এইডস-সচেতনতার নাটক সতর্ক সংকেত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বন্ধু। একজন পকেটমার, অন্যজন চোর। দুজনের দুই পেশা হলেও মনের মিল থাকায় তাঁদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছে। একদিন দুই বন্ধু নিজ নিজ কাজের উদ্দেশে বের হন। কিন্তু পথে তাঁদের সামনে হাজির হয় অদ্ভুত এক প্রাণী। প্রাণীটি দেখে তাঁরা ভড়কে যান। একে অন্যকে জড়িয়ে ধরে কোনো রকমে আত্মরক্ষার পথ খুঁজতে থাকেন। এদিকে ভীতসন্ত্রস্ত দুই বন্ধু অনেক সাহস করে প্রাণীটির নাম-ঠিকানা জানতে চান। অদ্ভুত এই প্রাণী তাঁদের জানায়, তার নাম হচ্ছে এইডস এবং সে একটি মরণব্যাধি। দুই বন্ধু আরও ভীত হয়ে পড়েন। কারণ তাঁরা এই মরণব্যাধিটি সম্পর্কে জানেন না। নাটকের বিভিন্ন পর্যায়ে তাঁরা এই প্রাণীর কাছ থেকে এইডস বিষয়ে নানা তথ্য পান। রোগটি কী কারণে হয়, কীভাবে ছড়ায়, কীভাবে ছড়ায় না এবং প্রতিরোধের নানা উপায় সম্পর্কে তাঁরা জানতে পারেন। নাটকের একপর্যায়ে এক নবদম্পতির আগমন ঘটে। অদ্ভুত সেই প্রাণীকে দেখে তাঁরাও ভড়কে গিয়ে এদিক-ওদিক ছোটাছুটি শুরু করেন। কিন্তু এইডসের সঙ্গে কিছুক্ষণ আলাপচারিতার পর তাঁদেরও ভয় কেটে যায়। তাঁরা দুজনই বুঝতে পারেন বিষয়টি নিয়ে লজ্জা পাওয়া উচিত নয়। সবাই সচেতন হলেই এই মরণব্যাধি থেকে রক্ষা পাওয়া সম্ভব। নাটকের নাম সতর্ক সংকেত। ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস উপলক্ষে নগরের বেশ কয়েকটি এলাকায় এই সচেতনতামূলক পথনাটকের প্রদর্শনী হয়েছে।শামীম আহমেদের রচনা ও নির্দেশনায় এবং উন্নয়ন সংগঠন উৎস-এর পরিবেশনায় এইচআইভি এবং এইডসবিষয়ক সচেতনতামূলক এই নাটকে সমাজের সব স্তরের মানুষের সচেতনতার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেন সুমন সরকার, আহসানুল্লাহ হাসান, আরিফুর রহমান, কাউসার খান, মো. সুলতান ও হোসনে আরা।