কাপ্তাই উপজেলায় এইডস রোগী আছে কি না, দেখার জন্য বিনা মূল্যে রক্ত পরীক্ষা করা হবে। বিশ্ব এইডস দিবসের অনুষ্ঠানে এই ঘোষণা দেন চন্দ্রঘোনা খ্রিশ্চিয়ান হাসপাতালের পরিচালক এম স্টিফেন চৌধুরী। তিনি বলেন, ‘বাংলাদেশে প্রায় ১২ হাজার এইডস রোগী আছে। কিন্তু কাপ্তাই উপজেলায় এ রকম রোগী আছেন কি না, তার কোনো সঠিক তথ্য সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে নেই। কারও শরীরে এইচআইভি/এইডস ভাইরাস পাওয়া গেলে উপযুক্ত চিকিৎসায় রোগ সেরে যাওয়ার সম্ভাবনা আছে।’ উপজেলা স্বাস্থ্য বিভাগ, ব্র্যাক, খ্রিশ্চিয়ান হাসপাতাল ও লেপ্রোসি মিশনের যৌথ উদ্যোগে বিশ্ব এইডস দিবস উপলক্ষে ২ ডিসেম্বর শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনুপ দেওয়ানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অংসুই ছাইন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. দিলদার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম ও এম স্টিফেন চৌধুরী। স্বাস্থ্য কর্মকর্তা রুইহ্লা অং মারমার উপস্থাপনায় আরও বক্তব্য দেন ব্র্যাক কর্মকর্তা মো. সৈয়দ নুর, চিকিৎসক মো. সোলায়মান, মাসুদ আহমেদ, ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান অংলাচিং মারমা ও কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কাজী মোশাররফ হোসেন।