এক কন্যার স্মৃতিকথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপমহাদেশের তিন দেশের তিন পরিবারের কথা এখানে না বললেও চলে। তবুও লোভ সামলানো গেল না। বাংলাদেশের বঙ্গবন্ধু পরিবার, ভারতের ইন্দিরা গান্ধী আর পাকিস্তানের ভুট্টো পরিবার। বাংলাদেশের অভ্যুদয়ের সঙ্গে এই তিন পরিবারেরই সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে। পক্ষে-বিপক্ষে দুই দিক থেকেই। তিন পরিবারের প্রধান প্রায় একই সময়ে ক্ষমতায় ছিলেন। পরিণতিও এক। এই তিন পরিবারের মধ্যে এক পরিবারের কাহিনি সংস অব ব্লাড অ্যান্ড সোর্ড।ফাতিমা ভুট্টো জুলফিকার আলী ভুট্টোর পৌত্রী। তিনি ভুট্টো পরিবারের একটি আখ্যান লিখেছেন। যাঁরা ফাতিমা ভুট্টোর নাম শুনলে হলিউড অভিনেতা জর্জ ক্লুনির সঙ্গে সম্পর্কের গুজবের কথাই খালি মাথায় আনেন, তাঁদের ধারণা পুরোটাই পালটে দেবে বইটি। ফাতিমা ভুট্টোর লেখা এ বইটিতে পুরো পরিবারের কথা থাকলেও মূলত এটি এক কন্যার স্মৃতিকথা।বাবা মীর মুর্তজা ভুট্টো যেদিন পুলিশের গুলিতে মারা যান, সেখান থেকে বইটি শুরু। তারপর ফাতিমা ভুট্টো চলে গেছেন অনেক পেছনে। সেই জুলফিকার আলী ভুট্টোর সময়ে। এক কন্যার স্মৃতিকথা হলেও এটি মূলত ভুট্টো পরিবারের কাহিনি। কেবল ভুট্টো পরিবারের কথাও বলা ঠিক হচ্ছে না, এটি আসলে পাকিস্তানের রাজনীতির একটি চালচিত্র।রাজনীতির পঙ্কিলতায় পারিবারিক বন্ধন ছুটে গেছে আগেই, সামনে চলে এসেছে হত্যা, ষড়যন্ত্রের নানা কুটিল পর্ব। দাদা জুলফিকার আলী ভুট্টোকে ১৯৭৯ সালে ফাঁসিতে ঝুলিয়েছিলেন সেনা শাসক জিয়াউল হক। এক চাচা শাহনেওয়াজ ভুট্টো, ফ্রান্সে নির্বাসিত জীবন যাপনের সময় মারা যান বিষে নীল হয়ে ১৯৮৫ সালে। বাবা মীর মুর্তজা ভুট্টো মারা যান ১৯৯৬ সালে পুলিশের গুলিতে, দেশটির প্রধানমন্ত্রী তখন ফুপু বেনজির ভুট্টো। আর বেনজির ভুট্টো গুপ্তঘাতকের হাতে প্রাণ দেন ২০০৭ সালে। বইটির শুরুর কথাগুলো এখানে বলা যায়। ‘সংস অব ব্লাড অ্যান্ড সোর্ড’ ভুট্টো পরিবারের বর্ণনা, যারা ধনী সামন্তবাদী জমিদার এবং পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর ক্ষমতার প্রভাবশালী শক্তি। এটি একটি পরিবারের চারপুরুষের মহাকাব্য, যাদের ধ্বংস করেছে সহিংসতা। একটি পরিবার ও জাতির ইতিহাস যা খণ্ডিত হয়েছে হত্যা, দুর্নীতি, চক্রান্ত ও বিভেদ দ্বারা।