এইসব শোকগাথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ জানুয়ারি, ২০১১। ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী অংশে সড়ক দুর্ঘটনায় নয় পুলিশ সদস্যের মৃত্যু স্তব্ধ করে দেয় আমাদের। স্বজন হারা সেইসব পরিবারের কথা নিয়ে মূল রচনা। লিখেছেন সুমন মোল্লা‘বাবা আর চিপস কিনে দেবে না’বাবা কাকে বেশি আদর করত? প্রভার স্পষ্ট উত্তর—আমাকে। তবে লিপুর উত্তরে প্রভার দাবি উড়ে গেল—‘প্রভা মিথ্যা বলেছে, আসলে আব্বু আমাদের সবাইকে সমান আদর করত’। বেশি আদর পাওয়ার প্রমাণ হিসেবে প্রভার যুক্তি, ‘আব্বু আমাকে কোলে নিত, ভাইয়াকে কি নিত’? লিপুরও পাল্টা যুক্তি তৈরি ‘আব্বু আমাকে নিয়ে ফুটবল খেলত, প্রভাকে নিত না, সে দাঁড়িয়ে শুধু দেখত’। বাবার ভালোবাসার পরশ নিয়ে এই যুক্তি-তর্ক নরসিংদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত জিয়াউল হকের দুই সন্তান প্রভা আর লিপুর। জিয়াউল হক নরসিংদীর বেলাব থানার পরিদর্শক (তদন্ত)। গত শনিবার মালবোঝাই একটি ট্রাকের সঙ্গে পুলিশের ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তাঁর সঙ্গে পুলিশের আরও আট সদস্য মারা যান। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে নিয়ে জিয়াউল হকের ছোট সংসার।বড় ছেলে লিপু আজিমপুর ক্যাম্পাস কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণীর ছাত্র। আর প্রভা পড়ে একই স্কুলের দ্বিতীয় শ্রেণীতে। তাদের আরেক ভাই রাফির বয়স তিন বছর। বৃহত্তর ময়মনসিংহের জামালপুর জেলার মেলান্দহ উপজেলার নিভৃত ছোট বাঘডোবা গ্রামে তাঁর জন্ম। তিন ভাই এক বোনের মধ্যে জিয়াউল হক সবার ছোট। মূলত বড় ভাই আবদুল জব্বার খানের দেখাশোনায় জিয়াউল হকের বেড়ে ওঠা। ছোট সময়টা শান্ত ছেলে হিসেবে গ্রামে আলাদা পরিচিতি ছিল তাঁর। বড় হওয়ার পরও স্বভাবের কোনো পরিবর্তন হয়নি। বলছিলেন বড় ভাই আবদুল জব্বার। খেলাধুলার পাগল ছিলেন জিয়াউল। খুব ভালোবাসতেন ফুটবল খেলা। কর্মজীবনে এসেও এই খেলা ছাড়তে পারেননি। সময় পেলেই খোলা জায়গায় বল নিয়ে নেমে পড়তেন। কখনো শিশুরা আবার কখনো বা সহকর্মীরা হতো তাঁর খেলার সঙ্গী। ভাইয়ের কথা বলতে বলতে চোখের পানি মোছেন জব্বার খান। তিনি জানালেন, কিছুদিন আগেও গ্রামের বাড়িতে এসেছিলেন জিয়াউল। উদ্দেশ্য, বাবার কবরের পরিচর্যা আর জিয়ারত করা। আবদুল জব্বারের একটাই দু:খ— ঢাকা-সিলেট মহাসড়কে ডিভাইডার থাকলে ওইদিন দুর্ঘটনা হতো না। তার দাবি এই মহাসড়কে দ্রুত ডিভাইডার দেওয়ার ব্যবস্থা করার। কাঁদছিল প্রভা। বাবা যে আর কোনো দিন ফিরে আসবে না, ভালোই বুঝতে পেরেছে ছোট্ট মেয়েটি—‘আমার বাবা মাটির নিচে ঘুমিয়ে আছে, আর আসবে না। বাবা আর চিপস কিনে দেবে না’। বাবার একটি স্মৃতি খুব বেশি মনে পড়ছে লিপুর। দুর্ঘটনার দুই দিন আগে মা তাদের তিন ভাইবোনকে বাবার কর্মস্থল বেলাবতে নিয়ে গিয়েছিল। এক রাত বাবার