এই শরীফ সেই শরীফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই পা ও এক হাতবিহীন ক্রিকেটার মোহাম্মদ শরীফ তিন মাস আগেও ভাবেনি দুপায়ে দাঁড়াবে। সিআরপির সহযোগিতায় কৃত্রিম পা লাগিয়ে এখন পুরোদস্তুর হাঁটছে সে । সৌরভ দাশ
দুই পা ও এক হাতবিহীন ক্রিকেটার মোহাম্মদ শরীফ তিন মাস আগেও ভাবেনি দুপায়ে দাঁড়াবে। সিআরপির সহযোগিতায় কৃত্রিম পা লাগিয়ে এখন পুরোদস্তুর হাঁটছে সে । সৌরভ দাশ

পরনে চেক শার্ট আর জলপাই রঙের প্যান্ট। পায়ে কেডস। এক হাতে ক্র্যাচে ভর দিয়ে গুটিগুটি পায়ে হাঁটছে এক কিশোর। মুখে চিরচেনা হাসি। এই কিশোর সেই শরীফ। একহাতি ক্রিকেটার মোহাম্মদ শরীফ—অধিনায়ক, মাদারবাড়ি জুনিয়র বয়েজ। আরও একটু খোলাসা করি, দুই পা ও এক হাতবিহীন সেই ক্রিকেটার।
শরীফ এখন পুরোদস্তুর হাঁটছে। প্রায় ছয় বছর পর দুই পায়ের ওপর আবার দাঁড়িয়ে। ব্যাপারটা শরীফের নিজের কাছেই যেন বিস্ময়ের, ‘আমি পায়ের ওপর দাঁড়িয়ে!’ যা কখনো কল্পনাতেও আসেনি তার। দুই পা ও এক হাত হারিয়ে সেটাকেই নিয়তির লিখন হিসেবে ধরে নিয়েছিল। তাতে অভ্যস্তও হয়ে গিয়েছিল। দিব্যি খেলছিল, চলাফেরাও ছিল স্বাভাবিক। এক হাতেই সব করত সে। তবে মনের কোণে ছোট্ট একটা দীর্ঘশ্বাস তো ছিলই, ‘যদি আমার পা থাকত’। তার পরও সেই দীর্ঘশ্বাস বাড়তে দেয়নি অদম্য এই কিশোর। মনের জোরের নিচে চাপা পড়ে গেছে যত আক্ষেপ।
এখন পা পেয়ে বেজায় খুশি শরীফ। হোক না তা কৃত্রিম। পা তো পা-ই। লাগানো হয়েছে ডান হাতটিও। আবার হাঁটাচলা করতে পারার আনন্দের ঝিলিক চোখেমুখে। গত মঙ্গলবার মাদারবাড়ির বাসায় গেলে কথা হয় তার সঙ্গে। কৃত্রিম পায়ে কোনো কষ্ট হচ্ছে না জিজ্ঞেস করতেই একগাল হেসে বলল, ‘ভাইয়া, আমার কোনো কষ্ট নেই। আমি হাঁটতে পারছি। প্রথম প্রথম তো, একটু আস্তে আস্তে চলতে হয়। কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে। তখন আমি আবার খেলা শুরু করব।’ পাশে বসা শরীফের মা বেবী খাতুন বলেন, ‘আমার ছেলে হাঁটতে পারছে দেখে কী যে ভালো লাগছে, বলে বোঝাতে পারব না। আমার চেয়ে আনন্দে আর কেউ নেই। সবার কাছে আমার ছেলের জন্য দোয়া চাই।’
একহাতি ক্রিকেটার শরীফকে নিয়ে লেখালেখি হওয়ার পর তার প্রতি সহযোগিতার হাত বাড়ায় সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব প্যারালাইজড (সিআরপি)। সংস্থাটির চট্টগ্রাম কার্যালয়ের কর্মকর্তারা তার সঙ্গে দেখা করে বিনা মূল্যে কৃত্রিম পা লাগিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এরপর গত ৩০ নভেম্বর তাকে ভর্তি করা হয় কালুরঘাটের এ কে খান-সিআরপিতে। প্রায় আড়াই মাস চিকিৎসা শেষে ১০ ফেব্রুয়ারি হাসপাতাল থেকে ছাড়া পায় শরীফ। এখন তার অন্য জীবন।
সিআরপির চিকিৎসক ও কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শরীফ বলে, ‘সবাই আমাকে খুব আদর করেছেন। তাঁদের সাহায্যে আমি আবার হাঁটতে পারছি। এ জন্য আমি তাঁদের সবার কাছে কৃতজ্ঞ।’
সিআরপির চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক সেলিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমাদের সংস্থার পক্ষ থেকে শরীফকে কৃত্রিম হাত ও পা লাগিয়ে দিয়েছি বিনা মূল্যে। এবার তাকে ভোকেশনাল প্রশিক্ষণ দিয়ে একটি দোকান করে দেওয়ার চেষ্টা করব। যাতে সে স্বাবলম্বী হতে পারে।’
প্রসঙ্গত, ১১ বছর বয়সে ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই পা ও এক হাত হারায় শরীফ। এর পরও সে থেমে থাকেনি। গঠন করেছে ক্রিকেট দল। যে দলের অধিনায়ক সে নিজে। তার দল পাঁচটি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়। শরীফের এই কীর্তির কথা ২৬ অক্টোবর ছাপা হয় প্রথম আলোর ক্রোড়পত্র ছুটির দিনের মূল প্রতিবেদনে।
এরপর তার ডাক পড়ে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতেও। ১ ডিসেম্বর তারাও শরীফের সাফল্যের খবর সমপ্রচার করে তাকে আর্থিক অনুদান দেয়।