এই সময়ে যোগব্যায়াম
হিম হিম শীতের ঝিমঝিম ভাব কাটিয়ে উৎফুল্ল আর কর্মচঞ্চল হয়ে উঠতে জুড়ি নেই যোগব্যায়ামের।বাংলাদেশ ইয়োগা অ্যাসোসিয়েশনের সভাপতি মো. হারুন পরামর্শ দিয়েছেন তেমন কিছু যোগব্যায়ামের অভ্যাসের। যে আসনগুলোর চর্চার মাধ্যমে একদিকে যেমন বাড়বে আপনার কর্মচাঞ্চল্য, অন্যদিকে শীতের বিভিন্ন স্বাস্থ্য সমস্যার সমাধান হবে। মো. হারুন বলেন, তুলনামূলকভাবে শীতের সময়ে নানা শারীরিক সমস্যা বেশি দেখা দেয়। সর্দি, কাশি, হাঁপানি, ত্বকের রুক্ষতা, শরীরের বিভিন্ন পেশিতে ব্যথা, বাতসহ বিভিন্ন সমস্যা প্রকট আকার ধারণ করে। এ সময় তাই করতে পারেন যোগব্যায়ামের ত্রিকোনাসন ও জানুশিরাসন, যা আপনার শরীরের রক্তসঞ্চালন বাড়িয়ে রোগ নিরাময়ে হবে সহায়ক। এ রকম দুটি আসন করার পদ্ধতি দেখিয়েছেন গোল্ড’স জিমের প্রশিক্ষক দয়িতা। জানুশিরাসন দুই পা সোজা করে সামনে ছড়িয়ে বসুন। দুই পায়ের বুড়ো আঙুল পরস্পর একসঙ্গে লাগান। এ সময় আপনার আঙুলগুলো সামনের দিকে ফেরানো থাকবে। বাঁ পা হাঁটুতে ভেঙে শরীরের ভেতরের দিকে নিয়ে আসুন।দুই হাত শরীরের দুই পাশ দিয়ে দম নিতে নিতে মাথার ওপর সোজা করে তুলুন। এ সময় তালু পরস্পর লেগে থাকবে। লম্বা করে দম নিন। দম ছাড়তে ছাড়তে কোমরের ওপরের অংশ সামনের দিকে নামান এবং দুই হাতে পায়ের আঙুলগুলো চেপে ধরুন। এবার দম ছাড়তে ছাড়তে কনুই দুটি ভেঙে দুই পাশে যতখানি দরকার, তা ছড়িয়ে দিয়ে মাথাটা সামনের দিকে নিয়ে যান। তরপর মাথাটা নিচু করে কপালটা হাঁটুতে ঠেকান। দম স্বাভাবিক রেখে এ অবস্থায় ৩০ সেকেন্ড অবস্থান করুন। এবার নিঃশ্বাস নিতে নিতে ধীরে ধীরে সোজা হয়ে বসুন এবং দম ছাড়তে ছাড়তে দুই হাত শরীরের দুই পাশ দিয়ে নামিয়ে আনুন। তারপর বাঁ পা সোজা করুন। একইভাবে বিপরীত দিকে করুন। ৩০ সেকেন্ড শবাসনে বিশ্রাম নিন। এই হলো একবার। এভাবে তিনবার করুন।ত্রিকোনাসন প্রথমে তাড়াসনে দাঁড়ান। ডান পা দেড় ফুট ডান দিকে এবং বাঁ পা দেড় ফুট বাঁ দিকে নিন। দুই হাত সোজা করে দুই পাশের কাঁধ সমান উঁচুতে তুলুন। এ অবস্থায় হাতের তালু দুটি নিচের দিকে এবং একই সরলরেখায় থাকবে। ডান পায়ের পাতা ডান দিকে ৯০ ডিগ্রি এবং বাঁ পায়ের পাতা ৩০-৪০ ডিগ্রি ডান দিকে ঘোরান। এ অবস্থায় পায়ের পাতা টানটান রাখুন। নিঃশ্বাস ফেলতে ফেলতে শরীর কোমর থেকে ওপরের অংশ ধীরে ধীরে ডান দিকে বাঁকান এবং একই সঙ্গে ডান হাত দিয়ে ডান পায়ের গোড়ালি ছোঁয়ার চেষ্টা করুন। বাঁ হাত সোজা টান টান করে কাঁধের সঙ্গে একই সরলরেখায় রাখুন। আপনার দৃষ্টি বাঁ হাতের বুড়ো আঙুলের দিকে নিবদ্ধ করুন। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রেখে ৩০ সেকেন্ড অপেক্ষা করুন। নিঃশ্বাস নিতে নিতে কোমরের ওপরের অংশ আগের মতো সোজা করুন, ডান হাত তুলে পায়ের পাতা আগের মতো সোজা করুন এবং দুই হাত একই সরলরেখায় রাখুন। এবার একইভাবে বাঁ দিকে করুন। ৩০ সেকেন্ড শবাসনে থাকুন। এভাবে তিনবার চর্চা করুন।লক্ষ করুন যোগব্যায়াম অভ্যাসের সময় সুতি ও ঢিলেঢালা পোশাক পরুন। বদ্ধ ঘরে নয় বরং খোলামেলা স্থান বেছে নিন। খাওয়ার কমপক্ষে দুই ঘণ্টা পর যোগব্যায়াম অভ্যাস করুন। সরাসরি মেঝে নয় বরং মেঝেতে একটি ম্যাট অথবা পাটি বিছিয়ে যোগব্যায়াম অনুশীলন করুন। অভিজ্ঞ প্রশিক্ষকের পরামর্শ নিন এবং সঠিকভাবে আসনটির অভ্যাস করুন।