এই সময়ে মানি অর্ডার!
ঢাকা নিউমার্কেটের ব্যবসায়ী আকমল হোসেন। তাঁর ছেলে পড়েন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। প্রতি মাসে বাবা তাঁর পড়ালেখার খরচের জন্য টাকা পাঠান। আগে টাকা পাঠালে তা বিভিন্ন মাধ্যম হয়ে পৌঁছাতে দু-তিন দিন লেগে যেত। কিন্তু এখন ছেলের কাছে তিনি যে টাকা পাঠাচ্ছেন, তা কয়েক মিনিটের মধ্যেই ছেলে নিরাপদে পেয়ে যাচ্ছেন। বাবা-ছেলে দুজনই এখন বেশ স্বস্তিতে আছেন। আর এটি সম্ভব হয়েছে মানি অর্ডারেই। এটি বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল মানি অর্ডার সার্ভিস।ডাক বিভাগের এই সেবায় টাকা পাঠানো যাচ্ছে দ্রুত।যে কারণে এই সেবাগত বছরের মে মাস থেকে এই সেবা কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ ডাক বিভাগ। ডাক বিভাগের মহাপরিচালক মোবাশশেরউর রহমান জানান, প্রধানত দুটি বিষয়কে গুরুত্ব দিয়ে সাধারণ মানুষের প্রয়োজন অনুভব করে ডাক বিভাগ এই সেবা কার্যক্রম চালু করেছে। একটি হলো, দেশের একটি বড় অংশের মানুষ ঢাকা শহরে বিভিন্ন কাজের সঙ্গে জড়িত। মাস শেষে তাঁদের উপার্জিত অর্থ গ্রামে পাঠিয়েদিতে হয়। এ ক্ষেত্রে তাঁদের সাধারণ মানি অর্ডারের মাধ্যমেই টাকা পাঠাতে হয়। কেননা, দেশের প্রত্যন্ত অঞ্চলের সব জায়গায় দ্রুত টাকা পাঠানোর সহজ কোনো মাধ্যম নেই। ডাকযোগে মানি অর্ডার পাঠালে তা প্রাপকের কাছে পৌঁছাতে তিন থেকে সাত দিন পর্যন্ত সময় লাগে। টাকার প্রয়োজনের দিকটি এখানে বাধাগ্রস্ত হয়। এ দিকটি মাথায় রেখে ডাক বিভাগ মোবাইল ফোনে দ্রুত টাকা পাঠানোর প্রকল্পটি চালু করেছে।আবার গ্রামের অর্থনৈতিক অবস্থা চাঙা করতে গ্রামের মানুষকে শহরের টাকার ওপর নির্ভর করতে হয়। তাই গ্রামের অর্থনৈতিক অবস্থা সব সময় চাঙা রাখতে মোবাইল মানি অর্ডার সেবাটি দারুণ কার্যকর হবে।মোবাশশেরউর রহমান বলেন, ‘আমরা চিন্তা করলাম, সারা দেশেই যেহেতু আমাদের ডাকঘর রয়েছে; তাই এ কার্যক্রম চালু করা অনেক সহজ। আর বেসরকারি প্রতিষ্ঠান এ কার্যক্রম চালু করলে তার সার্ভিস চার্জও বেশি হবে। সাধারণ মানুষ এতে উৎসাহ পাবে না।’ দিন দিন মানুষের টাকার চাহিদা বাড়ছে। তাঁদের হাতে দ্রুত টাকা পৌঁছাতেই ডাক বিভাগ মুঠোফোনে আদান-প্রদানের কথা চিন্তা করেছে। ‘সময় গড়িয়ে পুরোনো প্রথা ভেঙে বাংলাদেশ ডাক বিভাগ আজ যে ডিজিটাল সেবার মাধ্যমে মোবাইলে সারা দেশে মানি অর্ডার সেবাকে পরিচিত করছে, তা আরও জনপ্রিয়তা অর্জন করুক। সাধারণ মানুষের হাতে দ্রুত টাকা চলে যাক এবং দূরে থাকুক ভোগান্তি।’ বললেন মোবাশশেরউর রহমান।আগা-গোড়াই প্রযুক্তির ব্যবহারডাক বিভাগের চালু হওয়া মোবাইল মানি অর্ডারের সব কার্যক্রম পরিচালিত হচ্ছে প্রযুক্তির সহায়তায়। বাংলাদেশ ডাক বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল আল মাহাবুব জানান, জেলা পর্যায়ের ডাকঘরসহ ব্যস্ত ডাকঘরগুলোতে এই সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে মোবাইল ফোন ও কম্পিউটারের মাধ্যমে। এ ছাড়া প্রতিটি উপজেলা, বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় ও নির্দিষ্ট কিছু ডাকঘরে শুধু মোবাইল ফোনের মাধ্যমে এই সেবা দেওয়া হচ্ছে। প্রতিটি কম্পিউটার ও মোবাইল ফোনে ইলেকট্রনিক মোবাইল মানি অর্ডার (ইএমও) নামের একটি সফটওয়্যার যুক্ত