এইখানে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচণ্ড মাথাব্যথা করছে মিতুলের। আজকাল এই ব্যথাটা প্রায়ই হচ্ছে। ব্যথাটা কপালের ঠিক মাঝখান থেকে শুরু হয়। সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। একটা সময় কপালের দুই প্রান্তে গিয়ে অবস্থান নেয়। কপালের দুই পাশে হাত দিলে তখন মনে হয় ব্যথায় জায়গাটা ভেতরে ঢুকে যাচ্ছে, আবার বাইরে বেরিয়ে আসছে। ব্যথাটা আজকাল বেশি বেশি হওয়ার একটা ছোটখাটো কারণও বের করে ফেলেছে মিতুল। যখনই দুশ্চিন্তা হচ্ছে তখনই এই ভয়ানক ব্যথা হানা দিচ্ছে।সেবার মিড টার্ম পরীক্ষার সময়েও এমন হলো। পরীক্ষার হলে বসে খাতায় নামধাম লেখা শেষ, এমন সময় এক সহপাঠীর কাছ থেকে জানতে পারল, আজ ফিজিক্স নয়, কেমিস্ট্রি পরীক্ষা। সঙ্গে সঙ্গে মিতুলের মাথা দপ করে উঠল। সর্বনাশ! সে তো ফিজিক্সের প্রস্তুতি নিয়ে এসেছে। তারপর যা হওয়ার হলো। মাথাব্যথায় কী যে সেদিন পরীক্ষার খাতায় সে লিখেছিল তা নিজেও জানে না।আজ মাথাব্যথা বেড়েই চলেছে। প্রচণ্ড মাথাব্যথা নিয়েই মিতুল বাইরে বেরিয়ে পড়ল। ঘর থেকে বের হয়ে বড় রাস্তায় উঠল সে। বড় রাস্তার ওপাশে ফসলের মাঠ। উঁচু রাস্তা দিয়ে সাবধানে মাঠে নামল সে। ধানখেতের আল বেয়ে হেঁটে চলতে চলতে তার চোখে এসে ভিড় করল অতীতের সব স্মৃতি। এই বড় রাস্তা, এই ধানখেত, বড় বাড়ির বৈঠকখানার সামনের মাঠ, নদীর তীর, প্রতিটি জায়গার ধুলো গায়ে মেখে বড় হয়েছে সে। কত মিঠা-তিক্ত স্মৃতি মিশে আছে এখানে।মিতুলের মাথার ওপর তাতানো রোদ। মাথাব্যথাটা বেড়েই চলেছে। হাঁটতে লাগল মিতুল। এই তো সেই উত্তরের মাঠ। মাঠের উত্তর দিকটা জঙ্গল দিয়ে ঘেরা আছে এখনো। এই জঙ্গলের একটু ভেতরেই সেই কূপ। মিতুলরা ছিল তিন বন্ধু। মিতুল, টুটুল আর ছোটন। ছোটনটা বেশ দুষ্টু ছিল। আর সে ছোটনের সম্পূর্ণ বিপরীত। শান্ত ভদ্র। টুটুলও অবশ্য অশান্ত ছিল। তবে টুটুলের সঙ্গে সঙ্গে সেও মাঝেমধ্যে দস্যি হয়ে উঠত। কত খেলা খেলত তারা—লুকোচুরি, কানামাছি। টুটুল বেশ ভালো মার্বেল খেলতে পারত। ওর হাতের টিপ ভালো ছিল। আরও একটা বিশেষ খেলা খেলত তারা। এটাকে খেলা না বলে মজা করা বলা যেতে পারে। নদীর পাড়ে, বড় রাস্তার ধারে অথবা উঁচু কোনো স্থানে দাঁড়িয়ে থাকা কাউকে হঠাৎ ধাক্কা দেওয়া এবং পড়ে যাওয়ার আগে ধরে ফেলা। যাকে ধাক্কা দেওয়া হতো তার ভয়ার্ত মুখ দেখাই এ খেলার সবচেয়ে মজার অংশ।টুটুল হাঁটতে হাঁটতে জঙ্গলের ভেতরে কূপের কাছে চলে এল। এই সেই কূপ। এই কূপ নিয়ে তাদের তিন বন্ধুর কত আগ্রহই না ছিল। যতই কৌতূহল নিয়ে তারা দেখতে চাইত পুরোনো এই কূপটাকে, ততই রহস্যময় মনে হতো। পুরোনো এই কূপটাকে আরও রহস্যময় করে রাখত কূপ থেকে আসা গ্যাসের গন্ধ আর কয়েক স্তর মাকড়সার জাল। আজও কূপটি তেমনই রয়েছে।দীর্ঘ নিঃশ্বাস ফেলল মিতুল। এখনো তার মনে আছে। কতটুকু আর ছিল সে, ক্লাস থ্রি-ফোর হবে। সেদিন দুপুরে তারা এসেছিল এই কূপের ধারে। সে, টুটুল আর ছোটন। ১০-১২ বছর আগের কথা। কূপের ভেতর যথারীতি উঁকি দিয়ে দেখছিল তারা। হঠাৎ মাথায় দুষ্টু বুদ্ধি খেলে যায় মিতুলের। ধাক্কাধাক্কি খেলার কথা মনে পড়তেই পাশে আগ্রহ ভরে কূপের দিকে তাকিয়ে থাকা ছোটনকে সজোরে ধাক্কা দেয় সে। কিন্তু ধরে ফেলার আগেই দুর্ঘটনাটা ঘটে যায়। মিতুলের জীবনের সবচেয়ে বড় দুর্ঘটনা। যার ফল আজও বয়ে বেড়াচ্ছে সে। পা ফসকে দুর্ভেদ্য মাকড়সার রহস্য জাল ভেদ করে কূপের মধ্যে পড়ে যায় ছোটন। কোনো ছপ-ছপাৎ শব্দও শোনেনি তারা। শুধু একটাই শব্দ শুনেছিল তারা ‘মি-তুল’।কূপের দিকে অবাক হয়ে তাকিয়ে থেকে পরে বাড়িতে চলে গিয়েছিল তারা। কাউকে কিছু বলেনি। এসব কথা কাউকে বলাও যায় না।বাড়িতে ফিরে সারাক্ষণ ছটফট করেছিল সে। কখন ছোটনের মা চলে আসেন। ছোটনের বাবা বেঁচে ছিলেন না। ছোটনের মা ছোটনকে খুঁজতে আসেননি। বাড়ি অন্য গ্রামে থাকায় দেখাও হয়নি তাঁর সঙ্গে মিতুলের। টুটুলের সঙ্গেও আর দেখা হয়নি। টুটুলও আর আসেনি তার কাছে।টুটুল কি তাকে খুনি ভেবেছে? ভাবাই তো উচিত। মাথাব্যথাটা আর সহ্য করতে পারছে না মিতুল। কূপের ভেতর পা ঝুলিয়ে বসে পড়ল সে। সবকিছু কেমন ঝাপসা লাগছে। পায়ে তার জড়িয়ে গেছে মাকড়সার জাল। মনে হচ্ছে জীবনের ভয়াবহতার জাল তাকে জড়িয়ে ফেলেছে। পিছল শ্যাওলা পড়া কূপের দেয়ালে পা লাগিয়ে সে নিজেকে ঝুলিয়ে দিতে লাগল। তারপর...মিতুল শুধু ছপ-ছপাৎ শব্দ শুনতে পেল।মাঠের পাশে জঙ্গলের পুরোনো কূপের ভেতর কী হলো তা জগতের কেউ জানতে পারল না। ইল্লিন মাহমুদ