সঙ্গে ঘুমানোর মুহূর্তটি ছিল বড় আনন্দময়। দুর্ঘটনার আগের দিন বাবা মোটরবাইকে করে বেলাব উপজেলার সবুজে ঘেরা লালমাটির পথ দেখিয়েছে। এখন বাবার সঙ্গে সেদিনের মোটরবাইকে ওঠার কথাই মনে পড়ছে খুব বেশি বেশি। তিন সন্তান ও নিজেকে নিয়ে দুশ্চিন্তা পেয়ে বসেছে মা লায়লা আক্তারকে। বারবার বলছেন—আমার তিন সন্তানের কী হবে। আমাদের সবকিছুই ছিল জিয়াউলকে ঘিরে। তিনি নেই তো সব শেষ। ‘বাবাকে বলতাম ওই গাড়ি দিয়ে যেয়ো না’‘দুর্ঘটনার দিন বাবা শুধু মার সঙ্গে কথা বলেছে। আমার সঙ্গে কথা হয়নি। আমার সঙ্গে কথা হলে বাবাকে বলতাম ওই গাড়ি দিয়ে যেয়ো না, ওই গাড়ি অ্যাকসিডেন্ট করবে। কেন যে বাবা যাওয়ার আগে কথা বলল না।’ ছোট্ট অর্থি বলছিল। অর্থি সড়ক দুর্ঘটনায় নিহত ভাগ্যহত উপপরিদর্শক কংকন কুমার মণ্ডলের একমাত্র মেয়ে। কংকন কুমার মণ্ডলের বাড়ি খুলনার পাইকগাছা উপজেলার লস্কর গ্রামে। এক বছর আগে তিনি বেলাব থানায় দায়িত্ব পান। কর্মস্থলের কাছাকাছি ভালো শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় পরিবারকে বেলাব আনেননি। একাই থাকতেন। পড়াশোনার সুবিধার জন্য স্ত্রী-সন্তানদের রাখেন নিজ উপজেলার শ্বশুরালয়ে। ওইখানের রোজ বাড কিন্ডারগার্টেন নামের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে অর্থি চতুর্থ শ্রেণীতে পড়ত। কর্মস্থল থেকে নিজের বাড়ি বেশ দূরে হওয়ায় ঘন ঘন যাওয়া হতো না কংকন কুমার মণ্ডলের। গত বছর বিজয় দিবসের ছুটিতে সর্বশেষ স্ত্রী-সন্তানের কাছে যান। পুলিশলাইনে প্যারেড ব্রিফিংয়ে যাওয়ার আগে কংকন ফোন করেছিলেন। কথা হয়েছিল স্ত্রী কল্পনা রানী মণ্ডলের সঙ্গে। ‘কী করছ, অর্থি কোথায়—নিত্যদিনের সাধারণ এই কথা ছাড়া ওই দিন আর কোনো কথা বলেননি কংকন। ব্যস্ততার জন্য মেয়ের সঙ্গে আর কথা হয়নি ওই দিন। এই কারণে অর্থির খুব মন খারাপ হয়েছিল। কল্পনা রানি কথাগুলো বলতে বলতে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে ওঠেন। কোনো কারণে খুব হতাশার মধ্যে ছিলেন কংকন। প্রায় সময় বলতেন, আমাকে দিয়ে তো কিছুই হলো না। তবে স্বপ্ন দেখতেন মেয়েকে নিয়ে। মেয়েকে মেডিকেলে পড়াতে হবে। বড় ডিগ্রির জন্য সোজা বিদেশ পাঠাবেন। অনেক স্বপ্ন ছিল। ‘আমি জানি, চাইলেও এখন আর কংকনের এই স্বপ্ন পূরণ করা হবে না।’ এমন শঙ্কা কল্পনা রানীর।বাবার অনুপস্থিতিতে দাদুভাই অর্থির বড় বন্ধু। অনেক কিছুর খেয়াল তাঁকেই করতে হয়। কখনো মান ভাঙতে হয়, আবার কখনো হতে হয় খেলার সাথি। এ কারণে নাতনির ভবিষ্যৎ চিন্তায় বেশি পেয়ে বসেছে দাদু সুখী চন্দ্র সরকারকে। তিনি বললেন, ‘তিন ভাই দুই বোনের কংকনের পরিবারটি খুবই দরিদ্র। বাবা মারা গেছেন। গ্রামে একটি ছোট্ট ঘরে থাকেন কংকনের মা। কংকনের পাঠানো টাকায় তাঁর জীবন চলত। সপ্তাহে এক দিন আমি গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দিয়ে আসতাম। ছেলে হারানোর কষ্টের সঙ্গে বাকি জীবন টেনে নেওয়ার বাড়তি দুশ্চিন্তা যোগ করেছে অশীতিপর মা অপূর্ব রানী মণ্ডলের। ছেলে গেল, সব গেল, কিছু রইল না।’ ‘আর দুষ্টুমি করব না’কনস্টেবল মর্যাদার চাকরি নিয়ে দুঃখ ছিল নারায়ণ চন্দ্রের। ছোট চাকরি। বেতন কম, ধমক বেশি। কথায় কথায় চাকরি হারানোর ভয়। কপাল খারাপ থাকলে যে ভুল নিজে করেননি, সে ভুলের মাশুলও দিতে হয়। ‘আমার সন্তানদের এমন চাকরি করাব না। ছেলে বিসিএস পাস দেবে, এসপি বানাব। মেয়ে হবে ডাক্তার। এ জন্যই তো চাকরিটা করছি।’ চাকরি নিয়ে সুবর্ণা রানীর সঙ্গে স্বামী নারায়ণ চন্দ্রের কষ্ট ও স্বপ্নের কথা ছিল এসব। স্বামীর কথাগুলো স্মরণ করতে গিয়ে কয়েকবার আঁচল দিয়ে চোখ মোছেন তিনি। ছয় বছরের অজয় ও চার বছরের অমিতাকে নিয়ে নারায়ণ-সুবর্ণা দম্পতির সংসার। বেলাবতে চাকরির বয়স এক বছর হয়নি। থানা ভবনের পাশেই একটি ছোট ভাড়াবাড়িতে থাকতেন নারায়ণ। দুর্ঘটনার আগের দিন বিকেল থেকে ভোর পর্যন্ত কাজ শেষে বাড়ি ফেরেন তিনি। স্ত্রীকে ঘুম থেকে তুলে বলেন— লাইনে ব্রিফিং। সাড়ে আটটায় ঘুম থেকে ডেকে দিও। স্ত্রী তাঁকে ঘুম থেকে জাগান নয়টায়। ঘড়ির কাঁটা নয়টা ছুঁতে দেখেই নারায়ণ আর্তনাদ করে ওঠেন—আজকে চাকরিটা আমার গেছে। দ্রুত নাশতা সেরে এরপর সোজা থানায়। যাওয়ার আগে স্ত্রীর উদ্দেশে তাঁর শেষ কথা ছিল, ‘নির্বাচনে ডিউটি। কয়েক দিন থাকতে হতে পারে। তা-ই যদি হয়, তোমাকে ফোনে জানাব। একটা কাঁথা আর বালিশ প্যাকেট করে রেখে দিবা। এসে নিয়ে যাব।’স্ত্রীর কানে বাজে এসব কথা। ছেলে অজয়কে যাওয়ার সময় দুষ্টুমি না করতে বলে গিয়েছিল বাবা। ‘আমি আর দুষ্টুমি করব না’— প্রতিশ্রুতি অজয়ের। আর মা শুধু চোখ মোছেন। নতুন জামা দেওয়ার শর্তে বাবার হাত ছেড়েছিল রেশমীআগের দিন সারা বেলা গাড়ি চালিয়েছেন রেজাউল আলম। দুর্ঘটনার দিন ছিল তাঁর ছুটি। কিন্তু পুলিশের আবার ছুটি কী? সব সময় জরুরি প্রয়োজনে সতর্ক থাকতে হয়। প্যারেড ব্রিফিংয়ে যে চালকের যাওয়ার কথা, বিশেষ কারণে তিনি কর্তব্যে আসেননি। সুতরাং জরুরি তলব। দ্রুত চলে আস, দেরি করা যাবে না। দুপুরের মধ্যে পুলিশলাইনে উপস্থিত থাকতে হবে। রেজাউল আলম তখন দুই সন্তান নিয়ে স্কুলের পথে। থানা পেরিয়েই স্কুলে যেতে হয়। বড় স্যারের এমন নির্দেশ পাওয়ার পর সন্তানদের নিয়ে রেজাউলের আর স্কুলে যাওয়া হলো না। মাঝপথে বিদায় জানাতে হলো বাচ্চাদের। কিন্তু বেঁকে বসে মেয়ে রেশমী। তার বায়না, সে একা যাবে না। বাবাকে সঙ্গে নিয়েই স্কুলে যাবে। কিন্তু বাবার সময় কই? তাই মেয়েকে আদর করে বলেছিল, তুমি স্কুলে যাও। আমি তোমাকে আরেকটি নতুন স্কুল ড্রেস বানিয়ে দেব। নতুন জামা দেওয়ার শর্তে বাবার হাত ছাড়ে মেয়ে। রেজাউল আলমের দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া মেয়ে রেশমী ঠিক এভাবেই বাবার সঙ্গে তার শেষ কথোপকথনের বর্ণনা দেয়। মেয়েকে কথা দেওয়ার দুই ঘণ্টা পরই