দাদাকে ফাঁসিতে ঝোলানোর জন্য দায়ী জিয়াউল হক, যাঁকে জুলফিকার আলী ভুট্টোই সেনাপ্রধান বানিয়েছিলেন। কিন্তু বাবার মৃত্যুর জন্য ফাতিমা ভুট্টো দোষ দিচ্ছেন ফুপু বেনজিরকে, যাঁকে ফাতিমা ওয়াদি বলে সম্বোধন করতেন। ফাতিমা বিভিন্ন সময় বলেছেন যে তাঁর বাবাকে গুলি করার নির্দেশকারী বেনজির। সেই বেনজির মারা যাওয়ার পর ক্ষমতায় বসেন বেনজিরের স্বামী আসিফ জারদারি, যাঁকে ফাতিমা পুরো বইটিতে একজন চরম দুর্নীতিগ্রস্ত এবং নিকৃষ্ট মানুষ হিসেবে বারবার বলেছেন। ফাতিমা কেবল পারিবারিক দ্বন্দ্ব, অবিশ্বাস আর সহিংসতার কথাই লেখেননি, বাবা মুর্তজা ভুট্টোর ব্যক্তিজীবনের নানা কথাও এসেছে। প্রথম প্রেমিকা দেল্লা রউফোগালিস ছিলেন গ্রিক। সামরিক শাসক জিয়াউল হকের কারণে বাবা তখন কারাগারে। জুলফিকার আলী ভুট্টোকে বাঁচাতে মুর্তজা তখন নানা দেশে ঘুরছেন সমর্থনের আশায়। আর দেল্লার স্বামী ছিলেন গ্রিক জেনারেল মিখায়েল রউফোগালিস সামরিক জান্তার অন্যতম সদস্য। কিন্তু তবুও প্রেম হলো মুর্তজা ও দেল্লার মধ্যে। বাবার ফাঁসি হওয়ার পর মুর্তজা ও শাহনেওয়াজ ভুট্টো প্রতিশোধ নিতে আস্তানা গাড়ে আফগানিস্তানে। সেখানে আবার নতুন করে সম্পর্কে জড়ান মুর্তজা। ফৌজিয়ার গর্ভে ফাতিমার জন্ম হলেও মায়ের সঙ্গে বেশি দিন থাকা হয়নি তাঁর। মুর্তজা ভুট্টো আফগানিস্তান ছেড়ে চলে যান এবং সেখানে বিয়ে করেন লেবাননের মেয়ে ঘিনওয়াকে। ফাতিমা ভুট্টো দুজনকে বইটি উৎসর্গ করেছেন। একজন তাঁর দাদি নুসরাত ভুট্টো, যাঁকে জুনাম বলে সম্বোধন করতেন। আরেকজন ঘিনওয়া। ফাতিমা লিখেছেন, ‘জন্মদাত্রী নয়, তবে আমার এ জীবন তাঁরই জন্য।’ ফাতিমা লিখেছেন, মৃত্যুর কিছুদিন আগে জুলফিকার আলী ভুট্টো তাঁর দুই ছেলেকে একটি চিঠি লিখেছিলেন। চিঠিতে নির্দেশ ছিল, ‘তোমরা যদি আমার হত্যার প্রতিশোধ না নাও, তা হলে তোমরা আমার পুত্র নও।’ ভুট্টো যদি এই চিঠি না লিখতেন তাহলে কি পরিবারের বাকি সদস্যরা সহিংসতার পথ থেকে সরে আসতেন? বইটি পড়ে অনেকবারই এ প্রশ্নটি উঠে আসে। ফাতিমা নিজেও লিখেছেন, মুর্তজা ও শাহনেওয়াজ ছিলেন তরুণ, তাঁরা তাঁদের বাবার মৃত্যুপূর্ব ইচ্ছা পূরণ করতে চেয়েছিলেন, তবে তার পরিণতি হয়েছিল তাঁদের জীবন দান। জুলফিকার তাঁর পুত্রদের, যাঁরা ছিলেন তাঁর উত্তরাধিকারও, তাঁদের ভয়াবহ বিপদে ফেলেছিলেন তাঁর দায়িত্বহীনতার কারণে। তিনি যে তাঁর সন্তানদের স্বাভাবিক, শান্তিপূর্ণ জীবনের ছেদ ঘটিয়ে প্রতিহিংসা-আশ্রিত জীবনের নির্দেশ দিয়েছিলেন, তার ফলে যে তাঁদেরও ধ্বংস টেনে আনবে, জুলফিকারের তা বোঝা উচিত ছিল। পাকিস্তান নিয়ে কোনো আশা এখন আর কেউ করে না। তবে কেন পাকিস্তান সবাইকে আশাহত করছে তার একটি ধারণা পাওয়া যায় বইটি পড়ে।