এই হলেন আমার মা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমার ছোট্ট মেয়েটি, মায়া ভরা মুখটি। ছবি: সাবিনা ইয়াসমিন
আমার ছোট্ট মেয়েটি, মায়া ভরা মুখটি। ছবি: সাবিনা ইয়াসমিন

সেবার আমি উচ্চমাধ্যমিক পরীক্ষায় ব্যর্থ হয়েছিলাম। বাবা দু-তিন দিন ধরে আমার সঙ্গে কথাই বলেননি। বড় বোন এটা নিয়ে তিরস্কার করত। নানা জন আমার মেধাশক্তি নিয়ে প্রশ্ন তুলেছিল। ফেল নিয়ে কত্ত জল্পনাকল্পনা। প্রেম করেছিলাম কি না, তা নিয়েও হয়েছে বিস্তর গবেষণা। সবাই বাঁকা চোখে আমার দিকে তাকাত। হাতি গর্তে পড়লে চামচিকাও যে লাথি মারে!
সেই দুঃসময়ে মা-ই একমাত্র আমার পাশে ছিলেন। ফেল করার পর মা কী বলেছিলেন জানেন?
বলেছিলেন, ‘কতজনই তো কতবার ফেল করে। আর আমাদের ছেলে তো এবারই প্রথম!’
সেই এক ব্যর্থতা থেকেই বুঝে গিয়েছিলাম, এই পৃথিবীতে আমাকে নিঃস্বার্থভভাবে যদি কেউ ভালোবেসে থাকেন, তবে তিনি আমার মা।
ব্যর্থদের ভালোবাসার ক্ষমতা সব মানুষের থাকে না। মানুষের গুণগুলোকে সবাই ভালোবাসে। কিন্তু দোষগুলোকে ভালোবাসে কজন?
মা সেই বিরলতম মানুষদের একজন, যিনি আমার দোষ-গুণ, ব্যর্থতা—সবকিছুকেই ভালোবাসেন।
একবার বড় বোন দুষ্টুমি করে মায়ের কাছে মিথ্যা অভিযোগ করেছিল, ‘মা, তোমার ছেলে তো প্রেম করে। মোবাইলে কথা বলে!’

প্রত্যুত্তরে মা যা বলেছিলেন, তাতে আমি স্তম্ভিত!

মা বলেছিলেন, ‘রূপক প্রেম করে তো করুক না। এই বয়সে ওসব এক-আধটু হয়!’

এই হলেন আমার মা!

আমার প্রেম না হওয়ার পেছনে মায়েরই হাত দেখি। সেই ছোটবেলায় মা আমার কপালে কাজলের কালো বৃত্ত এঁকে দিতেন, যাতে আমার ওপর কারও নজর না লাগে!

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।