এই লাশ কার!
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৮ ফেব্রুয়ারি তুচ্ছ ঘটনার জের ধরে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে নিহত হন দুই ছাত্র। তাঁরা হলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মাসউদ বিন হাবিব ও প্রাণিবিদ্যা বিভাগের পুরোনো প্রথম বর্ষের ছাত্র মোজাহিদুল ইসলাম।নিহত দুজনকে নিয়ে এখন রাজনীতি শুরু করেছে বিবদমান ছাত্রসংগঠন দুটি। মাসউদ বিন হাবিবের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হলেও লাশের রাজনীতি শুরু হয় মোজাহিদুল ইসলামকে নিয়ে। ছাত্রশিবির নিহত মোজাহিদকে বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের প্রচার সম্পাদক ও সাথি পর্যায়ের নেতা হিসেবে দাবি করছে। অপর দিকে ছাত্রলীগের দাবি, মোজাহিদ তাদের কর্মী। বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠন দুটির লাশ নিয়ে রাজনীতি এবারই প্রথম নয়। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে দুই পক্ষের হানাহানিতে নিহত ১৭ জনের মধ্যে উভয় সংগঠন ছয়জনকে নিজেদের কর্মী বলে দাবি করেছে। খুনের ঘটনা ঘটলেই দুটি সংগঠন পরস্পরের দায় চাপিয়েছে। ছাত্রসংগঠনগুলো খুন হওয়া ছাত্রদের নিজেদের নেতা-কর্মী প্রমাণে যতটা তৎপর, বিচারের দাবিতে ততটা তৎপর নয়। ফলে এ-পর্যন্ত একটিমাত্র হত্যাকাণ্ডের বিচার হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে আলাপ করে এসব তথ্য পাওয়া গেছে।এ প্রসঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলী আজগর চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘অনেক সময় ছাত্রসংগঠনগুলো অনুমানের ওপর ভিত্তি করে খুন হওয়া ছাত্রদের নিজেদের কর্মী বলে দাবি করে। এটা ছাত্রসংগঠনগুলোর লাশ নিয়ে রাজনীতির একটা অংশ। দলীয় পরিচয় না খুঁজে ভাবতে হবে এই লাশ কার? সে তো আমারই সহপাঠী কিংবা ভাই। আমি ছাত্রদের বলব একটু মানবিক হতে। লাশ নিয়ে টানাটানি বন্ধ হোক। যাতে আর কোনো ছাত্র লাশ হয়ে মায়ের কাছে ফিরে না যায়।’উল্লেখ্য, ২০০১ সালের ২৯ ডিসেম্বর আলী আজগর চৌধুরীর ছোট ভাই ও ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার জ্যেষ্ঠ সহসভাপতি আলী মর্তুজা চৌধুরীকে শিবিরের সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে বলে অভিযোগ রয়েছে। লাশ নিয়ে অপরাজনীতির জন্য ছাত্রলীগ ও ছাত্রশিবির একে অপরকে দায়ী করছে। ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার জ্যেষ্ঠ সহসভাপতি আবুল মনসুর সিকদার ও যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মো. তানজীম হোসেন প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগ লাশের রাজনীতিতে বিশ্বাসী নয়। ছাত্রশিবির পরিকল্পিতভাবে হত্যা করে উল্টো নিহতদের নিজেদের কর্মী বলে দাবি করে। তাঁদের এ ঘৃণ্য রাজনীতি পরিহার করা উচিত।’অন্যদিকে ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি বদিউল আলম বলেন, ‘যারা প্রকাশ্যে মানুষ হত্যা করে দায়টা অপরের ওপর চাপিয়ে দেওয়ায় সিদ্ধহস্ত, তারাই লাশের রাজনীতি করে। শিবির এ ধরনের রাজনীতিতে বিশ্বাসী নয়।’