এক ওয়ার্ডেই তিন মেয়র পদপ্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে ভোটযুদ্ধে নেমেছেন চারজন। তাঁদের মধ্যে তিনজনের বাড়ি একই ওয়ার্ডে। তাঁরা হলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. শাহজাহান সিকদার, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী আবদুর রহমান জামি ও স্বতন্ত্র প্রার্থী মোজাম্মেল হক। তিনজনই ৮ নম্বর সৈয়দ বাড়ি ওয়ার্ডের বাসিন্দা। অন্য দিকে বিএনপির মনোনীত প্রার্থী মো. হেলাল উদ্দিন শাহ ৩ নম্বর ইছাখালী ওয়ার্ডের বাসিন্দা।
ভোটাররা বলছেন, একই ওয়ার্ড থেকে তিনজন মেয়র পদপ্রার্থী হলেও গুরুত্ব পাবে প্রতীক।
এদিকে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী মো. শাহজাহান সিকদার ও মোমবাতি প্রতীক নিয়ে ইসলামী ফ্রন্টের আবদুর রহমান ব্যস্ত সময় পার করলেও স্বতন্ত্র প্রার্থী মোজাম্মেল হক নির্ভার রয়েছেন। গত মঙ্গলবার তাকে রাঙ্গুনিয়া থানা-ভবনের সামনে একটি চা-দোকানে বসে থাকতে দেখা গেছে। এলাকায় তাঁর কোনো প্রচার-প্রচারণাও নেই। নেই কোনো পোস্টারও। জানতে চাইলে তিনি বলেন, পারিবারিক কাজে ব্যস্ত আছি। ২০ তারিখের পর প্রচারণায় নামব।
কথা হয় সৈয়দবাড়ি ওয়ার্ডের ভোটার মো. রাসলের সঙ্গে। তিনি সিএনজিচালিত অটোরিকশার চালক। তিনি বলেন, একই ওয়ার্ড থেকে তিনজন মেয়র প্রার্থী থাকায় স্বাভাবিকভাবে ভোটাররা একটু দ্বিধায় পড়বেন। তার পরও দলীয় প্রতীকই প্রাধান্য পাবে।