এক অনন্য ক্যাম্পাসের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড়ের পাদদেশে এক অসাধারণ সুন্দর প্রাকৃতিক পরিবেশে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (এইউডব্লিউ) ফ্যাকাল্টি ভবনের নির্মাণকাজ শুরু হচ্ছে। পাহাড়তলীর জঙ্গল সলিমপুর এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়টির প্রথম একাডেমিক ভবনের নির্মাণকাজের উদ্বোধন করছেন।বিশ্ববিদ্যালয়ের পরিচালক (স্পেস প্ল্যানিং অ্যান্ড স্পেশাল প্রজেক্ট) জেরিনা হোসেন প্রথম আলোকে বলেন, ‘মূল ক্যাম্পাসে অবকাঠামো নির্মাণকাজ শেষ হলে এটি হবে সত্যিকার অর্থে অনন্য একটি বিশ্ববিদ্যালয়। আমরা আশা করছি, ২০১৩ সালের ভর্তি কার্যক্রম মূল ক্যাম্পাসে শুরু করতে পারব।’ তিনি আরও বলেন, ‘আমরা খুব সচেতনভাবে ফ্যাকাল্টি ভবনের নির্মাণকাজ করছি, যাতে আশপাশের প্রাকৃতিক পরিবেশের কোনো ক্ষতি না হয়। এখানে একটি কৃত্রিম জলাধার সংরক্ষণের পাশাপাশি পানিপ্রবাহ যাতে অব্যাহত থাকে, সে জন্য পর্যাপ্ত নালার ব্যবস্থাও করা হচ্ছে। তা ছাড়া ভবনগুলোতে যাতে অবাধে প্রাকৃতিক আলো বাতাস পাওয়া যায় সেভাবে নকশা প্রণয়ন করা হয়েছে।’ এইউডব্লিউ সূত্রে জানা যায়, ২০০৭ সালে নগরের এম এম আলী সড়কের অস্থায়ী ক্যাম্পাসে যাত্রা শুরু করে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন। ২০০৮ সাল থেকে এখানে ভর্তিকার্যক্রম শুরু হয়। প্রথম বছর বেশির ভাগ ছাত্রীই ছিল বাংলাদেশের। পরবর্তীকালে এশিয়ার বিভিন্ন দেশের ছাত্রীদের আসা শুরু হয়। এশিয়ার দরিদ্র ও পিছিয়ে পড়া মেয়েদের মধ্যে নেতৃত্বের গুণাবলি তৈরিসহ বিশ্বমানের শিক্ষা দেওয়ার লক্ষ্যে এ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হয়। বাংলাদেশ সরকারের পাশাপাশি মিলিন্ডা অ্যান্ড গেটস ফাউন্ডেশনসহ বিশ্বের ৫০টিরও বেশি সংস্থা ও ব্যক্তির অনুদানে এ বিশ্ববিদ্যালয় পরিচালিত হচ্ছে বলে বিশ্ববিদ্যালয় সূত্র জানায়।বর্তমানে এখানে এশিয়ার ১২টি দেশের ৪৫০ জন ছাত্রী লেখাপড়া করছেন। এর মধ্যে বাংলাদেশের ১৭২ জন, ভারতের ৪০ জন, শ্রীলংকার ৫০ জন, পাকিস্তানের ২৫ জন, নেপালের ৫০ জন, ভুটানের ২৫ জন, আফগানিস্তানের ২৫ জন, ভিয়েতনামের ২৫ জন, কম্বোডিয়ার ১৭ জন, ফিলিস্তিনের দুইজন, চীনের পাঁচজন এবং মিয়ানমারের চারজন। পাহাড় আর সমতলের ১৩১ একর জমিতে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হচ্ছে। পর্যায়ক্রমে এটি একটি পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে বলে কর্মকর্তারা জানান। আজকের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত থাকছেন এইউডব্লিউর আচার্য চেরি ব্লেয়ার, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নাগোজি ওকোনজু ইউয়ালা। জানা যায়, ২০০৪ সালের ১৩ জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রথমবারের মতো এইউডব্লিউর ভিত্তি স্থাপন করেন। সেসময় অন্যান্যের মধ্যে মার্কিন কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলিও উপস্থিত ছিলেন। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছেন অ্যাকাডেমিক ভবনের নির্মাণকাজের উদ্বোধন করতে। এইউডব্লিউর মূল ক্যাম্পাস এলাকা ঘুরে দেখা যায়, ভবন নির্মাণের জন্য ইতিমধ্যে কিছু পাহাড়ি এলাকা ড্রেসিং করা হয়েছে। সেখানে দুই উঁচু পাহাড়ের মাঝখানে জলাধার নির্মাণের জন্যও রাখা হয়েছে পর্যাপ্ত জায়গা। চট্টগ্রাম-হাটহাজারী সড়কের শেরশাহ এলাকা থেকে ক্যাম্পাসে যাওয়ার জন্য তৈরি করা হয়েছে প্রশস্ত সড়ক। এইউডব্লিউর উপদেষ্টা ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান মো. আবদুচ ছালাম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রামে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রীর বিশেষ আগ্রহ রয়েছে। এ জন্য আমরাও নিজেদের অবস্থান থেকে সম্ভব সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে নকশা প্রণয়ন থেকে শুরু করে সব কার্যক্রম যাতে দ্রুততার সঙ্গে শেষ হয় সে ব্যাপারে আমরা সবসময় সজাগ আছি।’