
শীত আসছে। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ত্বক শুষ্ক হয়ে পড়ছে। বড়দের পাশাপাশি ছোটদের ত্বকেও দেখা দিতে পারে এমন সমস্যা। এই সময়টায় শিশুকে প্রতিদিন গোসল করানো যাবে কি না বা কী ধরনের ময়েশ্চারাইজার শিশুর ত্বকে লাগানো যাবে, এ নিয়ে চিন্তায় পড়েন অনেকে।
এ প্রসঙ্গে কথা হলো ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু বিভাগের অধ্যাপক সাঈদা আনোয়ারের সঙ্গে। তিনি জানালেন, এই সময়টাতে শিশুকে প্রতিদিন গোসল করানো যাবে। তবে শিশুর গোসলের জন্য কুসুম গরম পানি ব্যবহার করা উচিত। অতিরিক্ত শীতে শিশুকে এক দিন অন্তর গোসল করালেও চলবে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক সোহেলা আখতার বলেন, প্রতিদিন শিশুকে সকাল ১০টা থেকে বেলা ১১টার মধ্যে গোসল করাতে হবে। এর চেয়ে বেশি দেরি করা ঠিক নয়।
তিনি আরও জানালেন, এ সময় শিশুর ভাইরাসজনিত জ্বর বা কাশি হতে পারে। জ্বর বা কাশি যদি খুব বেশি হয়, তাহলে গোসল করানোর পরিবর্তে শিশুর পুরো শরীর ভালোভাবে মুছিয়ে দেওয়া যেতে পারে। তবে সুস্থ অবস্থায় যেকোনো শিশুকে প্রতিদিন সাবান দিয়ে গোসল করিয়ে দেওয়া ভালো। খেয়াল রাখতে হবে, সাবানটি যেন শিশুর ত্বকের উপযোগী হয়।
সাঈদা আনোয়ার বলেন, শিশুর শরীরে তেল মালিশ করে তারপর গোসল করাতে হবে—এমন ধরাবাঁধা কোনো নিয়ম নেই। তবে চাইলে অলিভ অয়েল অথবা শিশুদের উপযোগী অন্যান্য তেল লাগানো যেতে পারে।
সাঈদা আনোয়ার ও সোহেলা আখতার দুজনই জানালেন, সরিষার তেল শিশুদের ত্বকের জন্য একেবারেই উপযোগী নয়। ময়েশ্চারাইজার হিসেবে শিশুদের উপযোগী লোশন, ক্রিম বা তেল ব্যবহার করা যেতে পারে। প্রতিদিন গোসলের পর ও রাতে ঘুমানোর আগে শিশুকে ময়েশ্চারাইজার লাগিয়ে দিতে পারেন।
সোহেলা আখতার জানালেন, নবজাতকের ত্বকে কিছু না লাগানোই ভালো। তবে নবজাতকের ত্বক শুষ্ক হয়ে পড়লে বা চামড়া উঠে এলে তাকেও শিশুদের উপযোগী লোশন লাগিয়ে দিতে পারেন। নবজাতক শিশুকে রোজ গোসল করানোর প্রয়োজন নেই। তবে তাকে সপ্তাহে তিন দিন সাবান দিয়ে গোসল করাতে হবে।