এএসপি বাবুল আক্তারের পুলিশ মেডেল অর্জন
পুলিশ বিভাগের সবচেয়ে মর্যাদার বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম অসম সাহসিকতা) অর্জন করেছেন হাটহাজারী সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) বাবুল আক্তার। ২০১১ সালে পুলিশ বিভাগের বিভিন্ন কাজের স্বীকৃতিস্বরূপ মোট ৫৯ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারে ভূষিত করা হয়। এর মধ্যে মাত্র তিনজনকে দেওয়া হয় পুলিশ বিভাগের সবচেয়ে মর্যাদার বিপিএম (অসম সাহসিকতা) পদক। দুজনকে দেওয়া হয় মরণোত্তর বিপিএম।মরণোত্তর পদক পাওয়াদের একজন হলেন স্পেশাল ব্রাঞ্চের সহকারী উপপরিদর্শক (এএসআই) সিদ্দিকুর রহমান। তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে দায়িত্ব পালনকালে ঘাতকের গুলিতে শহীদ হন। অন্য একজন এপিবিএন কনস্টেবল মামুনুর রশিদ। ২০১১ সালে গাজীপুরে কর্মরত থাকাকালে ডাকাতদলকে ধাওয়া করতে গেলে ডাকাতেরা তাকে গাড়িচাপা দিলে তিনি মৃত্যুবরণ করেন।৩ জানুয়ারি বর্ণাঢ্য এক অনুষ্ঠানে রাজারবাগ পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাবুল আক্তারসহ অন্যান্য পদক পাওয়াদের পদক পরিয়ে দেন। হাটহাজারী সার্কেলের এএসপি হিসেবে কর্মরত বাবুল আক্তার অপরাধ নিয়ন্ত্রণে সাহসী ও বীরত্বপূর্ণ ভূমিকার জন্য এই পদক পেলেন।