
মুর্তজা বশির ও মনসুর উল করিমের আঁকা তেলচিত্র, দেবদাশ চক্রর্তীর কাঠখোদাই, অলক রায় ও সৈয়দ আবদুল্লা খালিদের ভাস্কর্য—একসঙ্গে এমনসব গুণী শিল্পীর শিল্পকর্ম দেখা গেল মৃন্ময় আর্ট গ্যালারি আয়োজিত প্রদর্শনীতে। ১৬ ডিসেম্বর নগরের দক্ষিণ খুলশীতে মৃন্ময়ের নতুন গ্যালারি উদ্বোধন উপলক্ষে আয়োজন করা হয় এই প্রদর্শনীর। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
৪৩ জন শিল্পীর শিল্পকর্ম নিয়ে চলছে প্রদর্শনী। প্রদর্শনীতে মুর্তজা বশির, সৈয়দ আবদুল্লা খালিদ, মনসুর উল করিম, অলক রায়, কে এম কাইয়ুম, দেবদাশ চক্রবর্তী, সৈয়দ সাইফুল কবির, জসিম উদ্দিন, সৌমেন দাশ, সুফিয়া বেগম, নাসিমা মাসুদ, হাসি চক্রবর্তী, নাজিব তারেক, জাহেদ আলি চৌধুরী, শায়লা শারমিন, সুব্রত দাশ, সোহাগ পারভেজসহ প্রবীণ ও নবীন শিল্পীদের শিল্পকর্ম স্থান পেয়েছে।
‘লেটস ওয়াক উইথ গান্ধি’ শিরোনামে নিত্যানন্দ গাইনের এচিং ভাবনার খোরাক জুগিয়েছে। মুগ্ধতা ছড়িয়েছে মিশ্র মাধ্যমে করা রুহুল করিমের প্রতিকৃতি, মইনুল ইসলামের ভাস্কর্যসহ বেশ কয়েকজন শিল্পীর কাজ।
নগরের দক্ষিণ খুলশীতে মৃন্ময়ের পুরোনো গ্যালারির পাশেই অবস্থিত ছয় কক্ষবিশিষ্ট নতুন গ্যালারি ভবন। শিল্পকর্মের সংগ্রহশালা ও প্রদর্শনীর উপযোগী করে গড়ে তোলা হয়েছে নতুন এই গ্যালারি। সংগ্রাহকেরা এখন থেকে পছন্দমতো শিল্পকর্ম কেনারও সুযোগ পাবেন এই গ্যালারি থেকে।
নতুন গ্যালারি প্রসঙ্গে মৃন্ময়ের পরিচালক সামিনা এম করিম বলেন, চট্টগ্রামে প্রচুর শিল্পরসিক থাকলেও মানসম্পন্ন গ্যালারির অভাব রয়েছে। তা ছাড়া শিল্পকর্মের প্রদর্শনীর উপযুক্ত স্থান ও শিল্পীদের সঙ্গে দর্শক-ক্রেতাদের সংযোগ ঘটিয়ে দেওয়ার মতো প্রতিষ্ঠান তেমন নেই। মৃন্ময়ের নতুন গ্যালারি সে অভাব পূরণ করবে। দর্শকদের জন্য প্রদর্শনীর নির্ধারিত দিন ছাড়াও সপ্তাহের সব দিনই খোলা থাকছে মৃন্ময়।
জলরঙের প্রদর্শনী: দক্ষিণ খুলশীতে মৃন্ময়ের পুরোনো গ্যালারিতে অনুষ্ঠিত হয় তিন দিনব্যাপী জলরঙের কর্মশালা। কর্মশালা পরিচালনা করেন ঢাকা থেকে আসা শিল্পী সোহাগ পারভেজ। ২০ ডিসেম্বর শুরু হওয়া কর্মশালায় অংশ নেন ৪০ জন শিক্ষার্থী। কর্মশালায় তাঁকে সহযোগিতা করেন মো. আলাউদ্দিন, এনাম উজ জাহিদ, বিপ্লব কুমার দাশ ও রাহুল দেব।
কর্মশালা প্রসঙ্গে সোহাগ পারভেজ বলেন, জলরং মাধ্যমে কম খরচে দ্রুত কাজ করা যায়। তাই এই মাধ্যমটি বিশ্বজুড়ে জনপ্রিয়। চট্টগ্রামের শিক্ষার্থীদের প্রসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, এখানকার চারুকলার শিক্ষার্থীরা খুব মেধাবী। খুব দ্রুত কৌশলগুলো রপ্ত করতে পেরেছেন তাঁরা।