এক গ্রামের তিনফসলি জমিতে সাতটি ইটভাটা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফটিকছড়ির সুয়াবিল গ্রামের ফসলি জমিতে গড়ে ওঠা সাতটি ইটভাটা দূষিত করছে এলাকার পরিবেশ l প্রথম আলো
ফটিকছড়ির সুয়াবিল গ্রামের ফসলি জমিতে গড়ে ওঠা সাতটি ইটভাটা দূষিত করছে এলাকার পরিবেশ l প্রথম আলো

ফটিকছড়ির সুয়াবিল গ্রামের তিনফসলি জমিতে গড়ে তোলা হয়েছে সাতটি ইটভাটা। এসব ইটভাটা থেকে নির্গত ধোঁয়ার কারণে এলাকার শিশু ও বৃদ্ধরা ভুগছে শ্বাসকষ্টে। এ ছাড়া ধোঁয়ার কারণে মৌমাছি কমে যাওয়ায় ফুলের পরাগায়নে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। ফলে ফসলের উৎপাদনও কমে যাচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, পরিবেশ আইন লঙ্ঘন করে ইটভাটাগুলো নির্মাণ করা হয়েছে। ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন অনুযায়ী, আবাসিক এলাকা ও ফলের বাগান থেকে তিন কিলোমিটার দূরত্বের মধ্যে কোনো ইটভাটা স্থাপন করা যাবে না। অথচ সুয়াবিল গ্রামে বসতবাড়ির পাঁচ শ গজের মধ্যে এবং তিনফসলি জমির ওপর ওই সাতটি ইটভাটা নির্মাণ করা হয়েছে।
এক গ্রামে এত ইটভাটার কারণে গ্রামবাসীর স্বাস্থ্যঝঁুকি বাড়ছে বলেও মন্তব্য করেন চিকিৎসকেরা। ইটভাটার ধোঁয়ায় কী কী ক্ষতিকর উপাদান আছে জানতে চাইলে নাজিরহাট ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের অধ্যাপিকা মুশফিকা চৌধুরী বলেন, ইটভাটার কালো ধোঁয়ার সঙ্গে নির্গত হয় কার্বন মনোক্সাইড ও কার্বন–ডাই-অক্সাইড গ্যাস, যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর।
ফটিকছড়ি স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক মুহাম্মদ এরশাদ বলেন, ভারী গ্যাস কার্বন–ডাই-অক্সাইড ও কার্বন মনোক্সাইডের কারণে বাতাসে অক্সিজেনের পরিমাণ কমে যায়। যা মানুষের শ্বাস-প্রশ্বাসে প্রতিবন্ধকতার সৃষ্টি করে এবং হৃদ্‌েরাগ ও শ্বাসকষ্টের ঝুঁকি বাড়ায়।
এলাকাবাসী জানান, প্রায় ২০ বছর আগে এই গ্রামে প্রথমে একটি ইটভাটা গড়ে ওঠে। এরপর পর্যায়ক্রমে আরও ছয়টি ইটভাটা নির্মাণ করা হয়। এসব ভাটা গড়ে ওঠায় একদিকে যেমন ফসলি জমির পরিমাণ কমেছে, অন্যদিকে ধোঁয়ায় ফসলেরও ব্যাপক ক্ষতি হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার নাজিরহাট-কাজীরহাট সড়কের পাশে সুয়াবিল গ্রামে ‘এসবিএম’, ‘এবিসি’, ‘কেবিএম’, ‘এইচবিআই’, ‘ওয়াইবিএম’, ‘একতা’ এবং ‘এনবিএম’ নামের সাতটি ইটভাটা রয়েছে। তিনফসলি জমির ওপর এসব ইভাটা নির্মাণ করা হয়েছে বলে এলাকার লোকজন জানান। পাশের জমি থেকেই এসব ইটভাটায় মাটির জোগান আসে। এ কারণে ভাটাগুলোর চারপাশে ফসলি জমিতে অসংখ্য ছোট-বড় ডোবার সৃষ্টি হয়েছে।
ইটভাটার ধোঁয়ার কারণে এলাকার শিশু ও বৃদ্ধদের শ্বাসকষ্ট দেখা দিয়েছে বলে জানান মন্দাকিনী গ্রামের টিপু চৌধুরী। মাটির উর্বরতা শক্তি কমে গেছে বলেও অভিযোগ কৃষকদের। কৃষক আবদুল গনি বলেন, ‘আগে আমার এক কানি জমিতে প্রায় ১০০ আড়ি ধান হতো। ভাটাগুলো নির্মাণের পর ৪০ থেকে ৫০ আড়ির বেশি ধান পাই না।’
উপজেলা কৃষি কর্মকর্তা লিটন দেব নাথ বলেন, ‘ইটভাটার কালো ধোঁয়ায় মৌমাছি আসতে পারে না। এ জন্য পরাগায়নে সমস্যা দেখা দেয়। এ কারণে ফুল এলেও ফল হয় না। এ ছাড়া কালো ধোঁয়া ও তাপ পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলায় দিন দিন ধান, শাকসবজি এবং ফলমূলের উৎপাদন কমে যাচ্ছে।’
জানতে চাইলে এবিসি ইটভাটার মালিক আমিনুল হক বলেন, ‘পরিবেশ অধিদপ্তরের কাছ থেকে অনুমতি পাওয়ার পরই ভাটাগুলো নির্মাণ করা হয়েছে।’ স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ শফির অভিযোগ, তিনফসলি জমিতে ইটভাটা নির্মাণে নিষেধাজ্ঞা থাকলেও একের পর এক ইটভাটা গড়ে উঠেছে। কিন্তু প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা ইটভাটাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, পরিবেশ অধিদপ্তরের বিষয়টি দেখার কথা। অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা থাকবে।
চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক শহীদুল আলম প্রথম আলোকে বলেন, যে জমিতে ইটভাটা নির্মাণ করা হবে, সেই জমি দোফসলি না তিনফসলি, সে ব্যাপারে প্রতিবেদন দেন স্থানীয় কৃষি কর্মকর্তারা। তাঁদের প্রতিবেদনের ওপর ভিত্তি করে ইটভাটা নির্মাণের জন্য অনুমতি দেওয়া হয়। তিনি আরও বলেন, অবৈধভাবে গড়ে ওঠা ভাটাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছেন।