এই সময় শিশু যা খাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাপসা গরমে অস্থির সবাই। আর এই গরমে শরীরে দেখা দেয় নানা রকম জটিলতা। সারা দিন ঘেমে ভিজে যেমন জ্বর আর ঠান্ডা লাগার মতো অসুখ হতে পারে, আবার ঘেমে গিয়ে শরীর থেকে বেরিয়ে যায় প্রচুর পানি। যে পরিমাণে পানি বেরিয়ে যায়, সে পরিমাণ পানি শরীরে না নিলে হতে পারে পানিশূন্যতাজনিত অসুখ। এই অসুখে পরিণত বয়সের মানুষের চেয়ে শিশুরা যেন বেশি নাজেহাল হয়ে যায়। এই ঋতুতে মা-বাবাকে শিশুদের খাবারের ব্যাপারে অনেক বেশি সচেতন হতে হবে। সে সম্পর্কেই বলেছেন বারডেম হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক তাহমিনা বেগম।তাহমিনা বেগম বলেন, ‘আমাদের দেশের আবহাওয়া যেমন করে বদলে যাচ্ছে, তাতে গরমটা খুব বেশি অনুভূত হচ্ছে। শিশুর নাজুক ত্বকে যেন এটি বেশি জানান দেয়। শরীর বারবার ঘামে, তাই শরীর থেকে বেরিয়ে যায় প্রচুর পরিমাণে লবণ ও পানি। তাই যত দ্রুত সম্ভব এই পানির ঘাটতি মেটাতে হবে। পানিজাতীয় তরল খাবার দিতে হবে। বারবার শিশুকে পানি খাওয়ানোর কথা মনে করিয়ে দিতে হবে। কেননা, শিশুরা সাধারণত পানি খেতে চায় না। এই গরমে ভাজা-পোড়া কিংবা অনেক বেশি মসলাযুক্ত খাবার শিশুকে না খেতে দেওয়াই ভালো। কয়েক পদের সবজি মিশিয়ে ঝোল রেখে রান্না করে শিশুকে খেতে দেওয়া যেতে পারে। শিশু স্কুলে গেলে পানির পাত্রে করে পানি দিয়ে দিতে হবে। শিশুকে বোঝাতে হবে, পানি খাওয়া ভালো। পানির পাত্রেই হালকা করে শরবত করে দিতে পারেন। খুব গরমে বাইরে থেকে এলে শিশুকে খেতে দিতে হবে লেবুর শরবত কিংবা মৌসুমি ফল দিয়ে তৈরি শরবত। কৃত্রিম কোনো জুস না দেওয়াই ভালো।’ বারডেম হাসপাতালের প্রধান পুষ্টি কর্মকর্তা আখতারুন নাহার বলেন, ছয় মাস বয়স পর্যন্ত শিশুদের ক্ষেত্রে মায়ের বুকের দুধের বিকল্প নেই। তবে বয়স ছয় মাসের বেশি হলে পানিজাতীয় খাবার বেশি দিতে হবে। এ মৌসুমে অনেক ফল পাওয়া যায়। শিশুকে চাইলে আস্ত ফল কিংবা ফল দিয়ে ঘরেই শরবত করে দিতে পারেন। তরমুজ খুব ভালো, লাল রঙের কারণে শিশুরা বেশ পছন্দ করে। তরমুজে আছে ভিটামিন-এ, আয়রন ও পটাশিয়াম। চাইলে বেলের শরবত করে দেওয়া যেতে পারে। বেলে হজম ভালো হয় এবং পেট ঠান্ডা থাকে। কাঁচা আমের শরবত করে কিংবা আম মাখিয়ে খেতে দিতে পারেন শিশুকে। কাঁচা আমে আছে ভিটামিন-সি। শিশুকে লেবুর শরবত করে দেওয়া যেতে পারে কিংবা লেবু আর লবণ-পানি মিশিয়ে খেতে দিতে পারেন। ডাবের পানিও খুব উপকারী।ভারী খাবার দিতে চাইলে শিশুকে চিঁড়া ভেজা আর কলা খেতে দেওয়া যেতে পারে। ভেজা চিঁড়ায় শর্করা আর কলায় আছে আয়রন ও পটাশিয়াম। আবার দুধ দিয়ে পাতলা সেমাই রান্না করে খেতে দিতে পারেন শিশুকে। এ সময়ে বাইরের খাবার না দেওয়াই ভালো। পানিশূন্যতাজনিত সমস্যা হলে শিশুকে খাওয়ার স্যালাইন খেতে দিতে পারেন।