আছে। এই সফটওয়্যার মূলত সব কার্যক্রম ব্যবস্থাপনা করে থাকে। আল মাহাবুব জানান, যখন বিদ্যুৎ চলে যাবে, সে সময়ও যেন এই সেবা ঠিকমতো দেওয়া যায়, তাই বিকল্প হিসেবে মোবাইল ফোন ব্যবহার করা হচ্ছে। আর কম্পিউটারে আলাদা ইন্টারনেট সংযোগের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ পর্যন্ত সারা দেশের এক হাজার ৫৫০টি বিভিন্ন শ্রেণীর ডাকঘরে এই সেবা দেওয়া হচ্ছে। ঢাকার প্রধান ডাকঘরে কয়েকটি শক্তিশালী কম্পিউটার সার্ভার দিয়ে মোবাইল মানি অর্ডার সার্ভিসের সব কার্যক্রম নিয়ন্ত্রিত হয়। এখান থেকেই সারা দেশে এ সেবার নানা ধরনের সহায়তা দেওয়া হয় বলে জানালেন আল মাহাবুব। যেভাবে পাবেন সেবামোবাইল মানি অর্ডার সার্ভিসের সেবা পেতে হলে টাকা যিনি পাঠাবেন অর্থাৎ প্রেরককে নির্দিষ্ট একটি ফরমে প্রাপকের নাম-ঠিকানা লিখতে হবে। প্রাপকের মোবাইল ফোন নম্বর দেওয়ার বিষয়টি বাধ্যতামূলক নয়, তবে নিরাপত্তার জন্য লিখতে হয়। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রেরকের মোবাইল ফোন নম্বর লেখার বিষয়টি। তারপর টাকার পরিমাণ লিখতে হয়। ফরম পূরণের পর ডাকঘরের এই সেবা প্রদান কাজে নিয়োজিত ব্যক্তিকে তা দিতে হবে। তিনি ফরমের তথ্য মোবাইল বা কম্পিউটারে নিবন্ধন করবেন। এরপর প্রেরকের মোবাইল নম্বরে একটি খুদেবার্তা (এসএমএস) যাবে। সেখানে ১৫ সংখ্যার একটি নম্বর (পারসোনাল আইডেন্টিটিফিকেশন নম্বর—পিন) দেওয়া থাকবে। সেই খুদেবার্তার পিন ও টাকার পরিমাণ প্রাপককে জানিয়ে দিতে হবে। চাইলে প্রেরক সেই খুদেবার্তাটি প্রাপকের মোবাইল ফোনে ফরোয়ার্ড করেও দিতে পারেন। এরপর প্রাপক দেশের যেকোনো প্রান্তে যে ডাকঘরেই এ সেবা চালু আছে, সেখানে পিন নম্বর ও টাকার পরিমাণ উল্লেখ করে একটি ফরম পূরণ করলেই টাকা পেয়ে যাবেন। মজার বিষয় হলো, প্রাপক টাকা পাওয়ার পরপরই প্রেরকের মোবাইল ফোনে আরেকটি খুদেবার্তা পৌঁছে যাবে। যেখানে উল্লেখ থাকবে, টাকাটি প্রাপক পেয়েছেন। আল মাহাবুব যোগ করলেন, সব কাজ করতেই মোবাইল ফোনের ব্যবহার হচ্ছে বলে এ সেবার নাম দেওয়া হয়েছে মোবাইল মানি অর্ডার সার্ভিস।জেনে নিন কিছু নিয়ম-কানুনবাংলাদেশ ডাক বিভাগ কর্তৃপক্ষ জানায়, মোবাইল মানি অর্ডার সেবার মাধ্যমে একটি ফরমে ১০০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত আদান-প্রদান করা যাবে। নিরাপত্তার জন্য শহরের বাইরের ডাকঘরগুলোতে একটি ফরমে সর্বোচ্চ ২০ হাজার টাকা পাঠানো যাবে। আর শহরের ডাকঘরগুলোতে প্রেরক একটি ফরমের মাধ্যমে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাঠাতে পারবেন। এই সেবার জন্য প্রেরককে প্রথম এক হাজার টাকার জন্য ২৭ টাকা এবং পরবর্তী প্রতি হাজার টাকার জন্য ১০ টাকা হারে সার্ভিস চার্জ দিতে হবে। তবে প্রাপককে টাকা তোলার জন্য কোনো ধরনের সার্ভিস চার্জ দিতে হবে না।কিছু সতর্কতামোবাইল মানি অর্ডার সেবা নেওয়ার ক্ষেত্রে টাকার প্রেরক বা প্রাপক উভয়কেই সতর্ক থাকতে হবে। মোবাইলের গোপন পিনটি যেন বিশ্বস্ত ছাড়া আর কেউই না জানে। কেননা, এই পিন কেউ জেনে গেলে ও টাকার পরিমাণ ঠিকমতো বলতে পারলে, সে টাকাটি তুলে নিতে পারবে। এ ক্ষেত্রে ডাক কর্তৃপক্ষের কিছু করার থাকবে না বলে জানান আল মাহাবুব। তাই উভয়কেই এ বিষয়টি মাথায় রাখতে হবে এবং সতর্ক হতে হবে।