তার বাবা মারা যান। পাশেই ছিলেন মা নূরজাহান বেগম। মেয়ের কথা থামিয়ে দিয়ে তিনি জানালেন তাঁর ক্ষোভের কথা। আগের দিন সারা দিন ডিউটি করল, ছুটির দিন কীভাবে আবার গাড়ি চালাবে? এই কথা কেউ বুঝল না। নূরজাহান জানালেন, ১৯৯৬ সালে রেজাউল কনস্টেবল পদে চাকরি নেন। রাঙামাটি, ময়মনসিংহ, ঢাকা হয়ে পরে আসেন বেলাবতে। বেলাবতে তিনি চালক হিসেবে কর্মজীবন শুরু করেন। দুই বছরের অধিক চালকজীবনে তাঁর আর কোনো দুর্ঘটনা ছিল না। রেজাউল বেলাবতে একটি ভাড়াবাড়ি নিয়ে থাকতেন। চার ভাইবোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। এক ছেলে এক মেয়ে নিয়ে তাঁর ছিল আলাদা সংসার। বড় ছেলে বিপ্লব বেলাব পাইলট উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে পড়ে। আর মেয়ে রেশমী একই বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের দ্বিতীয় শ্রেণীতে। স্বামী হারানোর সঙ্গে সঙ্গে রাজ্যের দুশ্চিন্তা ভর করেছে নূরজাহানের জীবনে। দুর্ঘটনার দিন থেকে ছেলেমেয়ে নিয়ে শ্বশুরবাড়ি জামালপুরের সরিষাবাড়ীর পূবলদিঘা ইউনিয়নের গৌবিন্দ্রনগর গ্রামে আছেন। কোথায় থাকবেন, কীভাবে চলবে সংসার—এসব প্রশ্নের উত্তর তাঁর জানা নেই। এক টাকাও নগদ রেখে যাননি তাঁর স্বামী। রেশমীকে নতুন পোশাক কিনে দেওয়ার সাধ্য কি হবে আর তাঁদের কোনো দিন? যত দোষ মিটিংয়েরবাবা সব সময় মিটিং মিটিং করত। মিটিং না করলে কী হয়? বাবার মিটিং নিয়ে আনিকার কষ্টের কথা পরিবারের কারও অজানা নয়। বাবা ফারুক আহমেদ খানেরও জানা ছিল বিষয়টি। তার পরেও দুর্ঘটনার দিন গাড়িতে ওঠার আগ মুহূর্তে মেয়ের কাছে যেতে না পারার কৈফিয়ত ছিল সেই মিটিং।সড়ক দুর্ঘটনায় নিহত বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ খানের স্ত্রী জয়বুন্নেছার স্মৃতিতে ভেসে বেড়ায় স্বামীর সঙ্গে তাঁর মেয়ের মান-অভিমানের এসব কথোপকথন।তিনি জানান, মাত্র দুই মাস হলো নরসিংদীর বেলাব থানায় যোগ দিয়েছিলেন তাঁর স্বামী। তাঁরা থাকেন ঢাকায়। বড় মেয়ে আনিকা হলিক্রস স্কুলে তৃতীয় শ্রেণীতে, একই স্কুলে দ্বিতীয় শ্রেণীতে পড়ে দ্বিতীয় মেয়ে অর্ণা। আর ছোট মেয়ে প্রিয়ন্তির বয়স তিন বছর।বেলাবতে যোগ দেওয়ার পর নানা সমস্যার কারণে পরিবারের সঙ্গে স্বাভাবিক যোগাযোগ রক্ষা করতে পারতেন না ফারুক আহমেদ। তবে সন্তানদের সঙ্গে দিনে একাধিকবার ফোনে কথা বলতেন তিনি। ফোন করলেই আসার বায়না ধরত তারা। কিন্তু তিনি সন্তানদের মিটিংয়ের কথা বলতেন। এ কারণে ‘মিটিং’ শব্দ শুনলেই ওরা বিরক্ত হতো। দুর্ঘটনার দিন গাড়িতে ওঠার আগে ফোন দিয়ে তিনি মেয়েদের সঙ্গে কথা বলেন। মিটিংয়ের কথা বলতেই খেপে যায় দুই মেয়ে। পরে তিনি কথা দেন আর মিটিংয়ে যাবেন না। শেষ ফোনে বাবার সঙ্গে অভিমানের বিষয়টি আনিকাও ভুলতে পারছে না। বাবা বলেছিল আর মিটিংয়ে যাবে না। কিন্তু...মা চোখ মোছেন। মায়ের কোলে মাথা রাখে ছোট্ট আনিকা।