এক কিলোমিটারের কষ্ট পুরো সড়কে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের অন্যতম প্রধান প্রবেশপথ আরাকান সড়কের মৌলভি পুকুরপাড় থেকে বাহির সিগন্যাল পর্যন্ত অংশে বিরাট বিরাট গর্ত। বৃষ্টি হলে এসব গর্তে জমে থাকে পানি। এর ওপর দিয়ে চলাচল করছে রিকশা, অটোরিকশা, বাস-ট্রাকসহ সব ধরনের যানবাহন। ফলে গর্তে পড়ে প্রায় সময়ই বিকল হচ্ছে যানবাহন। যখন-তখন সৃষ্টি হচ্ছে যানজট। যাত্রীরা জানান, এই এক কিলোমিটারের দুর্ভোগ ছড়িয়ে পড়ে পুরো সড়কে। কারণ, একবার যানজট সৃষ্টি হলে তা এদিকে কাপ্তাই রাস্তার মাথা এবং অন্যদিকে বহদ্দারহাট পর্যন্ত বিস্তৃত হয়। বিশেষ করে, প্রতিদিন বিকেলে যানজট লেগেই থাকে। ফলে চলাচলকারী যাত্রীদের ভোগান্তির শেষ নেই।গত মঙ্গলবার বিকেলে সরেজমিনে দেখা গেছে, আরাকান সড়কের মৌলভি পুকুরপাড় থেকে সিঅ্যান্ডবি পর্যন্ত অংশের প্রায় পুরোটাতেই কোনো আস্তর নেই। সড়কের বিভিন্ন অংশে কিছু ইটের অস্তিত্ব আছে। বাহির সিগন্যাল এলাকার বাসিন্দা ইফতেখার হাসান প্রথম আলোকে বলেন, ‘দেড় বছর ধরে এই রাস্তার বেহালদশা। এখন বাস-ট্রাক চলছে ঝুঁকি নিয়ে। সিএনজিচালিত অটোরিকশা তো এই এলাকায় আসতেই চায় না। প্রায় সময় গাড়ি গর্তে পড়ে আহত হচ্ছেন অনেকে।’আরাকান সড়ক দিয়ে কাপ্তাই রাস্তার মাথা ও কালুরঘাট সেতু হয়ে শহরে প্রবেশ করে উত্তর ও দক্ষিণ চট্টগ্রামের বেশ কয়েকটি উপজেলার লোকজন। সড়কের বেহালদশার কারণে প্রতিদিন ভোগান্তিতে পড়ে হাজারো মানুষ। নগর থেকে প্রতিদিন বোয়ালখালী স্বাস্থ্যকেন্দ্রে আসা-যাওয়া করেন বিশেষজ্ঞ চিকিৎসক আশফাক আহমেদ। তিনি বলেন, ‘বোয়ালখালী স্বাস্থ্যকেন্দ্র থেকে কাপ্তাই রাস্তার মাথা পর্যন্ত আসতে যে সময় লাগে, সেখান থেকে বহদ্দারহাট পর্যন্ত যেতে সময় লাগে তার দ্বিগুণ। বৃষ্টি হলে তো দুর্ভোগের সীমা থাকে না। সড়ক এখনই যদি মেরামত করা না হয় তাহলে ঈদে বাড়ি ফেরার সময় চরম ভোগান্তি পোহাতে হবে লোকজনকে।’নগরে বসবাসকারী বোয়ালখালী উপজেলার স্থায়ী বাসিন্দা ব্যবসায়ী উৎপল দত্ত প্রথম আলোকে বলেন, ‘এই রাস্তার খারাপ অবস্থা আর বহদ্দারহাটের যানজটের কারণে এখন নিয়মিত বাড়িতে যাই না। একবার যাওয়া-আসা করলে সারা শরীর ব্যথা করে।’সিএনজিচালিত অটোরিকশাচালক মো. জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, ‘এত বড় গর্ত যে অটোরিকশা পড়লে ওঠানো যায় না। কোথাও কোথাও ইট পর্যন্ত নেই। দুদিকের গাড়ি চলে একদিক দিয়ে। তাই যখন-তখন যানজট লেগে যায়। সময় নষ্ট হয়, গাড়িরও ক্ষতি হয়। তাই এই রাস্তায় বাধ্য না হলে আসি না।’সরেজমিনে দেখা যায়, বাহির সিগন্যাল, সিঅ্যান্ডবি ও মৌলভি পুকুরপার এলাকায় সড়কের কিছু অংশে এখন নালা নির্মাণের কাজ চলছে। সড়কে পশ্চিম পাশে চলছে মাটি ভরাটের কাজ। যেসব এলাকায় মাটি ভরাটের কাজ শেষ হয়েছে, সেখানে এখনো কার্পেটিং শুরু হয়নি। ওই সব অংশে ট্রাক দাঁড় করিয়ে রাখা হয়েছে। যানবাহন চলাচল করছে সড়কের এক পাশ দিয়ে। মৌলভি পুকুরপাড় এলাকায় মূল সড়কের পাশের দোকানিরা বলেন, রাস্তার কাজ শুরু হয়েছে কয়েক মাস আগে। কিন্তু এখনো নালা তৈরির কাজ শেষ হয়নি। বৃষ্টি হলেই দোকানে পানি ঢুকে যায়। এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘২০০৪ সালের পর রাস্তাটি আর মেরামত করা হয়নি। তখন থেকে রাস্তাটি সিটি করপোরেশনের অধীনে ছিল। রাস্তার অবস্থা বেশি খারাপ দেখে চউকের পক্ষ থেকে মেরামতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাস্তার এই অংশের মেরামতে কোটি টাকার ওপরে খরচ হতে পারে। তবে চলতি বর্ষা মৌসুমে কার্পেটিং করা হবে না। কারণ এখন কার্পেটিং করলে তা নষ্ট হয়ে যাবে।’