এই সময়ের অনুষঙ্গ
আবার আসছে ঈদ। নতুন পোশাক কেনার হিড়িক না থাকলেও আনুষঙ্গিক জিনিস তো কেনাই যেতে পারে; বিশেষ করে ব্যাগ আর জুতা।পোশাকের সঙ্গে একটু কনট্রাস্ট বা কোনো একটি রঙের সঙ্গে মিলিয়ে ব্যাগ ও স্যান্ডেল চলছে। এ জন্য চলে আসতে পারেন ঢাকার গুলশানে অটবির ক্লজেটে। ব্যাগ, জুতা, পোশাক নিয়ে অটবির এই নতুন আয়োজন। অটবি লিমিটেডের পরিচালক সোহানা নূর বলেন, এখনকার ক্রেতারা অনেক ব্যস্ত। তাঁরা এক জায়গা থেকে ভালো মানের জিনিস কিনতে চান। তাঁদের কথা ভেবেই যাত্রা শুরু ক্লজেটের। এখানে টিনএজ থেকে শুরু করে মধ্যবয়সীদের জন্য বৈচিত্র্যময় সব নকশার ব্যাগ ও স্যান্ডেল আছে। এখানে পোশাকের সঙ্গে মিলিয়ে স্যান্ডেল থাকে, যাতে আপনার কেনাকাটা সহজ হবে।এবারও ফ্ল্যাট স্যান্ডেলের চল, তবে এতে নতুনত্ব এসেছে। নানা ধরনের ফিতার সমাহারে তৈরি গ্ল্যাডিয়েটর স্যান্ডেলগুলো ক্যাপ্রি, লেগিংস বা টাইটসের সঙ্গে বেশ মানিয়ে যায়। সঙ্গে পরতে পারেন কুর্তা বা টপস। জিনস বা অন্য যেকোনো প্যান্টের সঙ্গে ফ্ল্যাট বা একটু উঁচু স্যান্ডেল ভালো দেখাবে। স্কিনি জিনস পরে একটু এলোমেলো লুক আনতে চাইলে স্টেজ শু বা স্যান্ডেল পায়ে গলিয়ে নিতে পারেন। তবে এ ধরনের স্যান্ডেল পরার আগে খেয়াল রাখবেন আপনার ব্যক্তিত্বের সঙ্গে মানানসই হয়েছে কি না।স্টিলেটো হিলের স্যান্ডেল পরে ঈদের সন্ধ্যায় যেকোনো নিমন্ত্রণে চলে যান। জমকালো উৎসবে এই স্যান্ডেল মানানসই। স্যান্ডেলে নানা ধরনের বর্ণিল পুঁতি, পাথরের কাজ ব্যবহার করা হয়েছে। সামনে কয়েক রঙের ফিতা ও পেছনেও ফিতা ব্যবহার করা হয়েছে। পাশাপাশি বাহারি নকশার উঁচু হিলও চলছে। যাঁরা উঁচু স্যান্ডেল পরতে চান, অথচ পরে তেমন স্বাচ্ছন্দ্য পান না, তাঁরা সব দ্বিধাদ্বন্দ্ব ঝেড়ে ব্লক হিল ব্যবহার করতে পারেন। এটি আরামদায়ক হবে। আর হালের জনপ্রিয় ব্যালেরিনা শু তো আছেই। ব্যাগ ও স্যান্ডেলে এখন উজ্জ্বল রঙের ব্যবহার দেখা যাচ্ছে। কালো, সাদা, সবুজের পাশাপাশি কমলা, লাল, গাঢ় পার্পল, গোলাপি রঙের ব্যাগ চলছে। ক্লাচ ব্যাগের আকারে পরিবর্তন এসেছে। কোনোটি বটুয়ার মতো, কোনোটি চারকোণা খামের মতো, আর কোনোটি দৈর্ঘ্যে বড়। আপনার পোশাকের সঙ্গে মানানসই ব্যাগ ও স্যান্ডেল ঈদকে ভিন্নমাত্রা দেবে।রেডিও টুডের কথাবন্ধু আফরিন জানালেন ঈদে উজ্জ্বল রঙের পোশাক পরবেন। ‘পোশাকের সঙ্গে মিলিয়ে স্যান্ডেল ও ব্যাগ ব্যবহার করব। লম্বা হওয়া সত্ত্বেও আমি উঁচু স্যান্ডেল পরতে পছন্দ করি।’ বলেন তিনি।