এই শরতে বাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা থেকে গাড়ি ছাড়ার পর ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ নাকের কাছে কিছু একটার সুড়সুড়িতে ঘুম ভেঙে গেল। বাসের জানালা দিয়ে বাইরে তাকালাম।

ওপরে শরতের পরিষ্কার আকাশ। রাস্তার দুপাশে যত দূর চোখ যায় কাশফুল আর কাশফুল। মনে হচ্ছে যেন কাশফুলের বাগানের মাঝখান দিয়ে চলছে আমাদের গাড়ি। হালকা বাতাসে ফুলের পাপড়ি উড়ে যাচ্ছে দূর দিগন্তে। সেই পাপড়ি নাকে লেগেই ঘুমটা ভেঙে গেছে। কাশফুলকে ধন্যবাদ । তা না হলে শরতের সৌন্দর্য দেখা হতো না।

যখন বাড়ি পৌঁছালাম, তখন সকাল গড়িয়ে দুপুর।

এই রোদ এই বৃষ্টি। রোদ-বৃষ্টির লুকোচুরি খেলা।

এক বিকেলে গেলাম নদীর ধারে। ছোট্ট একটা নৌকায় করে ভাসতে ভাসতে আকাশ দেখব। শুধু আকাশ না, শুভ্র মেঘের পাহাড়ও ছিল সে আকাশে। একটা একটা পাহাড় উড়ে চলে যাচ্ছে।

নদীর পাড়ে খোলা জায়গায় খেলা করছে গ্রামের কিশোরের দল। কেউবা ঝাঁপ দিচ্ছে নদীতে। কলাগাছের ভেলায় চড়ে কিশোরী পরখ করে দেখছে তার জালে কয়টা মাছ আটকেছে। দূর থেকে দেখে মনে হয় একটা মেয়ে পানির ওপর বসে আছে, ডুবছে না।

ধীরে ধীরে সূর্যের রঙ গাঢ় হতে থাকে। কমতে থাকে কোলাহল। নদীর দুই ধারে মানুষের আনাগোনা কমতে থাকে। হঠাৎ দু-একটি মাছ লাফানোর শব্দ আর ইঞ্জিনচালিত নৌকার শব্দ পাওয়া যায়। মৃদু বাতাসে দোল খেতে খেতে ভেসে চলছে আমাদের নৌকা। দূর থেকে ভেসে আসে হেইয়ো হেইয়ো ধ্বনি। নৌকাবাইচ থেকে ফিরছে একদল তরুণ।

সূর্য অস্ত যায়। দুটি চাঁদ তাকিয়ে থাকে। একটা আকাশে আরেকটা নেমে এসেছে নদীর জলে। চাঁদের আলো জ্বলজ্বল করছে চারদিক।

মুক্তোর মতো জ্বলছে নদীর জল। খুব গাইতে ইচ্ছে করছে, ‘চাঁদের হাসির বাঁধ ভেঙেছে উছলে পড়ে আলো...।’