এক গাছে এত মৌচাক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক গাছে কয়টি মৌচাক থাকতে পারে? একটি, দুটি, পাঁচটি, ১০টি? মাচালং বনে যাঁরা যাননি তাদের অনুমান এর চেয়ে বেশি দূর এগোবার কথা নয়। তবে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মাচালঙে অবস্থিত সংরক্ষিত বনাঞ্চলের মধু সংগ্রহকারী মৌয়ালদের কাছ থেকে জানা গেল বিস্ময়কর তথ্য। এই বনের একটি গাছেই ৩০টির বেশি মৌচাক রয়েছে বলে তাঁরা জানান।মাচালং সংরক্ষিত বনের নৌঘাট এলাকায় বড় বড় গর্জন, চাঁপালিশ ও চাম্পা গাছে কয়েক হাজার মৌচাকের সন্ধান পেয়েছেন তাঁরা। এখানে বেশ কয়েকটি গাছে ২০টির বেশি মৌচাক দেখেছেন বলে তাঁরা জানান। বিষয়টি সরেজমিনে দেখার জন্য মৌয়ালদের সঙ্গে মাচালং বনে গিয়ে এর সত্যতা মেলে।বাঘাইছড়ি সদর থেকে জিপে এক ঘণ্টার পথ মাচালং বাজার। মাচালং বাজার ফেলে একটি ছোট্ট সেতু পার হয়ে মূল সড়কের বাঁ পাশে পাহাড়ি রাস্তা দিয়ে ১২ ঘণ্টার মতো হাঁটলে নৌঘাট এলাকা। এলাকাটি মাচালং সংরক্ষিত বনভূমির অংশ। এই এলাকা থেকে মৌয়ালেরা দল বেঁধে মধু সংগ্রহ করতে বনে প্রবেশ করেন। নৌঘাট থেকে পাহাড়ি ঝরনা ধরে আধঘণ্টা হাঁটার পর দেখা গেল গাছে গাছে মৌমাছির চাক। এখানকার একটি গর্জনগাছ প্রায় ১৫০ ফুট উঁচু। দূর থেকে দেখে মনে হচ্ছিল গাছটির ডালে অসংখ্য বাদুড় ঝুলছে। কিন্তু কাছে যেতেই দেখা গেল সেগুলো মৌচাক। গুনে দেখা গেল গাছটিতে ৩৪টি মৌচাক আছে। মৌয়াল কালাধন চাকমা বলেন, ‘এই বনের বহু গাছে একাধিক মৌচাক দেখেছি। সামনের আরও একটি গাছে ২৩টি মৌচাক আছে। পুরো এলাকাটি যেন মৌমাছি আর মধুর রাজ্য।