এইডসকে কোনো সুযোগ দেবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

১৯৮৮ সাল থেকে প্রতিবছর ডিসেম্বর মাসের প্রথম দিনটি বিশ্ব এইডস দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এর লক্ষ্য হচ্ছে রোগটি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, এ ব্যাপারে লজ্জা বা দ্বিধা দূর করা, এইচআইভি শিক্ষার উন্নয়ন এবং এ ঘাতকব্যাধির বিরুদ্ধে বৈশ্বিক প্রতিক্রিয়া হিসেবে বিভিন্ন সম্পদ একত্র করা। ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত বিশ্ব এইডস দিবস উদ্যাপনের একটি আন্তর্জাতিক প্রতিপাদ্য হলো: ‘শূন্যে নামিয়ে আনা’, অর্থাৎ এইচআইভির নতুন সংক্রমণ, আক্রান্ত ব্যক্তিদের প্রতি বৈষম্য এবং এইডসজনিত মৃত্যু যেন আর না হয়। বাংলাদেশ সরকারের নেতৃত্বে ও গ্লোবাল ফান্ডের সমর্থনে এবং ইউএনএফপিএসহ জাতিসংঘের বিভিন্ন সংস্থার সহায়তায় এইচআইভি/এইডস প্রকল্পে এ পর্যন্ত উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। আর এ দেশে রোগটির সামগ্রিক বিস্তার শূন্য দশমিক ১ শতাংশেরও কম রয়েছে।
ঢাকায় যাঁরা শরীরে সুচ ফুটিয়ে মাদক নেন, তাঁদের মধ্যে এইচআইভির উপস্থিতি ২০০৭ সালে ৭ শতাংশ এবং ২০১১ সালে ৫ দশমিক ৩ শতাংশ ছিল। এ থেকে বোঝা যায়, ভাইরাসটির বিস্তার নিয়ন্ত্রণে রয়েছে। আর জনসংখ্যার অন্যান্য গুরুত্বপূর্ণ অংশের মধ্যেও (যেমন: নারী যৌনকর্মী, সমকামী পুরুষ এবং তৃতীয় লিঙ্গের মানুষ) এইচআইভির প্রাদুর্ভাব কম রয়েছে (শূন্য থেকে ২ শতাংশের মধ্যে)।
তবে বাংলাদেশের জনমিতি অনুযায়ী, এইচআইভি প্রতিরোধ প্রকল্পে উল্লেখযোগ্য বাধা রয়েছে। বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ। এখানে রয়েছে দারিদ্র্য, শিক্ষার নিম্নহার ও লিঙ্গবৈষম্য । এ ছাড়া এ দেশের মানুষের মধ্যে সীমান্ত অতিক্রম করে অন্য দেশে যাওয়ার প্রবণতা রয়েছে । এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ২০০৫ থেকে ২০১৩ সালের মধ্যে নতুন করে এইচআইভি সংক্রমণের হার ৬ শতাংশ কমেছে। তবে বাংলাদেশে ২০০১ থেকে ২০১২ সাল পর্যন্ত নতুন সংক্রমণের হার আনুমানিক ২৫ শতাংশ বেড়েছে। আর গত পাঁচ বছরে দেশটিতে নতুন সংক্রমণ প্রায় দেড় গুণ বেড়েছে। বাংলাদেশে এইচআইভি বহনকারীর সংখ্যা আনুমানিক ৯ হাজার ৫০০। তবে তাঁদের মাত্র প্রায় এক-তৃতীয়াংশ মানুষের শরীরে এইচআইভির উপস্থিতি শনাক্ত করা হয়েছে এবং চিকিৎসার আওতায় এসেছেন মাত্র ১ হাজার ১৫০ জন। যেসব এইডস রোগীর অ্যান্টি রেট্রোভাইরাল প্রয়োজন, তাঁদের তা বিনা মূল্যে দিচ্ছে বাংলাদেশ। তবে এটাও ঠিক যে চিকিৎসাসুবিধা পাওয়ার জন্য মানুষকে জানতে হবে তাঁদের এইচআইভি আছে কি না। বাংলাদেশে এইচআইভি পরীক্ষা করা এবং পরামর্শ দেওয়ার মতো স্বাস্থ্যসেবার সুবিধা এখনো খুবই সীমিত। তাই এইচআইভি নির্ণয় ও এ সংক্রান্ত পরামর্শ ব্যবস্থার উন্নতি করতে হবে এবং বিষয়টিকে কমিউনিটিবেসড রোগ নির্ণয়ের পদ্ধতির সঙ্গে সমন্বয় করতে হবে। যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবার সঙ্গে এইচআইভি নির্ণয় ও পরামর্শের বিষয়টিকে সংযুক্ত করলেই এটা সম্ভব।
