এক অভাগার গল্প
শেষ বিকেলের কনে দেখা আলো পৃথিবীর মুখের ওপর ঠিকরে পড়েছে। তিলোত্তমা সবুজ ঘাসের মাঠ। সবুজ ঘাসের মাঝে কালো কালো তিল। দেখলেই ছবি তুলতে ইচ্ছা করে। কাছে গিয়ে দেখি ওগুলো তিল না, ছাগলের বর্জ্য। ভালো লাগার মৃত্যু হয় সাধারণত খারাপ লাগার জন্ম হলে। তাই বলে এ রকম? মনটাই খারাপ হয়ে গেল। সিডনি থেকে ১০০ কিলোমিটার দক্ষিণে ইয়ারানবুলের একটি বিরাট খামারবাড়িতে এসেছি। এটা দেখাশোনা করে পাঁচটি বিভিন্ন প্রজাতির কুকুর, একজন বন্দুকওয়ালা কেয়ারটেকার এবং তাঁর বান্ধবী শার্লি। মেয়েটির চেহারায় আলাদাভাবে চোখ, নাক, ঠোঁটের তেমন কোনো বিশেষত্ব না থাকলেও সার্বিকভাবে তাঁর মুখের যোগফল সুন্দর। সহজেই মুগ্ধতা তৈরি করে।
কোরবানি দেওয়ার জন্য এখানে এসেছি। মাত্র ৭০-৮০ ডলারে একটা আস্ত ছাগল পাওয়া যায়। যার যেটা খুশি, নিজ হাতে ধরে কোরবানি দেওয়া যায়। এককথায় সুব্যবস্থা। কিন্তু সেই সুব্যবস্থাই এখন কুব্যবস্থা হয়েছে। ছাগল ধরতে গিয়ে দৌড়াদৌড়ি করে আমাদের একজন তার গাড়ির চাবি হারিয়ে ফেলেছে। গাড়ির চাবির সঙ্গে কালো রঙের রিমোট। শেষ বিকেলের আলোটুকু থাকতে থাকতে সবাই মিলে চাবি খোঁজা শুরু করলাম। ১০-১৫ হাত ব্যবধানে লাইন ধরে খুঁজছি; কালো রঙের যেকোনো কিছুর ওপরই লাঠি দিয়ে খোঁচা দিচ্ছি আর আগাচ্ছি। আর তাতেই হলো বিপদ। হঠাৎ ভয়ংকর একটা কালো রঙের সাপ ফণা তুলে ফোঁস করে উঠল। ও মাই গড! সাপটি আমার দিকে তেড়ে আসছে। ভয়ংকর প্রজাতির সাপ। এই সাপে দংশন করলে মাত্র ৩০ সেকেন্ডেই মানুষ মারা যায়। এ দেশে একধরনের সাপ আছে; দংশন করতে না পারলে দূর থেকেই বিষ ছিটিয়ে দেয়। তাতেই খেল খতম। কে জানে, এটা আবার সেই প্রজাতির কি না?
শুনেছি ফুলের বাগানে সাপ থাকে, কিন্তু সবুজ ঘাসের মাঠে সাপ! উল্টো দিকে ভোঁ-দৌড় দিতে গিয়েও পারলাম না। কারণ, চারদিকেই ছোপ ছোপ কালো কালো দেখা যাচ্ছে। এদের কোনটি ছাগলের ইয়ে, আর কোনটি সাপ, বুঝব কীভাবে? এত বড় বিপদে কোনো দিন পড়িনি। এক সাপুড়ে বলেছিল, ‘মনে রেখো, কখনো কখনো মানুষ একা থাকে কিন্তু সাপ কখনো একা থাকে না। যেখানে একটি সাপ দেখবে সেখানে আরও এক বা একাধিক সাপ আছে।’ তাই হাতের লাঠিটি ভালো করে ধরলাম। আশপাশে ভালো করে খেয়াল করছি। সাপটির দিকে নজর রাখছি আর আস্তে আস্তে পেছাচ্ছি। ছোটবেলার শিক্ষা; বাঘে তাড়ালে দৌড়াতে হয় আঁকাবাঁকা ভাবে, তাহলে বাঘ টার্গেট ঠিক করতে পারে না। আর সাপে তাড়ালে দৌড়াতে হয় সোজা, কারণ সাপ নিজে সোজা চলতে পারে না। কত কিছু যে মাথায় আসছে! ভাবছি কোন দুঃখে যে এই খামারবাড়িতে এসেছিলাম?
এই ভয়ংকর বিপদের মুখে দাঁড়িয়ে মায়ের কথা মনে পড়ছে ভীষণ। ঈদের দিন যে সন্তান তার মায়ের কাছে যেতে পারে না, তার চেয়ে বড় অভাগা আর কে আছে? কেউ নেই। এসব ভাবতে ভাবতে সাপটা অন্যদিকে চলে গেল।
শাখাওয়াৎ নয়ন
গবেষক, ইউনিভার্সিটি অব নিউক্যাসল, অস্ট্রেলিয়া।
[email protected]