
কক্সবাজারের রামুর কচ্ছপিয়ার মকবিল গ্রাম। এই গ্রামের বাসিন্দা মাজেদা খাতুনের (৫৬ ) বাড়ির পাশে বিশাল লিচুগাছ। গাছের চারপাশ জাল দিয়ে ঘেরা। তাতে থোকায় থোকায় ধরে আছে রসাল লিচু। গাছের নিচেই বসা মাজেদা খাতুন। বললেন, ‘পাহারা দিচ্ছি। পাখির হাত থেকে লিচু বাঁচানো কষ্টকর। রাতেও পাহারা দিতে হয়।’
মাজেদা এই কষ্টের ফল পান হাতে হাতে। গত বছর বাড়ির সামনের এই গাছটি থেকে লিচু বিক্রি করেছেন এক লাখ পাঁচ হাজার টাকার। এবার বিক্রি আরও বেশি হওয়ার আশা করছেন তিনি। বললেন, ‘ফলন গত বারের চেয়ে বেশি হয়েছে। এবার দেড় লাখ টাকার মতো হতে পারে। ইতিমধ্যে ৬০ হাজার টাকার বিক্রি করেছি।’ পাইকারি ব্যবসায়ীদের কাছে প্রতি হাজার লিচু বিক্রি হচ্ছে দেড় থেকে তিন হাজার টাকায়।
রামুর পাহাড়ি অঞ্চলে এবার লিচুর বাম্পার ফলন হয়েছে। ২৬ মে সকাল থেকে বিকেল পর্যন্ত রামুর বিভিন্ন এলাকা ঘুরে এই চিত্র পাওয়া যায়। চাষিরা জানান, বাণিজ্যিকভাবে লিচু বাগান সম্প্রসারণ করা গেলে রামু ও নাইক্ষ্যংছড়ি উপজেলার প্রায় আট হাজার একরের তামাকচাষ বিলুপ্ত হতো।
মাজেদা খাতুন (৫৬) জানান, ৩৫ বছর ধরে এই গাছে লিচু ধরছে। লিচুর আকার বড়, খেতে মিষ্টি। স্বামী ফারুখ আহমদের মৃত্যুর পর এই লিচু গাছটিই জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন। লিচু ফলন ভালো না হলে কষ্টে দিন কাটাতে হয়।
মাজেদার পাশের গ্রাম রাঙ্গাঝিরির মো. ফয়জুল্লাহর বাড়ির কয়েকটি গাছেও লিচুর ফলন ভালো হয়েছে। কক্সবাজারের কয়েকজন ব্যবসায়ী তিনটি গাছের লিচু কিনে নিয়েছেন।
মো. ফয়জুল্লাহ (৩৫) জানান, লিচুর বাম্পার ফলনে চাষিরা খুশি। দাম ভালো তাঁরা লাভবান হচ্ছেন। সরকারি সহযোগিতার পাশাপাশি স্থানীয় কৃষি অধিদপ্তরের সঠিক পরামর্শ ও দিকনির্দেশনা পেলে এই অঞ্চলে বাণিজ্যিকভাবে লিচু চাষে লোকজন উৎসাহ পেতেন। এখন কোনো ধরনের পরিচর্যা ছাড়াই বাড়ির আঙিনায় লিচুর ফলন হচ্ছে। পরিচর্যা পেলে উৎপাদন কয়েকগুণ বেড়ে যেত।
চাষিরা জানান, বর্তমানে গর্জনিয়া ইউনিয়নের বড়বিল, মাঝিরকাটা, ক্যাজরবিল, পূর্বজুমছড়ি, কচ্ছপিয়া ইউনিয়নের ঘিলাতলী, মকবিল, রাঙ্গাঝিরি, দোছড়ি, বালুবাসা, ফাক্রিকাটাসহ বিভিন্ন পাহাড়ি এলাকার বসতভিটা এবং খামার বাড়িতে লিচুর চাষ হয়। লিচুর রঙ গোলাপি বলে এর নামকরণ হয়েছে ‘গোলাপি লিচু’। কক্সবাজার শহরের বিভিন্ন দোকানে ‘গোলাপি লিচু’ বিক্রি হচ্ছে প্রতি শ ২৬০ থেকে ৩২০ টাকায়।
রামু উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা উত্তম কুমার চৌধুরী ও মো. জহিরুল ইসলাম জানান, গর্জনিয়া-কচ্ছপিয়াসহ বিভিন্ন ইউনিয়নের জমিগুলো খুবই ঊর্বর। এই মাটি ও আবহাওয়া লিচু চাষের জন্য বেশ উপযুক্ত। প্রতি বছর এখানে লিচুর বাম্পার ফলন হয়। তবে এ অঞ্চলে এখনো বাণিজ্যিকভাবে লিচুর চাষ শুরু হয়নি। বাণিজ্যিকভাবে কেউ লিচু চাষ করতে চাইলে কৃষি বিভাগ পাশে থাকবে।