এক গ্রামে ১৬টি ইটভাটা
চন্দনাইশে এক গ্রামেই গড়ে উঠেছে ১৬টি ইটভাটা। এর মধ্যে ছয়টি পাহাড়ি টিলা কেটে, বাকিগুলো গড়ে উঠেছে কৃষিজমির ওপর। এ ছাড়া উপজেলার বিভিন্ন স্থানে রয়েছে আরও ১৪টি ইটভাটা; যেগুলোর অধিকাংশের অনুমতিপত্র (লাইসেন্স) নেই। সরেজমিনে দেখা গেছে, পূর্ব এলাহাবাদ গ্রামে পাহাড়ের আধা কিলোমিটারের মধ্যে টিলা কেটে তার পাদদেশে গড়ে তোলা হয়েছে ছয়টি ইটভাটা। বাকি ১০টি কৃষিজমির ওপর। ইটভাটাগুলোর কালো ধোঁয়া প্রতিনিয়ত পরিবেশ দূষিত করছে। আশপাশে ফাঁকা পড়ে আছে কৃষিজমি। স্থানীয় লোকজন জানান, পূর্ব এলাহাবাদ গ্রামে ইট পোড়ানোর জন্য ব্যবহার করা হচ্ছে খেজুরগাছ ও বনের কাঠ। একসময় শীত মৌসুমে এই এলাকায় প্রচুর খেজুরের রস পাওয়া যেত। কিন্তু এখন আর সেদিন নেই। কৃষক লেদু মিয়া জানান, এখানে জমি ফসল, গাছ ও ফলমূলে ভরপুর ছিল। কয়েক বছর আগেও এখানে একটি ইটভাটা ছিল। পরবর্তীকালে ব্যাঙের ছাতার মতো একের পর এক ইটভাটা গড়ে উঠেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চন্দনাইশে ৩০টি ইটভাটার মধ্যে ছয়টির অনুমতিপত্র (লাইসেন্স) রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এমদাদুল হক চৌধুরী বলেন, সমপ্রতি ১৩টি ইটভাটায় অভিযান চালানো হয়েছে। এর মধ্যে সাতটির অনুমতিপত্র (লাইসেন্স) না থাকায় ২০ হাজার টাকা করে এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ ইটভাটা মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা কৃষি সমপ্রসারণ কর্মকর্তা মাসুদ আহাম্মদ বলেন, ‘যেভাবে কৃষি জমিতে ইটভাটা গড়ে উঠছে তা অব্যাহত থাকলে এখানে ফসল উৎ পাদন কমে যাবে। ইটভাটার আশপাশের জমিতে ভালো ফলন হবে না। তা ছাড়া ধোঁয়ায় গাছ মরে যাবে।’ চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা বখতিয়ার নুর মোহাম্মদ বলেন, ‘যেসব ইটভাটায় ইট পোড়ানোর অনুমতিপত্র ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই সেসব মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসক ও বনের উর্ধ্বতন কর্মকর্তার কাছে চিঠি পাঠানো হয়েছে।’