এক আঙুলে দুই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুনিয়া এহনো ধ্বংস হয় না ক্যারে!
এক ঘণ্টার ভেতর বারোতম বারের মতো সারির ফোনকল ধরার সময় ভাবে অয়ন। বারবার ফোন করা তো নয়, বারোটা বাজানো একদম। কী যে পেয়েছে মেয়েটা! আজ জন্মদিন বলে মাথায় উঠে বসে আছে একদম। বিকেল চারটায় দেখা করার আদেশ পেয়েছে অয়ন প্রথমবার। তারপর থেকে টি-শার্টের রং নীল থেকে সাদা, লাল, হলুদসহ আরও কী কী সব আজব আজব রং পেরিয়ে আবার নীলে এসে ঠেকেছে। কেন যে মানুষ জন্মায় গ্রীষ্মকালে! এই গরমের মধ্যে দেখা করার জন্য যেতে হবে! তা-ও আবার দুপুরের রোদ মাথায় করে। যন্ত্রণার একশেষ!
যেত না অয়ন। কোনোভাবেই যেত না। যদি না আজ সারির জন্মদিন হতো। আর যদি না অয়ন তাকে...। তাহলে কোনোভাবেই যেত না অয়ন। এমনকি মাথার দিব্যি দিলেও না।
মাথার কথায় নিজের মাথাতেই হাত ওঠে অয়নের। ফুলে আলু হয়ে আছে। চোখের নিচে কালশিটে আর ফাটা ঠোঁটও আছে সঙ্গে। মারামারির ফল। ও পাড়ার ছেলেগুলো সারিকে নিয়ে খুব বাজে কথা বলেছিল। সহ্য হয়নি অয়নের। সিনেমার নায়কের মতো ভাব নিয়ে অয়ন তাদের বলেছিল, ছোটবেলায় যদি ডােনা, রেড কাউ কাজ কিছু খেয়ে থাকিস তাহলে আয়...। বলার সময় ও মোটেও বুঝতে পারেনি পাঁচজনের চারজনই ডােনা, রেড কাউ খেয়ে বড় হয়েছে।
এই দুই দিনের বাসি মার খাওয়া চেহারা নিয়ে অয়ন কখনোই যেত না সারির সামনে। কক্ষনো না। এই তলোয়ারের ফলার মতো ধারালো রোদ উপেক্ষা করে যাবে শুধু সারি ওর বন্ধু তাই। আর ও সারিকে...।
না, থাক। দুনিয়া আরও কিছুদিন পরে ধ্বংস হওয়াই ভালো। ধ্বংস হয়ে গেলে সারির অমন হাসি তো আর দেখা যাবে না। কেমন টুকুর টুকুর করে হাসছে মেয়েটা। কপালে এত্তবড় একটা টিপ দিয়েছে। টিপের ভারে পড়ে না যায়। সিঁথিতে আবার সিঁদুরও দিয়েছে। তবুও সিঁদুর পরতে নাকি খুব ভালো লাগে ওর। কী যে আজব স্বভাব মেয়েটার!
প্রায় এক ঘণ্টা দেরি। তবু মুখে হাসি নিয়ে অয়নের সামনে এসে দাঁড়ায় সারি। মুখে কিছু বলে না। শুধু হাত তুলে অনামিকাতে থাকা নতুন আংটিটা দেখায়। নির্দেশ করে পাশে দাঁড়ানো ভদ্রলোকের দিকে। এক মুহূর্তে সব পরিষ্কার হয়ে যায় অয়নের কাছে। নিজের পকেটে থাকা উপহারটা আর বের করে না ও।
এক আঙুলে দুই আংটি মানাবে না!