এই সেই রাজাঝির দীঘি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ফেনীর রাজাঝির বা রাজনন্দিনীর দীঘির জল এমন চমৎকার ছিল যে, একজন রাজসাহী (রাজশাহী) নিবাসী ইন্সপেক্টর আমাকে বলিয়াছিলেন, তিনি ও তাহার সমস্ত পরিবার ম্যালেরিয়া রোগে কঙ্কালসার হইয়া, কেবল এই দিঘীর জল খাইয়া আরোগ্য লাভ করিয়াছিলেন। চারিদিকের গ্রামের ও ট্রাঙ্ক রোডের যাত্রী শত শত লোক প্রত্যহ তাহার জল পান করিত। উহা ফেনীর জীবন ও শোভা, উভয় বলিলেও হয়।’ ফেনীর প্রথম মহকুমা প্রশাসক (১৮৭৬) কবি নবীন চন্দ্র সেন তাঁর ফেনীর কথা বইতে রাজাঝির দীঘি সম্পর্কে এমন কথা লিখেছিলেন। কিন্তু কয়েক শ বছর আগের টলটলে স্বচ্ছ জলের এই দিঘি আজ রূপ-মাধুর্য হারিয়েছে। ময়লা-আবর্জনা পড়ে দিঘির তলদেশ ভারাট হওয়ার উপক্রম হয়েছে। গত কয়েক বছরে দিঘির সুরক্ষা দেয়াল অনেক স্থানে ভেঙে গেছে। ময়লা আবর্জনা বৃষ্টির পানির সঙ্গে মিশে গড়িয়ে পড়ছে দিঘিতে। বর্তমানে দিঘির পানি পানের ও ব্যবহারের অনুপযোগী। ১০ একরেরও বেশি জায়গাজুড়ে দিঘিটি গত ১৯৮৮ সাল থেকে তিন বছর মেয়াদে মাছচাষের জন্য ইজারা দেওয়া হয়। ফেনী জেলা পরিষদ সূত্র জানায়, প্রায় দেড় শ বছর আগে এ দিঘির পাড়ে গড়ে ওঠা প্রশাসনিক কার্যালয়গুলো ১৯৮৪ সালে ফেনী জেলা হওয়ার পর অন্যত্র সরিয়ে নেওয়া হয়। বর্তমানে দিঘির পাড়ে কোনো সরকারি অফিস-আদালত নেই। ভবনগুলো পরিত্যক্ত হিসেবে পড়ে রয়েছে।ফেনীর প্রবীণ বাসিন্দারা জানান, দিঘির চার পাড় ঘিরে একসময় ছিল মজবুত দেওয়াল। এমনভাবে দেওয়াল নির্মাণ করা হয়েছিল—যাতে সড়কের বা বাইরের বৃষ্টির পানি দিঘিতে পড়ে পানি দূষিত করতে না পারে। এ ছাড়া দিঘির চার পাড়ে ছিল বহু নারিকেলগাছ। ফেনী জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী জানান, রাজাঝির দীঘি ফেনীর ঐতিহ্য। এই দিঘি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে। চারপাশের দেয়াল ও পাড় মেরামত করা হলে দিঘিটি হারানো সৌন্দর্য কিছুটা হলেও ফিরে পাবে।