এইচআইভি ঠেকাতে গরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচআইভি নামের ভাইরাসটি আমাদের অতি পরিচিত প্রাণী গরুর কাছে মোটেও ভয়াবহ নয়। কারণ চতুষ্পদ জন্তুটি এই এইচআইভির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ‘অসাধারণ’ সামর্থ্য রাখে। যুক্তরাষ্ট্রের একদল গবেষক এই তথ্য দিয়ে বলেছেন, এটা মানুষের জন্য এইডস রোগের প্রতিষেধক বা টিকা তৈরির কাজে লাগতে পারে।

নেচার সাময়িকীতে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে ওই বিজ্ঞানীরা বলেন, গরুর শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থা খুবই শক্তিশালী। প্রাণীটির শরীর এইচআইভি ভাইরাসকে নিষ্ক্রিয় করার জন্য দ্রুত বিশেষ অ্যান্টিবডি উৎপাদন করতে পারে। মানুষের মধ্যে মাত্র ১০ থেকে ২০ শতাংশের এ রকম প্রাকৃতিকভাবে এইচআইভি প্রতিরোধী শক্তিশালী অ্যান্টিবডি উৎপাদনের সামর্থ্য থাকে। আর থাকলেও সেটা সংক্রমণের প্রায় দুই বছর পরে শুরু হয়। তত দিনে ভাইরাসটা সাধারণত অনেক পরিবর্তিত হয়ে বড় পরিসর নিয়ে নেয়। কিন্তু গরুর শরীরে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে অ্যান্টিবডি উৎপাদন শুরু হয়ে যায়। পরীক্ষা চালিয়ে দেখা যায়, ৩৫ থেকে ৫০ দিনের মধ্যেই প্রাণীটি এইচআইভি প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি করতে পারে। যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট এটাকে ‘অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ ধাপ’ বলেছে। প্রতিষ্ঠানটির পরিচালক অ্যান্থনি ফক বলেন, ‘এত দিন অবধি এইচআইভিকে সাংঘাতিক শক্তিশালী বলেই সবাই জানত। এখন এই ভাইরাস প্রতিরোধের সহজাত সামর্থ্য কারও মধ্যে দেখতে পাওয়ার ব্যাপারটা উৎসাহব্যঞ্জক, সেটা মানুষের মধ্যেই হোক অথবা অন্য প্রাণীর মধ্যে।’

গরু এমনিতে এইচআইভি-আক্রান্ত হয় না। আর তাদের শরীরে উৎপাদিত অ্যান্টিবডি মানুষের চিকিৎসায় ব্যবহারের অনুপযোগী। তবু বিজ্ঞানীরা আশা করছেন, এইচআইভির টিকা তৈরির কাজে এটা সহায়ক হবে। গবেষক দলটির প্রধান স্ক্রিপস রিসার্চ সেন্টারের বৈজ্ঞানিক পরিচালক ডেনিস বার্টন এ কথা বলেছেন। টেক্সাস এ অ্যান্ড এম ইউনিভার্সিটির উদ্যোগে এই গবেষণা সম্পন্ন হয়েছে।