
কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটা উপকূলে এক কিলোমিটারের বেড়িবাঁধ নির্মাণকাজ শুরু হয়েছে। ইতিমধ্যে বাঁধের দুই পাশে বসানোর জন্য তৈরি করা হচ্ছে ব্লক। এতে ব্যয় হবে ২২ কোটি টাকা। তবে এক কিলোমিটারে বাঁধ নির্মাণ হলেও এখনো শঙ্কা কাটছে না এলাকাবাসীর। কারণ, অরক্ষিত থেকে যাচ্ছে পাশের আরও আড়াই কিলোমিটার এলাকা।
ধলঘাটা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান বলেন, বিভিন্ন সময় ঘূর্ণিঝড়ে ভেসে গেছে সাড়ে তিন কিলোমিটার বেড়িবাঁধ। এর মধ্যে এখন এক কিলোমিটারে বাঁধ নির্মাণকাজ শুরু হয়েছে। বাকি আড়াই কিলোমিটারে বাঁধ না হলে তা কোনো কাজে আসবে না।
ধলঘাটার বাসিন্দারা বলেন, ২০০৮ সালে আইলার আঘাতে ধলঘাটা ইউনিয়নের সুতরিয়া থেকে নাসির মোহাম্মদ ডেইল এলাকার হামিদখালী পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার বেড়িবাঁধ নিশ্চিহ্ন হয়ে যায়। এরপর ২০১২ সালে প্রায় সাড়ে ১৬ কোটি ব্যয়ে ছয় কিলোমিটার এলাকাজুড়ে মাটির বাঁধ নির্মাণ করা হয়। এ সময় সরইতলা এলাকায় এক কিলোমিটারে ব্লক বসানো হলেও তা বিভিন্ন দুর্যোগ আর জলোচ্ছ্বাসের কবলে পড়ে আবারও বিলীন হয়ে যায়। এ কারণে প্রতিনিয়ত লোকালয়ে চলছে জোয়ার-ভাটা।
পানি উন্নয়ন বোর্ডের কক্সবাজার কার্যালয় সূত্র জানায়, এক কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণের জন্য চলতি বছরের ফেব্রুয়ারিতে পানি উন্নয়ন বোর্ড প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে একটি দরপত্র আহ্বান করে। নির্মাণকাজের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিডেট। কার্যাদেশ অনুযায়ী, এক কিলোমিটার বেড়িবাঁধের পাশাপাশি ৮৪ হাজার ব্লক নির্মাণ করা হবে। বেড়িবাঁধ নির্মাণকাজ চলতি বছরের এপ্রিলে শুরু করে আগামী বছরের জুনে শেষ করার কথা। কিন্তু বর্ষার কারণে নির্মাণকাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান যথাসময়ে কাজ শুরু করতে পারেনি। ফলে অক্টোবরের শুরুতে ঠিকাদার বেড়িবাঁধ নির্মাণকাজ শুরু করেন।
ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিডেটের পরিচালক মোহাম্মদ রাশিদুল হক বলেন, ‘গত এপ্রিলে নির্মাণকাজের কার্যাদেশ পেয়েছিলাম। কিন্তু সে সময় বর্ষা আর জলোচ্ছ্বাসের কারণে কাজ শুরু করা সম্ভব হয়নি। এখন পুরোদমে বাঁধের কাজ চলছে। আগামী জুনের মধ্যেই কাজ শেষ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হবে।’
গত বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, নাসির মোহাম্মদ ডেইল থেকে মুহুরীঘোনা পর্যন্ত এক কিলোমিটারে বেড়িবাঁধ নির্মাণ করা হচ্ছে। মাটি কাটার যন্ত্র দিয়ে চলছে বাঁধ নির্মাণকাজ। পাশে শতাধিক শ্রমিক পাথর, সিমেন্ট আর বালু দিয়ে ব্লক নির্মাণে ব্যস্ত।
নাসির মোহাম্মদ ডেইল এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন ও মোক্তার আহমদ বলেন, ধলঘাটা ইউনিয়নের পশ্চিম পাশে কোনো বাঁধ নেই। অরক্ষিত বনজামিরা থেকে সুতরিয়া পর্যন্ত আড়াই কিলোমিটার এলাকা। এখানে বাঁধ নির্মাণ না করলে নির্মাণাধীন এক কিলোমিটার বাঁধ কোনো কাজে আসবে না।
জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান বলেন, ‘বাকি আড়াই কিলোমিটারে বাঁধ নির্মাণের জন্য ৬৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ওই বাঁধ নির্মাণের জন্য বাংলাদেশ নৌবাহিনীর পরিচালনাধীন একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া চলছে। আশা করছি আগামী বর্ষার আগেই বাঁধ নির্মাণকাজ শেষ করতে পারব।’