এই শীতেও ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং
শীতকালে বিদ্যুৎ সরবরাহ কম হলেও গ্রাহকদের সমস্যা হয় না, কারণ এ মৌসুমে চাহিদাও থাকে কম। কিন্তু চট্টগ্রামে এই কম চাহিদার বিদ্যুৎও সরবরাহ করতে পারছে না বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। ফলে বছরের অন্য সময়ের মতো শীতকালেও ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং করা হচ্ছে। রাতের পিক আওয়ারে এখনো ২৫০ মেগাওয়াট লোডশেডিং করা হচ্ছে। ফলে এ সময়ে নগরের বেশির ভাগ এলাকা অন্ধকারে ডুবে থাকে। এতে ভোগান্তি বেড়েছে গ্রাহকদের। বর্তমানে চট্টগ্রামে বিদ্যুতের মোট চাহিদা ৬০০ মেগাওয়াট বলে জানা গেছে।পিডিবি সূত্রে জানা গেছে, হাটহাজারীতে অবস্থিত জাতীয় গ্রিডের উপকেন্দ্রের বড় ধরনের রক্ষণাবেক্ষণের (ওভারহোলিং) কারণে গত সপ্তাহে চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে ত্রুটি দেখা দিয়েছে। গত রোববার ওভারহোলিং শেষ হলেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি।চট্টগ্রাম পিডিবির প্রধান প্রকৌশলী সুজিত চাকমা এ বিষয়ে প্রথম আলোকে বলেন, হাটহাজারী গ্রিড উপকেন্দ্রের মেরামতকাজ চলার কারণে চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহে সমস্যা দেখা দিয়েছে। এটা কয়েক দিন চলতে পারে। সুগন্ধা আবাসিক এলাকার বাসিন্দা আব্দুস সালাম বলেন, ‘দিনের চেয়ে রাতে লোডশেডিং বেশি হচ্ছে, একবার গেলে অনেকক্ষণ আসে না। পরিস্থিতি এখন অনেকটা গ্রীষ্মের মতোই।’বিবিরহাটের হালিমা বেগম জানান, ‘গরমের সময় মনে করেছিলাম শীতকালে বিদ্যুৎ নিয়ে কোনো অশান্তি হবে না, কিন্তু এখন দেখি এর উল্টোটা হচ্ছে।’পিডিবির একাধিক সূত্র জানায়, গ্যাসের অভাবে বর্তমানে চট্টগ্রামে পিডিবির তিনটি গ্যাসভিত্তিক বড় বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র এক মাস ধরে বন্ধ রয়েছে। কবে নাগাদ এগুলোতে গ্যাস সরবরাহ করা হবে সেটা পিডিবি কিংবা কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি নিশ্চিত করতে পারছে না। ফলে এ মুহূর্তে চট্টগ্রামের বিদ্যুৎব্যবস্থা জাতীয় গ্রিডের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। জানা যায়, বিদ্যুৎকেন্দ্রের গ্যাস বর্তমানে কর্ণফুলী ফার্টিলাইজার (কাফকো) ও চট্টগ্রাম ইউরিয়া সার কারখানায় (সিইউএফএল) সরবরাহ করা হচ্ছে। ফলে চট্টগ্রামের বিদ্যুৎ সরবরাহব্যবস্থা অনেকটা জাতীয় গ্রিডের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। পিডিবির কর্মকর্তারা বলছেন, চট্টগ্রামে এখন বিদ্যুতের সরবরাহ চাহিদার অর্ধেকেরও কম। রাতের পিক আওয়ারে এখনো ২৫০ মেগাওয়াট লোডশেডিং করা হচ্ছে বলে জানিয়েছেন তাঁরা। বর্তমানে চট্টগ্রামে চারটি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে তিনটিই বন্ধ রয়েছে। এগুলো হচ্ছে—রাউজান তাপবিদ্যুৎকেন্দ্র, শিকলবাহা তাপবিদ্যুৎকেন্দ্র এবং পিকিং পাওয়ার প্ল্যান্ট। কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্রের (কাপ্তাই) পাঁচটি ইউনিট চালু রয়েছে। এখান থেকে গড়ে দিনে ১৩০ এবং রাতে ১৯০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যায়। এর বাইরে ভাড়াভিত্তিক (রেন্টাল) বিদ্যুৎকেন্দ্র থেকে ৩৯ মেগাওয়াট, বেসরকারি রিজেন্ট পাওয়ার থেকে ২২ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যায়। এ সময় জাতীয় গ্রিড থেকে ১৩০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়।