আমাদের সৌরজগতে সূর্যকে ঘিরে আবর্তিত হচ্ছে পৃথিবীসহ আটটি গ্রহ। কিন্তু সম্প্রতি জ্যোতির্বিজ্ঞানীরা ভিন্ন এক সৌরজগতে এমন এক গ্রহের সন্ধান পেলেন, যার আকাশ চারটি সূর্যের আলোয় আলোকিত।বিজ্ঞানীদের তথ্যমতে, ভিন্ন সৌরজগতে একটি গ্রহের দুুই নক্ষত্রকে ঘিরে আবর্তন করার ঘটনা নতুন নয়। কিন্তু এমন চার সূর্যের মধ্যে কোনো গ্রহের অবস্থান দেখতে পাওয়া এই প্রথম। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নেভাদায় গ্রহবিজ্ঞান-সম্পর্কিত এক বৈঠক এ বিষয়ে তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়েছে। প্ল্যানেট হান্টারস সাইটের নামানুসারে ওই গ্রহের নাম রাখা হয়েছে ‘পিএইচ ১’। পৃথিবী থেকে পাঁচ হাজার আলোকবর্ষ দূরে গ্রহটির অবস্থান।যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের জ্যোতির্বিজ্ঞানীদের সমন্বয়ে গঠিত একটি স্বেচ্ছাসেবক দল ‘প্ল্যানেটহান্টারস ডট অর্গ’ ওয়েবসাইট ব্যবহার করে গ্রহটি আবিষ্কার করে। বিষয়টি নিয়ে তারা কেক অবজারভেটরির সঙ্গে পরবর্তী পর্যালোচনা করছে। এ ব্যাপারে একটি বৈজ্ঞানিক নিবন্ধ অরভিক্সে প্রি-প্রিন্ট সার্ভারে প্রকাশের জন্য জমা দেওয়া হয়েছে। এটি কোনো বৈজ্ঞানিক তথ্য-উপাত্তের প্রাথমিক তথ্যের সংরক্ষণাগার।প্ল্যানেট হান্টারসের ওয়েবসাইটে বলা হয়, ধারণা করা হচ্ছে, গ্যাসে পরিপূর্ণ ওই গ্রহের আকার নেপচুনের চেয়ে সামান্য বড় এবং পৃথিবীর চেয়ে ছয় গুণের বেশি বড় নয়। সেখানে এক জোড়া নক্ষত্রকে ঘিরে দূরবর্তী গ্রহটি আবর্তন করছে। পরে আবার এক জোড়া নক্ষত্র ওই মূল নক্ষত্র জোড়াকে ঘিরে আবর্তন করছে। তবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্রিস লিন্টট বলেন, ওই ব্যবস্থার সার্বিক বিষয় সম্পর্কে না জেনে কোনো সিদ্ধান্তে আসা ঠিক হবে না। যদিও বাইরে থেকে মনে হচ্ছে, কক্ষপথে গ্রহটির আবর্তন স্থিতিশীল, কিন্তু আসলে সেখানে সূর্যগুলোর পারস্পরিক টান এক জটিল পরিস্থিতির তৈরি করেছে। এই বিভ্রান্তিকর বিষয়টি ওই গ্রহের সন্ধান পাওয়ার মধ্যে মজা তৈরি করেছে। বিবিসি, ইনডিপেনডেন্ট।