এইডসের চিকিৎসা-পদ্ধতিতে আরেক ধাপ অগ্রগতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মরণব্যাধি এইডসের জন্য দায়ী এইচআইভি ভাইরাস প্রতিরোধে অগ্রগতি হয়েছে। গবেষকদের এই সাফল্যকে রোগটির নতুন চিকিৎসাপদ্ধতি আবিষ্কারের পথে আরও এক ধাপ অগ্রগতি বলে বিবেচনা করা হচ্ছে।নেচার সাময়িকীতে প্রকাশিত গবেষণা নিবন্ধে বলা হয়, বিজ্ঞানীরা এইচআইভি ভাইরাসের অভ্যন্তরীণ আণবিক গঠনের একটি নমুনা প্রথমবারের মতো তৈরি করেছেন। এতে দেখা যায়, ভাইরাসটির প্রাণঘাতী বৈশিষ্ট্য রক্ষার জন্য একধরনের কোণ-আকৃতির বর্ম রয়েছে। মানবদেহের কোষে প্রবেশের আগ পর্যন্ত ভাইরাসটির এই সুরক্ষাব্যবস্থা সক্রিয় থাকে। তবে দেহকোষে প্রবেশের পর এই ব্যবস্থায় ভাঙন দেখা দেয়। উচ্চ ক্ষমতার অণুবীক্ষণ যন্ত্র, বিস্তারিত এক্স-রে বিশ্লেষণ এবং অতি-উচ্চগতির সুপারকম্পিউটারের সমন্বয়ে ওই নমুনা তৈরি করা হয়েছে। এতে প্রায় এক হাজার ৩০০ প্রোটিনের অভ্যন্তরে লাখ লাখ পরমাণুর উপস্থিতি শনাক্ত করা হয়। সংশ্লিষ্ট গবেষক ও যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্লস শুল্টেন বলেন, এইচআইভি ভাইরাসের অভ্যন্তরীণ গঠনে সম্পূর্ণ বিপরীতধর্মী দুটি বৈশিষ্ট্য চিহ্নিত করা হয়েছে। এতে জিনগত উপাদান সুরক্ষিত থাকে। কিন্তু একবার মানবদেহে প্রবেশের পর এই ভাইরাসের জিনগত উপাদান সেখানেই ছড়িয়ে পড়ে এবং এ প্রক্রিয়ায় সময়ের সূক্ষ্ম ভারসাম্য বজায় থাকে।সংশ্লিষ্ট অপর গবেষক ও পিটসবুর্গ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী পেইজুন ঝ্যাং বলেন, এই উদ্ভাবনের ফলে নতুন ওষুধ আবিষ্কারের মাধ্যমে এইডস প্রতিরোধে সাফল্যের সম্ভাবনা দেখা দিয়েছে। এ ক্ষেত্রে রোগটি ধরা পড়ার সঙ্গে সঙ্গেই এর সংক্রমণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রয়োজন পড়বে এবং নতুন ওষুধটি প্রচলিত ওষুধের পরিপূরক হিসেবে কাজ করবে। ইনডিপেনডেন্ট।