এইচএসসি পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসসি পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রামের মিরসরাইয়ের পরীক্ষার্থীরা। গত সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মিরসরাই প্রেসক্লাব চত্বরে ওই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে মিরসরাই ডিগ্রি কলেজ, নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ, বারইয়ারহাট ডিগ্রি কলেজ, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ, মহাজনহাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। মানববন্ধনে অংশ নেওয়া পরীক্ষার্থীরা জানায়, আগামী ২ মে কৃষিশিক্ষা প্রথম পত্র, ৩ মে ব্যবসায় নীতি ও প্রয়োগ প্রথমপত্র, ৪ মে ইংরেজি দ্বিতীয়পত্র (শুধু চট্টগ্রাম বোর্ডে), ৫ মে কৃষিশিক্ষা দ্বিতীয়পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ব্যবসায় নীতি ও প্রয়োগ সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হতে যাচ্ছে। এতে পরীক্ষার পূর্ণ প্রস্তুতি নেওয়া অনেকটাই কষ্টসাধ্য। মানববন্ধনকালে বক্তব্য দেন তারেক আহম্মদ, আশিক কর্মকার, সৌরভ দত্ত, নিজাম উদ্দিন, মোহাম্মদ ছোটন. সফিকুল আলম প্রমুখ। নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী তারেক আহম্মদ জানান, বিগত বছরগুলোতে পরীক্ষার সময়সূচিতে বিরতি দিয়ে পরীক্ষা গ্রহণের কারণে পরীক্ষার্থীরা ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশ নিতে পেরেছে। কিন্তু এ বছর বিরতিহীন চারটি পরীক্ষা গ্রহণের সময়সূচি প্রকাশ করা হয়েছে। পরে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেনের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে।