এই সময়ে শিশুর যত্ন
সকালে নরম রোদের স্নিগ্ধ আমেজ, দুপুরে তপ্ত দাহ আর শেষরাতের দিকে কিছুটা ঠান্ডা। আবহাওয়ার এই পরিবর্তনটা অনেকেই উপভোগ করলেও এরই মধ্যে হয়তো কেউ কেউ হালকা জ্বর আর ঠান্ডা বাধিয়ে ফেলেছেন। ঋতু পরিবর্তনের প্রভাবটা বেশি পড়ে শিশুর ওপর। দুপুরে ঘেমে ভিজে গেলে সেই ঘাম যদি শরীরে শুকিয়ে যায়, তাহলে ঠান্ডা লাগতে পারে। আবার রাতে ঘুমানোর সময় ফ্যান বা শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র ছেড়ে ঘুমালে ভোরের দিকে হালকা শীত অনুভূত হয়। অনেক সময় সকালের শীতভাব থেকেই হয়তো শিশুর হতে পারে জ্বর বা ঠান্ডা-সর্দি আবার কখনো বা হালকা খুশখুশ কাশি।শিশুর এই অসুস্থতার কারণেই মা-বাবার দুশ্চিন্তার অন্ত থাকে না। এই সময় শিশুর স্বাস্থ্য নিয়ে কথা হয় বারডেম হাসপাতালের শিশু বিভাগের প্রধান তাহমিনা বেগমের সঙ্গে। তিনি বলেন, ‘ঋতু পরিবর্তনের কারণেই শিশু একটু অসুস্থ হয়ে যায়। আর এ সময় যে জ্বর হয়, সেটাকে আমরা বলি ভাইরাস জ্বর। ভাইরাস জ্বরের কারণে শিশুর শরীরের তাপমাত্রা হয়তো খুব বেশি থাকে না। কিন্তু শিশু কিছু খেতে চায় না। এ কারণে আগের চেয়ে কিছুটা দুর্বল হয়ে যায়। আবার ঠান্ডার কারণে অনবরত নাক দিয়ে পানি ঝরতে থাকে। হাঁচি-কাশি, আবার কখনো নাক বন্ধ হয়ে যায়। ফলে শিশু মুখ দিয়ে নিঃশ্বাস নেয়। তবে এ পরিস্থিতিতে ঘাবড়ে না গিয়ে ঘরে বসেই শিশুর পরিচর্যা করতে পারেন। শিশু যদি বারবার কাশতে থাকে, তবে তুলসীপাতার রস ও মধু হালকা গরম করে খাওয়াতে পারেন। আবার কয়েক ফোঁটা মধু আর লেবুর রস একসঙ্গে মিশিয়ে খাওয়াতে পারেন। একটু বড় বাচ্চাদের বারবার আদা আর লেবু দিয়ে রং চা করে খাওয়ালে উপকার পাওয়া যাবে। নাক দিয়ে অনবরত পানি পড়লে পাতলা কাপড় দিয়ে মুছতে হবে। তা না হলে শিশুর নাকের নিচে ছিলে যেতে পারে। কারণ, শিশুর চামড়া খুবই পাতলা আর সংবেদনশীল হয়। যদি নাক বন্ধ হয়ে যায় তবে নরসল ড্রপ পাতলা কাপড় বা কটন বাডে লাগিয়ে বন্ধ নাক খুলে দেওয়া যেতে পারে। শরীরের তাপমাত্রা ১০০ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে প্যারাসিটামল সিরাপ খাওয়ানো যেতে পারে। পাতলা ও নরম তোয়ালে ভিজিয়ে বারবার শরীর মুছে দিতে হবে। এ সময় জ্বর হলে কখনো শীত আবার একটু পরই হয়তো গরম অনুভূত হয়। তাই শিশুকে পাতলা সুতি কাপড় পরাতে হবে। রাতে খুব জোরে না হলেও হালকা করে ফ্যান ছেড়ে রাখলে ভালো। কেননা, শরীর ঘেমে ভিজে গেলে ঘামভেজা শরীর থেকে আবার ঠান্ডার সূত্রপাত হয়। আর প্রচুর পরিমাণে ফল খাওয়াতে হবে। শিশু খেতে না চাইলে রস করেও খাওয়াতে পারেন। কারণ, ভিটামিন সি-জাতীয় ফল রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। গোসলটা কিন্তু প্রতিদিনই করাতে হবে। তবে গোসলের পর ভালো করে মাথা মুছে দিতে হবে।