এই যাত্রা থামবে না...

২০১২ সালের নভেম্বরের মাঝামাঝি। দিন তারিখ কারও মনে নেই। তবে সময়টা জ্বলজ্বল করছে। বিকেলের পড়ন্ত রোদ। আড্ডা চলছিল ইউএসটিসি (বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম) ক্যাম্পাসের এক কোনায়। কথার ফাঁকে কেউ একজন আচমকা বলে উঠল, ‘আচ্ছা, আমরা কী সমাজের জন্য কিছু করছি?’ হঠাৎ নীরবতা। যেন কথা হারিয়ে গেল সবার মুখ থেকে। সবাই মনোযোগী শ্রোতা সেই বক্তার। কথা এগিয়ে যায়। শেষে সবার এক সিদ্ধান্ত, ‘আমরাই কিছু একটা করব।’ যেই কথা সেই কাজ। পর দিন থেকে শুরু হলো পথচলা।
গল্পটা একদল তরুণের। তাঁরা ইউএসটিসির এমবিবিএসের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছেন তাঁরা। এই তরুণ দলের সম্মিলিত প্রয়াস ‘ইয়ুথ ফর ওয়েলফেয়ার’। আনুষ্ঠানিক যাত্রা ২০১২ সালের ১২ ডিসেম্বর।
আদনান মাহমুদ, হামিদ হোছাইন ও রিংকি শর্মা—এই তিন বন্ধু সংগঠনের মূল চালিকাশক্তি। রয়েছে পাঁচজন পরামর্শক, সাত সমন্বয়কসহ ৫৩ জনের স্বেচ্ছাসেবক দল। স্বেচ্ছাসেবকেরা চট্টগ্রামের বিভিন্ন মেডিকেলে পড়ুয়া শিক্ষার্থী। এ ছাড়া কলেজের শিক্ষক ও জ্যেষ্ঠ শিক্ষার্থীরাও বাড়িয়েছেন সহযোগিতার হাত। সম্প্রতি সংগঠনের মূল তিন উদ্যোক্তার সঙ্গে কথা হয় প্রথম আলো চট্টগ্রাম কার্যালয়ে।
মানবসেবার এই বোধ জাগল কীভাবে? শুরুতেই মুখ খুললেন আদনান। বললেন, ‘কাউকে না কাউকে তো এগিয়ে আসতে হবে। সে ক্ষেত্রে আমরাই এগিয়ে এলাম। তবে বেশি কাজ করেছে মনের তাগিদ। দুস্থ ও ছিন্নমূল মানুষগুলো সারা বছরই তো কষ্ট করে। আমরা চেষ্টা করি অন্তত এক দিনের জন্য হলেও তাদের কষ্ট লাঘবের।’
আদনান শেষ করতেই রিংকি বললেন, ‘কাজ করতে গিয়ে দেখলাম কী যে দুরবস্থার মধ্যে আছেন প্রত্যন্ত অঞ্চলের মানুষ। এখনো অসুখ-বিসুখে তাঁদের ভরসা কবিরাজ ও হাতুড়ে ডাক্তার। ক্ষেত্রবিশেষে ওষুধের দোকানি। ফলে ভুল চিকিৎসায় দুর্ঘটনা লেগেই আছে। আমরা এসব পরিবর্তন করতে চাই।’ রিংকির কথার সূত্র ধরে হামিদ শোনালেন আশার বাণী। বললেন, ‘আমরা প্রত্যন্ত এলাকায় চিকিৎসা শিবির করে আসার পর সেই মানুষগুলোর সঙ্গে যোগাযোগ রাখছি। ফোনে তাদের চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করছি। তা ছাড়া সেখানে গড়ে তুলছি আমাদের স্বেচ্ছাসেবক দল।’
কারও কোনো সাহায্য নেই। সংগঠনের সদস্যদের চাঁদায় করা তহবিলে আয়োজন করা হয় চিকিৎসাশিবির। এক বছরে সংগঠনটি চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সাতটি চিকিৎসাশিবির করেছে। এলাকাগুলো চন্দনাইশের সাতবাড়িয়া, নগরের হামজারবাগ ও চশমা হিল, কক্সবাজারের রামুর কচ্ছপিয়া ও চৌমুহনী, সীতাকুণ্ডের সলিমপুর এবং রাঙ্গুনিয়ার বুড়ির দোকান। এসব স্থানে দুই হাজারের বেশি মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
মানুষের পাশে দাঁড়াতে গিয়ে অনেক ঘটনায় এখন তাদের অভিজ্ঞতার ঝুলিতে জমা। তেমন একটি ঘটনা শুনুন রিংকির মুখে, ‘গত বছরের ১৯ অক্টোবর। প্রচণ্ড বৃষ্টি, সঙ্গে বজ্রপাত। এর মধ্যে রামুর কচ্ছপিয়ায় চলছিল আমাদের ক্যাম্প। দুপুর ১২টার দিকে বজ্রপাতে আহত পাঁচজনকে আনা হয় ক্যাম্পে। আমরা দ্রুত চিকিৎসা দিয়ে চারজনকে সুস্থ করি। কিন্তু মারা যায় সোনিয়া নামের এক শিশু। তাকে মৃত অবস্থায় আনা হয়। সোনিয়ার জন্য মন খারাপ লেগেছে অনেক দিন। তার পরও চারজনকে সুস্থ করতে পারার স্বস্তি তো আছে।’
এই তরুণ দল নতুন বছরে আরও বিস্তৃত করছে তাঁদের কাজ। তাঁরা হাত দিয়েছেন মেডিকেল শিক্ষার্থীদের জন্য বাংলায় পাঠ্যবই তৈরি করার কাজে। এই দুরূহ কাজ এগিয়েছে অনেক দূর।
নিজেদের পড়ালেখা চালিয়ে গাঁটের টাকা খরচ করে কত দিন চলবে এই কার্যক্রম? এবার তিনজনেরই এক কথা, ‘এই যাত্রা থামবে না। যাব বহু দূর।’