এক কোটি ৩০ লাখ টাকায় সংস্কার, এক মাসেই খানাখন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ির নাজিরহাট-দরবার শরিফ সড়কের সংস্কারকাজ শেষ হয়েছে আগস্ট মাসের শেষ দিকে। কিন্তু মাস না পেরোতেই সড়কজুড়ে সৃষ্টি হয়েছে খানাখন্দ। কিছু স্থানে ইট-সুরকি পর্যন্ত উঠে গেছে। অভিযোগ রয়েছে, সংস্কারকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। সরেজমিনে দেখা গেছে, সড়কের নাজিরহাট ঝংকার প্রেক্ষাগৃহসংলগ্ন এলাকায় খানাখন্দে ভরা। সামান্য বৃষ্টিতেই পানি জমে যাচ্ছে। এ ছাড়া গোল মোহাম্মদ তালুকদারবাড়ি ও মসজিদসংলগ্ন এলাকায় খানাখন্দের কারণে হালকা যানবাহন চলতেও ভোগান্তি হচ্ছে। আর পাশে মাটি ভরাট না করায় ক্রমাগতভাবে সড়ক ভেঙে যাচ্ছে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, চলতি বছর প্যাকেজ-২-এর আওতায় এক কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে নাজিরহাট-দরবার শরিফ সড়কের পাঁচ কিলোমিটার এলাকা সংস্কারকাজের জন্য দরপত্র আহ্বান করা হয়। ওই প্যাকেজের আওতায় কাজ পায় উপজেলার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এম আর কনস্ট্রাকশন। তিন মাসের চুক্তিতে গত ৩০ এপ্রিল কার্যাদেশ পেয়ে ওই ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করে। সংস্কারকাজ শেষ হয় ৩০ আগস্ট। স্থানীয় লোকজনের অভিযোগ, সড়কটিতে পুরোনো সড়কের পরিত্যক্ত খোয়া ব্যবহার করা হয়েছে। তা ছাড়া নতুন যে খোয়া ব্যবহার করা হয়েছে, তা-ও নিম্নমানের। ফলে কাজ শেষের এক মাসের মাথায় এগুলো উঠে যাচ্ছে।রোসাংগিরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শফিউল আলম বলেন, ‘ঠিকাদারের লোকজন নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে ওই সড়কে সংস্কারকাজ সম্পন্ন করে। কাজের সময় এলাকাবাসী বাধাও দেন। তাঁদের বাধা উপেক্ষা করে ঠিকাদার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে নামেমাত্র সড়ক সংস্কারকাজ করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। ফলে মেরামতের এক মাস না যেতেই তা সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।’সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার বিষয়টি অস্বীকার করে ঠিকাদার মো. আফতাব উদ্দিন বলেন, ‘অতিরিক্ত ভারী যানবাহন চলাচল ও বৃষ্টির ফলে কয়েকটি স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এ ছাড়া বিভিন্ন উপকরণের দাম বাড়ায় বরং আমি আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছি।’ এ প্রসঙ্গে সওজ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী শফি উল্লাহ খান বলেন, শুরু থেকে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ ছিল। অভিযোগের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘সড়কে আবারও খানাখন্দের কথা স্থানীয় লোকজন আমাকে বলেছেন। সরেজমিনে দেখে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি।’