
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।—বি. স.
সমস্যা
আমি বিশ্ববিদ্যালয়ে শেষ বর্ষে পড়ছি। ছোটবেলা থেকে অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছি। কয়েক মাস আগে আমার বিভাগের এক মেয়ে প্রেমের প্রস্তাব দেয়। সামাজিক বৈষম্যের কথা ভেবে প্রথমে আমি দ্বিধান্বিত ছিলাম। একসময় তার পাগলামিতেই রাজি হয়ে যাই। সব ভালোই চলছিল। গত ঈদের ছুটি শেষে ক্যাম্পাসে আসার পরই সে বদলে যায়। ওর সঙ্গে দেখা করতে চাইলে এড়িয়ে যায়। আমি কারণ জানতে চাইলে অবলীলায় বলে দেয়, এই সম্পর্ক চালিয়ে নেওয়া সম্ভব নয়। তার এমন ব্যবহারে পুরোপুরি ভেঙে পড়েছি। আমি তো দিনে দিনে ওকে ভালোবেসে ফেলেছি। তাকে ছাড়া কিছুই ভাবতে পারি না। খাওয়া, ঘুম, টিউশনি কোনো কিছুই আর ভালো লাগে না। অপমানবোধ আর হীনম্মন্যতা কাজ করে। আমার কী করা উচিত?
নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক
পরামর্শ
তুমি যে প্রচণ্ড মানসিক বিপর্যয়ের মধ্যে রয়েছ তা বোঝা যাচ্ছে। এত সংগ্রাম করে তুমি বিশ্ববিদ্যালয়ের একেবারে শেষ ধাপে পৌঁছে গেছ। তবে তোমার বর্তমান মানসিক অবস্থা জীবনের লক্ষ্যে পৌঁছাতে বাধা দিচ্ছে। এই মুহূর্তে তুমি প্রয়োজনীয় কাজগুলো করতে পারছ না বলে অনেকটাই পিছিয়ে পড়ছ। মেয়েটির আগ্রহের কারণে তার সঙ্গে আর্থসামাজিক পার্থক্য থাকা সত্ত্বেও তুমি শেষ পর্যন্ত সম্পর্কটি স্থাপন করেছিলে। তখন ভাবতেও পারোনি তার কাছ থেকে শেষ পর্যন্ত এ ধরনের আচরণ পাবে।
তোমরা কি একসঙ্গে ভবিষ্যতের স্বপ্নগুলোও দেখতে? তোমার পরিবার ও তার পরিবার কি তোমাদের সম্পর্কের কথা জানতেন? তোমাকে যেহেতু বাবা-মা আর্থিক সংকটের ভেতরে থেকেও তাদের সামর্থ্য অনুযায়ী উচ্চশিক্ষায় উদ্বুদ্ধ করেছেন, হয়তো তাদেরও অনেক প্রত্যাশা রয়েছে তোমার কাছ থেকে। এমনকি হতে পারে যে মেয়েটি ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার পর তার অভিভাবকেরা এই সম্পর্কটির কথা জেনেছেন? তাকে কি একেবারে নিষেধ করে দিয়ে থাকতে পারেন সম্পর্কটি চালিয়ে যাওয়ার জন্য? ভালো হতো মেয়েটি যদি তোমাকে বিশ্বাসযোগ্য কোনো কারণ উল্লেখ করত। তাহলে হয়তো তুমি নিজেকে বুঝিয়ে কিছুটা হলেও আশ্বস্ত হতে পারতে। বিশেষ করে এমন একটি বিষয় একেবারে আবেগহীনভাবে তোমার কাছে বলেছে বলে, সেটি গ্রহণ করা তোমার জন্য খুব কঠিন হয়েছে। তবে একটি মানুষের প্রত্যাখ্যান কিন্তু প্রমাণ করে না যে তুমি একজন গ্রহণযোগ্য এবং ভালোবাসা পাওয়ার মতো মানুষ নও।
এ ঘটনাটির জন্য নিজের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা কখনো হারাবে না, কেমন? তোমার মধ্যে যে অনেক ভালো ভালো বৈশিষ্ট্য রয়েছে, সেগুলোকে আরও পরিচর্যা করে নিজেকে উৎসাহিত করতে থাকো। আশা করি তুমি এই মানসিক ধাক্কাটি সামলে নিয়ে তোমার যে ভবিষ্যৎ স্বপ্ন রয়েছে, তা বাস্তবায়ন করবে।