এএনসির যেভাবে জন্ম
১৬৫২ সালে ইউরোপ থেকে শ্বেতাঙ্গদের দক্ষিণ আফ্রিকায় আসা শুরু হয়। তখন থেকেই আফ্রিকার বাসিন্দারা তাদের নিজেদের ভূখণ্ড রক্ষার জন্য লড়াই শুরু করে। ১৮৭৯ সালে ইসান্দোলোয়ানার যুদ্ধে রাজা সেৎশোয়াইয়োর নেতৃত্বে জুলুরা ব্রিটিশ সেনাবাহিনীকে পর্যুদস্ত করার পর কৃষ্ণাঙ্গদের প্রতিরোধ জোরদার হয়। সোনা ও হীরার মতো মূল্যবান খনিজ সম্পদের মজুদ আবিষ্কারের পর আফ্রিকানার বা বুয়র নামে পরিচিত ডাচদের বংশধরদের সঙ্গে ব্রিটিশদের শক্তির লড়াই শুরু হয় আফ্রিকায়। এ যুদ্ধ ইতিহাসে পরিচিত হয়েছে ১৮৯৯-১৯০২ সালের অ্যাংলো-বুয়র যুদ্ধ নামে। ১৯১০ সালে ব্রিটেন বুয়রদের হাতে ভূখণ্ডটির নিয়ন্ত্রণ তুলে দেয়। গঠিত হয় ইউনিয়ন অব সাউথ আফ্রিকা নামে একটি দেশ। এর সরকার কেবল শ্বেতাঙ্গদের অধিকার স্বীকার করত। কৃষ্ণাঙ্গদের মাতৃভূমি হলেও সেখানে তাদের অধিকার অস্বীকার করা হয়।আফ্রিকানরা বৈষম্যমূলক শ্রম আইনের ওপর ক্রমশ বীতশ্রদ্ধ হয়ে ওঠে। ওই আইনের লক্ষ্য ছিল সস্তায় কালো মানুষদের শ্রম আদায় করা। তারা শ্বেতাঙ্গ শাসকদের সঙ্গে বিচ্ছিন্নভাবে অনেক সংঘর্ষে লিপ্ত হয়। এমনকি সংঘাত হয় তাদের নিজেদের মধ্যেও। ১৯১১ সালে পিক্সলি তা ইসাকা সেমে আফ্রিকানদের প্রতি অতীতের মতপার্থক্য ভুলে একটি জাতীয় সংগঠনের আওতায় ঐকবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘আমরা এক জাতি। এসব বিভেদ, এসব হিংসাবিদ্বেষই আমাদের আজকের সব দুর্গতির কারণ।’ ১৯১২ সালের ৮ জানুয়ারি গোষ্ঠীপ্রধান ও চার্চনেতাসহ কালো সমাজের বিশিষ্ট নেতারা ব্লুমফন্টেইনে সমবেত হয়ে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস গঠন করেন। তবে তখন এর নাম রাখা হয় সাউথ আফ্রিকান নেটিভ ন্যাশনাল কংগ্রেস (এসএএনএনসি)। এই ঘটনার দীর্ঘ ৮২ বছর পর এএনসি তার লক্ষ্য পূরণে সফল হয়। দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন নেলসন ম্যান্ডেলা।