নগরের জামালখান ও সাইফুদ্দিন খালেদ সড়কসংলগ্ন এক বর্গকিলোমিটার এলাকায় গড়ে উঠেছে এক ডজনেরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান। প্রায় কোনোটিরই নেই গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। সকালে ও দুপুরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর দুই পাশের সড়কে অভিভাবকদের গাড়ি সারিবেঁধে দাঁড়িয়ে থাকে। এতে ওই এলাকায় প্রতিদিন তীব্র যানজট সৃষ্টি হয়। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কিন্ডারগার্টেন থেকে শুরু করে একাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ও রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার সময় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মানা হয়নি বলে অভিযোগ আছে। জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং দাখিল মাদ্রাসা স্থাপনের ক্ষেত্রে পৌর এলাকায় প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানের দূরত্ব হতে হবে এক কিলোমিটার। কলেজ ও আলীম মাদ্রাসার ক্ষেত্রে দূরত্ব হতে হবে দুই কিলোমিটার। এ ছাড়া কোনো এলাকার ন্যূনতম জনসংখ্যা কত হলে শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করা যাবে সে ক্ষেত্রেও নির্দেশনা রয়েছে। কিন্তু এসব নিয়ম-নীতির তোয়াক্কা না করেই জামালখান ও সাইফুদ্দিন খালেদ সড়কের পাশে গড়ে উঠেছে ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠান। এগুলো হলো জামালখান এলাকায় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি (আইইউবি) চট্টগ্রাম, সেন্ট যোসেফ টিউটোরিয়াল, শাহ ওয়ালী উল্লাহ ইনস্টিটিউট, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, এ জি চার্চ স্কুল, সেন্ট মেরিস স্কুল, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের ক্যাম্পাস এবং আইডিয়াল স্কুল ও কলেজ। সাইফুদ্দিন খালেদ সড়কে গড়ে ওঠা শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সলিমা সিরাজ মহিলা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা ও ইসলামিক কিন্ডারগার্টেন, অরবিট ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ, উদয়ন ছোটদের স্কুল, চিটাগং ভিক্টোরি ন্যাশনাল স্কুল ও চিটাগং মেট্রোপলিটন কমার্স কলেজ। গত রোববার সকালে সরেজমিনে জামালখান এলাকায় গিয়ে দেখা যায়, আইইউবি চট্টগ্রাম ক্যাম্পাসের সামনে থেকে শুরু করে সাইফুদ্দিন খালেদ সড়কের চট্টগ্রাম মেট্রোপলিটন কমার্স কলেজ পর্যন্ত দীর্ঘ গাড়ির সারি। একইভাবে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, সেন্ট মেরিস স্কুল, আইডিয়াল স্কুল ও কলেজের সামনেও গাড়ির সারি রাস্তায় অপেক্ষায় রয়েছে। খাস্তগীর স্কুলের মোড় থেকেই যানজটের শুরু। এলাকার বাসিন্দারা জানান, প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে বেলা একটা পর্যন্ত যানজটে অচল থাকে রাস্তাঘাট। রাশেদ আলম নামে এক অভিভাবক বলেন, ‘মাঝেমধ্যে এমন পরিস্থিতি তৈরি হয় যে রাস্তা দিয়ে হাঁটাও যায় না। বাচ্চাকে নিয়ে রাস্তা পার হতেও ভয় লাগে।’ ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসমত জাহান বলেন, ‘স্কুলের সামনে পার্কিং করা সব যানবাহন আমাদের স্কুলের শিক্ষার্থীদের নয়, আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের। যানজট নিরসনের জন্য স্কুলবাস চালুর বিষয়টি আমাদের ভাবনায় আছে।’জামালখান এলাকায় কয়েক শ গজের মধ্যে তিনটি কিন্ডারগার্টেন রয়েছে: সেন্ট যোসেফ, এ জি চার্চ ও সেন্ট মেরিস স্কুল। আবার সাইফুদ্দিন খালেদ সড়কে গড়ে উঠেছে অরবিট ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ, চিটাগাং ভিক্টোরি ন্যাশনাল স্কুল ও উদয়ন ছোটদের স্কুল। চট্টগ্রাম বোর্ড সূত্রে জানা যায়, সেন্ট মেরিস স্কুল ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠদানের অনুমতি চেয়ে আবেদন করেছে। কোনো অনুমোদন নেই অরবিট ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের। চিটাগাং ভিক্টোরি ন্যাশনাল স্কুলের নিজস্ব জায়গা না থাকায় তাদের আবেদনটি প্রক্রিয়াধীন রয়েছে। আইডিয়াল স্কুল ও কলেজের মূল ভবন পটিয়ায়। সেখান থেকে তারা প্রথমে সাইফুদ্দিন খালেদ সড়কে ক্যাম্পাস গড়ে তোলে এবং পরে জামালখানে সেই ক্যাম্পাস স্থানান্তর করে। তবে এ প্রতিষ্ঠানের কলেজ শাখার কোনো অনুমোদন নেই বলে জানা গেছে।চট্টগ্রাম বোর্ডের স্কুল পরিদর্শক কাজী নাজিমুল ইসলাম বলেন, ‘মেট্রোপলিটন এলাকায় বিদ্যালয় স্থাপনের ক্ষেত্রে নীতিমালা শিথিল হওয়ায় সুযোগ নিচ্ছে কেউ কেউ। তবে আমরা মনে করি, মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হলে তার সুফল পাবে শিক্ষার্থীরা।’জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, সেন্ট যোসেফ টিউটরিয়াল, এজি চার্চ স্কুল ও উদয়ন ছোটদের স্কুলের শিক্ষার্থীরা প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। এ প্রসঙ্গে কোতোয়ালি থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুনিরা ইয়াসমীন বলেন, ‘প্রাথমিক সমাপনী পরীক্ষায় যাতে সব শিক্ষার্থী অংশ নিতে পারে এ জন্য এই সুযোগ দেওয়া হয়েছে। তবে এ বছর থেকে এ ব্যাপারে একটি নীতিমালা তৈরি হয়েছে। ফলে আগামী সময়ে এসব বিদ্যালয়ের জন্য নিবন্ধন অত্যাবশ্যক হতে পারে।’অনুমোদন ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা প্রসঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মো. আজিজ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শকদের এ ব্যাপারে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আমরা মনে করি, বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, সেবার মানসিকতা নিয়ে বিদ্যালয় গড়ে তোলা উচিত। তাহলেই এর সুফল পাবে শিক্ষার্থী।’চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (যানবাহন) এ কে এম এমরান ভূঁইয়া নিজেই যানজটের কবলে পড়ার কথা স্বীকার করে বলেন, ‘কিছুুদিন আগে বেলা সাড়ে ১১টার দিকে গণি বেকারি থেকে জামালখানে আসার পথে আমাকে যানজটে পড়তে হয়। দেখা যায় একসঙ্গে ছয়টি স্কুল ছুটি হয়েছে।’এ সমস্যার সমাধান প্রসঙ্গে তিনি বলেন, ‘স্কুলবাস চালু করা হলে যানজট সমস্যার অনেকটাই সমাধান হবে।’