সম্প্রতি প্রযুক্তি বাজারে এসেছে এইচপি ব্র্যান্ডের চতুর্থ প্রজন্মের ল্যাপটপ (মডেল এইচপি জে জিরো থি সেভেন টিএক্স)। মাল্টিমিডিয়া ল্যাপটপটিতে রয়েছে বিল্টইন উইন্ডোজ অ্যাট অপারেটিং সিস্টেম। এতে ব্যবহার করা হয়েছে কোরআই সেভেন প্রসেসর।
এ ছাড়া ল্যাপটপটিতে রয়েছে চার গিগাবাইট র্যাম, এক টেরাবাইট হার্ডডিস্ক ও দুই জিবি গ্রাফিকস কার্ড। এতে ব্যবহার করা হয়েছে টার্বোবুস্ট প্রযুক্তি ও এইচপি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
করপোরেট প্রফেশনাল, গ্রাফিকস ডিজাইনার, অভিজাত ব্যবসায়ী ও গেমারদের জন্য ল্যাপটপটি বেশ উপযোগী। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ রুপালি রঙের ল্যাপটপটির দাম রাখা হচ্ছে ৮১ হাজার ৫০০ টাকা।
প্রযুক্তি বাজারে আরও পাওয়া যাচ্ছে আসুসের (জিটিএক্স৭৭০-ডিসি-২ওসি মডেল) গেমিং গ্রাফিকস কার্ড। দীর্ঘ স্থায়িত্ব এবং কম্পিউটার গেমিংয়ের সুবিধা নিশ্চিত করতে এতে ব্যবহার করা রয়েছে সুপার অ্যালয় পাওয়ার ও ওভারক্লকিং ফিচার। অত্যাধুনিক এ গ্রাফিকস কার্ডটিতে রয়েছে দুই জিবি ভিডিও মেমোরি, সাত হাজার ১০ মেগাহার্টজ মেমোরি ক্লক, ২৫৬-বিট মেমোরি ইন্টারফেস, একটি এইচডিএমআই আউটপুট ও একটি ডিসপ্লে পোর্ট।
নিজস্ব প্রতিবেদক