমত্কার চিত্র উঠে এসেছে এই ডিজিটাল মেলায়। ডিজিটাল মেলায় ৪৫টি প্রতিষ্ঠান ২০টি প্যাভিলিয়ন ও ৪২টি স্টলে তাদের প্রযুক্তি ও সেবা দেখাচ্ছে। তরুণদের আগ্রহ বেশিমেলার প্রথম দিন দশম শ্রেণীর শিক্ষার্থী তানিয়াকে নিয়ে নিউমার্কেটের ব্যবসায়ী সাইদুর রহমান এসেছিলেন মেলায়। তানিয়া ডিজিটাল মেলা দেখার জন্য আগ্রহ প্রকাশ করায় সকালেই তার বাবা মেলা দেখতে আসেন। সাইদুর রহমানের মতো অনেকে আধুনিক তথ্যপ্রযুক্তির সঙ্গে নিজেকে এবং নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে মেলায় এসেছেন। নতুনেরাই ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবে।মেলায় ল্যাপটপ কম্পিউটার কিনতে এসেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ঈশিতা। তিনি বলেন, ‘তথ্যপ্রযুক্তি ছাড়া এক মুহূর্তও চলা যায় না, তাই মেলায় ল্যাপটপ কিনতে আসা।’ শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বিবিএর শিক্ষার্থী ফারুক হাসান বলেন, ‘কম্পিউটার পণ্য সব সময়ই ভালো লাগে। একসঙ্গে অনেক কিছু দেখা যায়। তথ্যপ্রযুক্তি সম্পর্কে একটি ধারণা তৈরি হয়ে যায় এ মেলা থেকে।’ বিবিধ প্রযুক্তিপণ্যের সমাহারএবারের বিসিএস ডিজিটাল এক্সপোতে ৪৫টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলা উপলক্ষে প্রায় প্রতিটি প্রতিষ্ঠানেরই রয়েছে বিশেষ আয়োজন। মেলাজুড়ে আছে বিশেষ মূল্য ছাড়, বাড়তি সেবা, লটারিসহ নানা পুরস্কার আর উপহার। এবারের মেলায় কম্পিউটার্স সোর্সের পণ্য কিনলেই বিশেষ ছাড় পাওয়া যাবে বলে জানালেন ব্যবসায় ব্যবস্থাপক এ এন এম বদরুদ্দোজা। অ্যাপল, ম্যাক ও ডেলের নতুন মডেলের ল্যাপটপ পাওয়া যাবে মেলায়। ডিজিটাল মেলায় ইন্টেল তাদের স্টল সাজিয়েছে একটু ভিন্নভাবে। এখানে ইন্টেলের সর্বশেষ প্রযুক্তির কোর আই থ্রি প্রসেসরসহ আছে ১০ বছর আগের প্রসেসরে চলা কম্পিউটারও। মূলত কম্পিউটার প্রসেসরের বিবর্তন দেখানো হয়েছে এখানে। গ্লোবাল ব্র্যান্ড লিমিটেড এবারের মেলায় আসুসের স্পর্শকাতর পর্দার (টাচস্ক্রিন) ই টপ পিসি এনেছে।আসুসের ব্যবসায় ব্যবস্থাপক এম কে পাশা খান বলেন, ‘এর সুবিধা হলো ৭০ শতাংশ কম বিদ্যুত্ খরচ হয়। যেখানে বিদ্যুতের সরবরাহ কম সেখানেও এটি চালাতে কোনো সমস্যা হয় না।’ ছোট আকারের ই টপ পিসি পাওয়া যাচ্ছে মেলায়। এ ছাড়া মেলায় একটি ল্যাপটপ কিনলে প্রিন্টার পাওয়া যাবে। জে এন অ্যাসোসিয়েটস প্রিন্টারসহ ক্যাননের বিভিন্ন মানের ডিজিটাল ক্যামেরা দেখাচ্ছে। এবারের মেলায় আইক্সউএস ১০৫, ২১০, ১৩০ পাওয়া যাচ্ছে। এ ছাড়া ডিএসএলআর এবং অন্যান্য ক্যামেরার বড় সংগ্রহ আছেএখানে।মেলায় লেনোভোর প্রতিটি ল্যাপটপের সঙ্গে একটি করে এক্স মডেম পাওয়া যাবে। মেলা উপলক্ষে স্যামসাংয়ের নতুন এম এল ১৯১১, এস এফ ৬৫১পি প্রিন্টার পাওয়া যাবে। স্যামসাংয়ের ল্যাপটপ বাংলাদেশের বাজারে পাওয়া যাবে মেলা উপলক্ষে। ওয়াইম্যাক্স সেবা দাতা বাংলালায়ন মেলা উপলক্ষে নতুন প্যাকেজ ঘোষণা করছে। মেলায় এসারের জে ৫৭৩৮ ও ফেরারি দুটি ল্যাপটপ নতুন পাওয়া যাবে। এ ছাড়া মেলায় তারা ১০-১২টি মডেলের ল্যাপটপ প্রদর্শন করা হচ্ছে। এসারের ল্যাপটপে সর্বোচ্চ দুই হাজার ৫০০ টাকা পর্যন্ত ছাড় রয়েছে। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিএসএন) স্টলে মুক্ত অপারেটিং সিস্টেম উবুন্টুর সর্বশেষ সংস্করণ পাওয়া যাচ্ছে। এ ছাড়া উইকিপিডিয়া বাংলা, ওপেন অফিসের বাংলা ম্যানুয়াল ও উবুন্টু গাইড পাওয়া যাচ্ছে। কালার অব বাংলাদেশ ১০টি মনিটরে দেখাচ্ছে স্পর্শকাতর পর্দার (টাচস্ক্রিন) কিওস্ক। এতে এইডস সম্পর্কে সচেতনতা, রূপময় বাংলাদেশ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘরসহ নানা তথ্য আছে। আঙুলের স্পর্শেই সেসব ব্যবহার করা যাচ্ছে। এ ছাড়া মেলায় তথ্যপ্রযুক্তি শিক্ষা ও প্রশিক্ষণ, চিকিত্সা থেকে শুরু করে চাকরির খোঁজ কিংবা বন্ধুত্ব তৈরির ওয়েবনির্ভর সেবা, তথ্যপ্রযুক্তিনির্ভর নিরাপত্তাব্যবস্থা, বিনোদন, মোবাইল ফোনের বিভিন্ন অ্যাপ্লিকেশন-নির্ভর সেবা নিয়ে এসেছে অনেক প্রতিষ্ঠান। নানা আয়োজনডিজিটাল জীবনধারার বিভিন্ন সেবা ও পণ্য প্রদর্শনের পাশাপাশি মেলা উপলক্ষে প্রায় প্রতিটি প্রতিষ্ঠানেই আছে বিশেষ আয়োজন। মেলায় মোবাইল ফোনসহ ই-ব্যাংকিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ মেলায় শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছাড়াও ওয়াইম্যাক্স বিষয়ে সেমিনার হবে। পাশাপাশি আজ দিনবদলের গল্প শিরোনামে বিশেষ সেমিনার হবে।বিসিএস ডিজিটাল এক্সপো ২০১০-এর আহ্বায়ক শাহিদ-উল-মুনীর বলেন, মেলায় দেশের তথ্যপ্রযুক্তির বিশেষজ্ঞ, ব্যবসায়ী, ভোক্তা ও প্রযুক্তি ব্যবহারকারীদের মিলনকেন্দ্র এই মেলা। তিনি বলেন, ‘আমাদের এই মেলা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করি।’ মেলা প্রাঙ্গণজুড়ে দর্শনার্থীদের জন্য আছে ওয়াইম্যাক্স ব্যবহারের সুবিধা। মেলার নানা তথ্য পাওয়া যাবে (www.bcsdigitalexpo.com.bd) ঠিকানার ওয়েবসাইটে।প্রধানমন্ত্রী পেলেন অ্যাসোসিওর পুরস্কারমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশনের (অ্যাসোসিও) তথ্যপ্রযুক্তি পুরস্কার দেওয়া হয়। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে পুরস্কার তুলে দেন অ্যাসোসিওর প্রেসিডেন্ট লুই কিয়েন লিয়ং। শুরু থেকেই জমজমাটমেলার উদ্বোধনী অনুষ্ঠান চলছিল তখন। প্রধানমন্ত্রী ভেতরে থাকায় নিরাপত্তার কারণে বাইরে থেকে দর্শনার্থীদের ঢুকতে দেওয়া হচ্ছিল না। দুপুরের পর সবার জন্য খুলে দেওয়া হয় মেলা। এরপর সব সময়ই মেলায় ভিড় দেখা গেছে।বিসিএসের মহাসচিব মজিবুর রহমান বলেন, দেশের মানুষের প্রযুক্তির প্রতি আগ্রহ সব সময় ছিল। সব মেলাতেই এই আগ্রহের বহিঃপ্রকাশ ঘটে। তথ্যপ্রযুক্তির মেলাও এর ব্যতিক্রম নয়। তবে ডিজিটাল মেলায় যত বেশি লোক আগ্রহ নিয়ে আসবে, দেশ ততই তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে এগিয়ে যাবে। মেলা শেষ হবে আগামীকাল ৩ এপ্রিল। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা খোলা থাকছে দর্শনার্থীদের জন্য। মেলায় প্রবেশমূল্য ২০ টাকা। তবে প্রচারপত্র প্রদর্শন করলে প্রবেশমূল্যে ৫০ শতাংশ ছাড়। স্কুল ও কলেজের শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখালে বিনা মূল্যে প্রবেশ করতে পারবে।