এই শতাব্দীর আইনস্টাইন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবরিনা গঞ্জালেজ প্যাস্টারস্কি
সাবরিনা গঞ্জালেজ প্যাস্টারস্কি

দেখা মিলেছে এ শতাব্দীর আইনস্টাইনের। তিনি আর কেউ নন, ২২ বছর বয়সী এক তরুণী। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় অন্তত তা-ই বলছে। শিকাগো শহরে জন্ম নেওয়া কিউবান-আমেরিকান তরুণী সাবরিনা গঞ্জালেজ প্যাস্টারস্কি সম্পর্কে বলা হচ্ছে এমনটাই। তিনি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) স্নাতক এবং বর্তমানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন।
মাত্র ১৪ বছর বয়সেই প্যাস্টারস্কি একটিমাত্র ইঞ্জিনে চলবে এমন বিমান তৈরির পরিকল্পনা নিয়ে এমআইটিতে যান। খুব একটা পাত্তা না দিয়ে প্রথমে তাঁকে অপেক্ষমাণদের তালিকায় রাখা হয়েছিল। কিন্তু ইউটিউবে তাঁর এই বিমান তৈরির ভিডিও চিত্রটি এমআইটির অধ্যাপক অ্যালেন হ্যাগারটি এবং আর্ল মারম্যানের নজরে আসার পর তাঁকে আর অপেক্ষায় থাকতে হয়নি। বরং তাঁকে ডেকে নিয়ে কাজ দেন তাঁরা। এক সাক্ষাৎকারে হ্যাগারটির ভাষ্য, ‘ভিডিওটি দেখে আমরা বিস্ময়ে হা হয়ে গিয়েছিলাম। তাঁর প্রতিভা এমন, যা ধারণার বাইরে।’ উল্লেখ্য, মেয়েটি শুধু যে তাঁদের সঙ্গে কাজ করেছেন তা-ই নয়, উপরন্তু গড় জিপিএ-৫ পেয়েছেন!
এমন খবর কি আর চাপা থাকে? দ্রুতই ছড়িয়ে পড়ল তাঁর নাম ও খ্যাতি। নেটশার্ক জানিয়েছে, অ্যামাজন ডটকম, ব্লু অরিজিন, এমনকি নাসা থেকেও তাঁর ডাক পড়েছিল কাজ করার জন্য। এখনো চাকরির সুযোগটি আছে কি না জানতে চাইলে অ্যামাজন ডটকমের প্রধান জেফ বেজস সম্প্রতি এক সাক্ষাৎকারে ওজি ডটকমকে জানিয়েছেন, ‘অবশ্যই, এখনো আছে।’
প্যাস্টারস্কি মূলত কাজ করছেন ব্ল্যাক হোল ও স্পেস টাইম নিয়ে। কোয়ান্টাম মেকানিকস ব্যবহার করে আরও সুন্দরভাবে মহাকর্ষকে ব্যাখ্যা করার আগ্রহও তাঁর আছে। প্যাস্টারস্কির সব কাজ এবং প্রাপ্তির তালিকা ও খবরাখবর পাওয়া যাবে তাঁর ‘ফিজিকস গার্ল’ ওয়েবসাইটে। অবাক করা ব্যাপার হলো, এটি ছাড়া ইন্টারনেটে তাঁর আর কোনো কার্যক্রম নেই। এমনকি নেই সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো অ্যাকাউন্টও। এসব অতটা টানে না বলেই জানিয়েছেন প্যাস্টারস্কি। তিনি বলেন, অনেক কাছের বন্ধু থাকলেও তাঁর নেই কোনো ছেলেবন্ধু। জানালেন, ‘আমি বরং সতর্ক থাকতেই বেশি পছন্দ করি এবং চাই, আমি যা করি তা-ই সবাই জানুক।’
২০১৫ সালেই ফোর্বস সাময়িকীর জানুয়ারি সংখ্যায় তাঁকে বলা হয়েছিল ‘বিজ্ঞানে ৩০-এ ৩০ পাওয়া’দের একজন। একই বছর এপ্রিলে হার্ভার্ড তাঁকে দেয় ‘একাডেমিক ফ্রিডম’। সে মাসেই হার্টজ ফাউন্ডেশন তাঁকে ২ লাখ ৫০ হাজার ডলারের বৃত্তি দিয়েছিল। এর আগের মাসে তিনি পেয়েছিলেন ১ লাখ ৫০ হাজার ডলারের আরও একটি বৃত্তি।
পদার্থ বিজ্ঞানে আসার অনুপ্রেরণা সম্পর্কে প্যাস্টারস্কি বলেন, ‘বছরের পর বছর ধরে সীমাকে অতিক্রম করার আমার যে চেষ্টা, সেটাই আমাকে পদার্থ বিজ্ঞানের দিকে এনেছে।’ বছর চারেক আগে তিনি এটাও বলেছিলেন, তাঁকে পদার্থ বিজ্ঞানের জগতে এনেছেন অ্যামাজন ডটকমের জেফ বেজস। পদার্থ বিজ্ঞান তাঁর কাছে কেমন? প্যাস্টারস্কির ভাষায়, ‘মার্জিত, কিন্তু পুরোপুরি উপকারীও।’ ১০ বছর পর তিনি নিজেকে কোথায় দেখতে চান, সাংবাদিকদের এমন প্রশ্নে তাঁর সোজাসাপ্টা উত্তর, সায়েন্টিফিক আমেরিকান ম্যাগাজিনের মলাটে নিজেকে দেখতে চান তিনি।
তথ্যসূত্র: সায়েন্টিফিক আমেরিকান ডটকম, ফোর্বস, ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস, ল্যাটিন টাইমস এবং অস্ট্রেলিয়ান নেটওয়ার্ক নিউজ।