২০১৪ সালে নতুন এইচআইভি ধরা পড়েছে যাঁদের, তাঁদের প্রায় এক-তৃতীয়াংশই নারী এবং নতুন এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের ১০ শতাংশের বয়স ১৯ থেকে ২৪ বছরের মধ্যে। বিদেশগামী এবং স্বদেশ প্রত্যাগত জনসংখ্যার উচ্চহার, এইচআইভি সম্পর্কে তরুণ-তরুণীদের সঠিক ধারণার অভাব প্রভৃতি কারণে বাংলাদেশে এ জীবাণু বিস্তারের ঝুঁকি বাড়ছে।
তাই আমাদের কিশোর-কিশোরী ও তরুণ বয়সীদের সঠিক ধারণা দিতে হবে। ১৫ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে মাত্র ১৩ শতাংশ কিশোরী-তরুণী এবং ২৩ শতাংশ কিশোর-তরুণ যৌনবাহিত এইচআইভি সংক্রমণ প্রতিরোধের সঠিক উপায়গুলো জানেন এবং এ ভাইরাস সম্পর্কে নানা ভুল ধারণা সম্পর্কে সচেতন। জাতীয় কৌশলগত পরিকল্পনার ভিত্তিতে আমরা জানি যে ঝুঁকিতে থাকা অধিকাংশ কিশোর-কিশোরীই (এমএআরএ) সেই জনসংখ্যার অন্তর্ভুক্ত, যাঁদের এইচআইভিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি। অতএব সঠিক জ্ঞান এবং যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবার সহজলভ্যতা এবং তরুণদের উপযোগী তথ্য সরবরাহ ও সেবার ব্যবস্থা থাকলেই এইচআইভি ও যৌনবাহিত অন্যান্য সংক্রমণের (এসটিআই) ব্যাপারে সচেতনতা বাড়বে।
এইচআইভি বা এইডসের মোকাবিলার জন্য জেন্ডারভিত্তিক সহিংসতা (জিভিবি) দমন করাও প্রয়োজন। এইচআইভি সংক্রমণের ঝুঁকির সঙ্গে জিভিবির সম্পর্ক রয়েছে। বাংলাদেশে জিভিবির হার অনেক বেশি। ২০১১ সালে নারীর প্রতি সহিংসতা নিয়ে চালানো এক জরিপের ফলে এ তথ্য পাওয়া যায়। এ ধরনের সহিংসতা ও নির্যাতন বন্ধ করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগে এইচআইভি প্রতিরোধের বিষয়টি অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। জীবাণুটির ছড়িয়ে পড়া প্রতিরোধের জন্য সঠিক রোগ নির্ণয় জরুরি। এ জন্য স্বাস্থ্যসেবা ও সামাজিক পরিচর্যা নিশ্চিত করতে হবে। আক্রমণের আগেই সংক্রমণ এড়ানোর জন্য স্বাস্থ্য বিভাগকে জিবিভি দমনের প্রতি গুরুত্ব দিতে হবে। শাস্তিমূলক বিভিন্ন আইন ও নীতিমালা প্রয়োজনে শিথিল করতে হবে। কারণ, এগুলো মানুষের মধ্যে ভুল ধারণা ছড়াতে পারে এবং এ কারণে তাঁরা প্রয়োজনীয় সেবা নেওয়া থেকে বিরত থাকতে পারেন।
এইচআইভি ও এইডস সম্পর্কে বৈশ্বিক অভিজ্ঞতায় দেখা যায়, সংক্রমণের হার কম হলেও এইচআইভির বিস্তার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। এইচআইভিমুক্ত বাংলাদেশ গড়তে হলে এ বিষয়ে সঠিক শিক্ষা এবং যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।
ইউএনএফপিএর একটি প্রতিবেদন থেকে অনূদিত