এদিকে, মোজাহিদ হত্যার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় মোজাহিদের পিতা হুমায়ুন কবির আদালতে একটি মামলা করেন। মামলায় ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ ৪২ জনকে আসামি করা হয়।অন্যদিকে, একই হত্যার ঘটনায় ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার কর্মী মাহমুদুল হাসান বাদী হয়ে ছাত্রশিবিরের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ ৪৪ জনকে আসামি করে হাটহাজারী থানায় আরেকটি মামলা করেন।এ ছাড়া দুটি ছাত্রসংগঠনই সংবাদ সম্মেলন করে মোজাহিদকে নিজেদের কর্মী বলে দাবি করেছে। ছাত্রলীগ ও ছাত্রশিবির এ হত্যাকাণ্ডের জন্য পরস্পরকে দায়ী করে অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে।১৯৮৮ সালের ২৮ এপ্রিল চট্টগ্রাম রেলস্টেশনে ছুরিকাঘাতে নিহত হন পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আমিনুল হক। ওই সময় ছাত্রশিবির নিহত আমিনুলকে নিজেদের কর্মী বলে দাবি করে।এ ছাড়া ১৯৯৭ সালের ৩ সেপ্টেম্বর নিহত হন আমিনুল ইসলাম। তাঁকেও নিজেদের কর্মী দাবি করে ছাত্রলীগ ও ছাত্রশিবির খুনের ঘটনার জন্য পরস্পরকে দায়ী করে। তবে আমিনুল ইসলাম ছাত্রলীগের কর্মী ছিলেন বলে জানা যায়।এরপর ১৯৯৮ সালের ৬ মে শিবিরের একদল সন্ত্রাসীর গুলিতে খুন হন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা আইয়ুব আলী। তবে আইয়ূব আলীকে শিবির ও ছাত্রলীগ উভয়ে নিজেদের কর্মী বলে দাবি করে। সর্বশেষ গত দুই বছরের ব্যবধানে ক্যাম্পাসসহ বিভিন্ন স্থানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ ছাত্র খুন হন। তাঁদের দুজনের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হলেও অপর তিনজনের লাশ নিয়ে রাজনীতিতে নামে ছাত্রলীগ ও ছাত্রশিবির।গত ২০১০ সালের ১১ ফেব্রুয়ারি রাতে চট্টগ্রাম ষোলশহর রেলস্টেশনে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে খুন করে বিশ্ববিদ্যালয়ের রাজনীতিবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর ছাত্র মহিউদ্দিন মাসুমকে।খুন হওয়ার কিছুক্ষণ পরই মাসুমকে নিজেদের কর্মী দাবি করে ছাত্রশিবির ও ছাত্রলীগ ক্যাম্পাস এবং নগরে মিছিল সমাবেশ করে। তবে মাসুমের মুক্তিযোদ্ধা বাবা জানান, তাঁর ছেলে ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন।এরপর একই বছরের ২৯ মার্চ চট্টগ্রাম সেনানিবাস ও চৌধুরীহাট রেলস্টেশনের মাঝামাঝি বড়দীঘিপাড় রেললাইনের পাশ থেকে উদ্ধার করা হয় বিশ্ববিদ্যালয়ের বিপণন বিদ্যাবিভাগের ছাত্র হারুন অর রশীদের গলাকাটা লাশ। এ খুনের জন্য ছাত্রলীগ ও ছাত্রশিবির পরস্পরকে দায়ী করছে। উভয় সংগঠনের দাবি, হারুন অর রশীদ তাদের কর্মী।দুই ছাত্রসংগঠনের লাশের রাজনীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি তছলিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘বুর্জোয়া ছাত্রসংগঠনগুলো খুন, জখম, সন্ত্রাস আর দখলদারির রাজনীতিতে বিশ্বাসী। লাশ নিয়ে রাজনীতি এরই অংশ।’ বিকৃত এ রাজনীতি এবং ছাত্রহত্যার ঘটনা বন্ধে সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।