এক কেন্দ্রে সব তথ্যসেবা
জেলা প্রশাসকের কার্যালয় থেকে নানা ধরনের তথ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে যশোর জেলায়। জেলা ই-সেবাকেন্দ্র থেকে জনগণকে এই সেবা দেওয়া হচ্ছে।জনগণ এখন যেকোনো সেবা গ্রহণের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ের একটি নির্দিষ্ট স্থানে যাচ্ছে এবং সেখান থেকেই সেবাটি গ্রহণ করছে। যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলার একটি বড় কক্ষকে ই-সেবাকেন্দ্র হিসেবে প্রস্তুত করা হয়েছে। জেলা সদরের বাইরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকেও জনগণ যেকোনো সেবার জন্য আবেদন দাখিল করতে পারছে। তাদের কষ্ট করে আর জেলা সদর পর্যন্ত আসতে হচ্ছে না। জনগণ কোনো আবেদন জেলা ই-সেবাকেন্দ্রে জমা দিলে সঙ্গে সঙ্গে সেটা কম্পিউটারে এন্ট্রি প্রদান করা হচ্ছে এবং জনগণকে একটি প্রাপ্তি স্বীকারপত্র রসিদ প্রদান করা হচ্ছে, যাতে তাদের জন্য একটি গ্রহণ পরিচিতি (আইডি) নম্বর থাকছে। সাধারণ জনগণ ০৪২১-৬৫০৪৪ বা ০১৭৫৩১৭১৭৯৭ নম্বরে ফোন করে তাদের আইডি নম্বর উল্লেখ করলে দাখিল করা বিষয়ের অগ্রগতি জানিয়ে দেওয়া হচ্ছে। আইডি নম্বরটি ১৬৩৪৫ নম্বরে এসএমএস করলেও ফিরতি এসএমএসের মাধ্যমে (পুশ-পুল) আবেদনের বিষয়ের বর্তমান অবস্থা জানিয়ে দেওয়া হচ্ছে। তবে কারিগরি কারণে বর্তমানে শুধু টেলিটক মোবাইল ফোনের গ্রাহকেরা এ সুবিধা পাচ্ছেন। শিগগির সব মুঠোফোনের মাধ্যমেই জনগণ তাদের আবেদনের বর্তমান পরিস্থিতি জানতে পারবে। মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাস্তবায়নাধীন জাতিসংঘ উন্নয়ন সংস্থার (ইউএনডিপি) অর্থায়নে অ্যাকসেস টু ইনফরমেশন প্রোগ্রাম (এটুআই) থেকে পাইলট প্রোগ্রাম হিসেবে যশোরের জেলায় এ কর্মসূচি চালু হয়েছে বলে জানিয়েছেন এটুআইয়ের পলিসি উপদেষ্টা আনির চৌধুরী। আগামী বছরের জুন মাসের মধ্যে সব জেলায় ই-সেবাকেন্দ্র চালু করার ব্যাপারে কাজ চলছে বলে জানা গেছে। কর্মসূচির বাস্তবায়ন এবং এ কাজের ব্যাপারে শুরু থেকে অগ্রগামী ভূমিকা পালনকারী এটুআইয়ের মাঠ প্রশাসন বিশেষজ্ঞ মো. মোস্তাফিজুর রহমান বলেন, সাধারণ মানুষ যাতে প্রয়োজনীয় সেবাগুলো সহজে পেতে পারে সে জন্যই এ ধরনের সুবিধা চালু করা হচ্ছে। চলতি বছরের শেষ নাগাদ দশটি জেলায় এ সুবিধা চালু করা হবে বলে জানান তিনি। তিনি আরও বলেন, এ কাজ ঘরে বসে বা কম্পিউটারের দোকান থেকেও যেকোনো ধরনের আবেদন দাখিল করার সুযোগ রয়েছে। এর জন্য প্রথমে যশোর জেলার তথ্য বাতায়ন নামের ওয়েবসাইটে (www.dcjessore.gov.bd) প্রবেশ করতে হবে। জেলা তথ্য বাতায়নের ডান দিকের ওপরের কোনায় জেলা ই-সেবাকেন্দ্রের সেকশনে আবেদন দাখিল, রেকর্ডরুম থেকে নকলপ্রাপ্তির আবেদন দাখিল ও সর্বশেষ অবস্থা জানার জন্য পৃথক লিংক দেওয়া