এক কেন্দ্রের জন্য এত আয়োজন!
২৩ এপ্রিল ৫ নম্বর ওয়ার্ডের এনায়েত উল্লাহ মহিলা কলেজ কেন্দ্রে পুনর্ভোট গ্রহণের মধ্য দিয়ে শেষ হলো সোনাগাজী পৌরসভার নির্বাচন। এতে সব কেন্দ্রের ফলাফলে মাত্র ১৪ ভোটে বিএনপি সমর্থিত জামাল উদ্দিন ওরফে সেন্টু মেয়র নির্বাচিত হলেন। এনায়েত উল্লাহ মহিলা কলেজ কেন্দ্রে জামাল উদ্দিন পেয়েছেন ৩৩২ ভোট আর আওয়ামী লীগ সমর্থিত রফিকুল ইসলাম ওরফে খোকন পেয়েছেন ৭৮৭ ভোট। পৌরসভার নয় কেন্দ্রে জামাল উদ্দিন দুই হাজার ৪০৪ ও রফিকুল ইসলাম দুই হাজার ৩৯০ ভোট পেয়েছেন।নির্বাচন উপলক্ষে প্রশাসনের ব্যাপক প্রস্তুতি সবার নজর কাড়ে। এতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ফেনীর উপঅধিনায়কসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, গত ১৮ জানুয়ারি সোনাগাজী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। নয়টি কেন্দ্রের মধ্যে আটটির ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। কিন্তু ৫ নম্বর ওয়ার্ডের এনায়েত উল্লাহ মহিলা কলেজ কেন্দ্রে ভোট গোনার সময় মেয়র প্রার্থী পদে কিছু ব্যালট পেপার কম পাওয়া যায়। এ নিয়ে আপত্তি ওঠায় ওই কেন্দ্রের ফলাফল স্থগিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। বিচার বিভাগীয়সহ পৃথক দুটি তদন্ত কমিটি ঘটনার তদন্ত করে। পরে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে গত শনিবার ওই কেন্দ্রে পুনর্নির্বাচন হয়। এতে ঢাকার রমনা থানার নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমানকে প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। নির্বাচনের দুই-তিন দিন আগে থেকে কিছুটা উত্তেজনা-উৎকণ্ঠাও দেখা দেয়। তবে শেষপর্যন্ত শান্তিপূর্ণ নির্বাচন হয়। কেন্দ্রে ভোটার ছিল এক হাজার ৮২৪ জন। শুধু একটি কেন্দ্রের নির্বাচন অবাধ সুষুম ও শান্তিপূর্ণ করার জন্য জেলা প্রশাসক মো. আবদুল কুদ্দুস খান, পুলিশ সুপার মো. ইমাম হোসেন, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ফেনীর উপঅধিনায়ক মেজর জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলতাফ হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার আবু আহম্মদ আল মামুন, সহকারী পুলিশ সুপার মো. এয়াকুব আলী মিয়া, সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিচারিক হাকিম, তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট, চার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ছয় উপপরিদর্শক (এসআই), র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) এক প্লাটুন সদস্য, বিজিবির এক প্লাটুন সদস্য, ৩৭ পুলিশ কনস্টেবল ও ১৩ আনসার দায়িত্ব পালন করেন। সংরক্ষিত মহিলা ওয়ার্ডে উম্মে ফাতেমা, বিবিয়া খাতুন ও শাহানারা বেগম কাউন্সিলর নির্বাচিত হন। এ ছাড়া সৈয়দ গিয়াস উদ্দিন, আবদুল মন্নান, ইমাম উদ্দিন ভূঁঞা, জিয়াউর রহমান, মো. নূর নবী ওরফে লিটন, আইয়ুব আলী খান, শেখ আবদুল হালিম, শেখ কলিম উল্লাহ ও শহিদুল ইসলাম ওরফে জাহাঙ্গীর কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।