আছে। আবেদন দাখিলে ক্লিক করলে একটি ফরম পাওয়া যায়, যার মাধ্যমে যেকোনো আবেদন দাখিল করা সম্ভব। এভাবে অনলাইনে আবেদন দাখিল করার সঙ্গে সঙ্গেই আবেদনকারী তার কম্পিউটারের স্ক্রিনে আবেদনটি গ্রহণের তথ্য পাবে ও একটি আইডি নম্বর পাবে এবং সঙ্গে সঙ্গেই আবেদনকারী তার মুঠোফোনে একটি মেসেজ পাবে, যেখানে তার আইডি নম্বরটি উল্লেখ থাকে। তথ্য বাতায়নের জেলা ই-সেবাকেন্দ্রের সেকশনে ‘সর্বশেষ অবস্থা জানুন’-এ ক্লিক করে প্রাপ্ত ফরমের নির্দিষ্ট ঘরে জনগণ আইডি নম্বর দিয়ে তাদের আবেদনের সর্বশেষ পরিস্থিতি জানতে পারছে।জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ডরুম থেকে যেকোনো খতিয়ান বা অন্য কোনো নকল পেতে হলে জনগণকে বিভিন্ন ধরনের ভোগান্তির শিকার হতে হতো। কিন্তু বর্তমান পদ্ধতি চালু হওয়ার পরে জনগণ সহজে কম সময়ে এবং কোনো ধরনের ভোগান্তি ছাড়া নকল পাচ্ছে। যেকোনো নকলের আবেদন পাওয়ার সঙ্গে সঙ্গে সেটা কম্পিউটারে এন্ট্রি দেওয়া হচ্ছে এবং আবেদনকারীকে একটি প্রাপ্তি স্বীকারপত্র প্রদান করা হচ্ছে, যাতে তার নকল প্রদানের তারিখ উল্লেখ করা থাকছে। নির্দিষ্ট তারিখে নকল প্রদান করা সম্ভব না হলে বা নির্দিষ্ট তারিখের আগেই তার নকলটি তৈরি হয়ে গেলে তাকে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে। জেলা তথ্য বাতায়নের মাধ্যমেও নকলের জন্য আবেদন করার সুযোগ রয়েছে। সে ক্ষেত্রে আগের মতো যশোর জেলার তথ্য বাতায়নের মাধ্যমে আবেদন দাখিল করার সঙ্গে সঙ্গে আবেদনকারী একটি আইডি নম্বর পাবে এবং তার মুঠোফোনে একটি এসএমএস পাবে। অনলাইনে আবেদন দাখিল করার ৩০ দিনের মধ্যে তাকে তার আইডি নম্বরটি উল্লেখ করে প্রয়োজনীয় কোর্ট ফি ডাকযোগে বা সরাসরি কাউন্টারে পৌঁছে দিতে হবে। কোর্ট ফি জমা হওয়ার পর আবেদনকারীকে পুনরায় এসএমএসের মাধ্যমে তার নকল ডেলিভারির তারিখ জানিয়ে দেওয়া হবে। জনগণ এখন ডাকযোগেও ঘরে বসে নকল পাচ্ছে, যা আগে কোনোভাবেই সম্ভব ছিল না। আবেদনের সঙ্গে নিজের ঠিকানা লিখিত ডাকটিকিটসংবলিত একটি খাম প্রেরণ করা হলে তার নকলটি ওই খামে ডাকযোগে প্রেরণ করা হচ্ছে বলে জানালেন মোস্তাফিজুর রহমান।তিনি আরও জানান, পুরো অফিসের কর্মপ্রবাহ পরিবর্তিত হয়ে আইসিটি ব্যবহারের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এমনকি প্রচলিত লাল ফিতার ফাইলের পরিবর্তে এখন কর্মকর্তা-কর্মচারীরা কম্পিউটারের মাধ্যমে ফাইলের নোট প্রদান করছেন। জেলা প্রশাসক তাঁর ল্যাপটপের সামনে বসেই সব কর্মকর্তার কর্মতৎপরতা দেখতে পারছেন অর্থাৎ কার কাছে কতটি পেন্ডিং রয়েছে, তিনি দেখতে পারেন। ফলে কর্মকর্তাদের মধ্যে কোনো কাজ ফেলে না রাখার বিষয়টি কাজ করছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পাশাপাশি জনগণের কাছেও এক ধরনের জবাবদিহিতা সৃষ্টি হয়েছে।